২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রানা প্লাজার ঘটনা আইনের শাসনের ধস’

রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে মানবাধিকার ও আইনের শাসনের ধস বলে মনে করেন ফ্রান্সের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রঁসোয়া জিমেরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 03:16 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মঙ্গলবার বিকালে রাজধানীর আলিয়ঁস ফ্রসেঁজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটি শুধু একটি ভবনের ধস নয় বরং মানবাধিকার, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায় ও আইনের শাসনেরও ধস।”

গত ২৪ এপ্রিল সাভারে নয় তলা রানা প্লাজা ধসে এক হাজার ১৩০ জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই ওই ভবনের পাঁচটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে তৈরি পোশাকের ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন ফ্রান্সের দূত।

তিনি বলেন, “পশ্চিমা দেশগুলোর সাধারণ ক্রেতারা এ বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন না। তাদের বোঝাতে হবে, যেন তারা মানবিকভাবে এ শিল্পের শ্রমিকদের অবস্থা চিন্তা করেন।”

এদেশের তৈরি পোশাক শ্রমিকদের অবস্থার উন্নয়নে ফরাসি সরকার ভূমিকা রাখবে কি না জানতে চাইলে জিমেরি বলেন, “এ দেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করা ফ্রান্সের পক্ষে সম্ভব নয়। তবে আমাদের পক্ষ থেকে আমাদের দেশের ক্রেতাদের সচেতন করতে ভূমিকা রাখা হবে, যাতে শ্রমিকদের অধিকারের বিষয়গুলো নিয়ে তারা নতুন করে চিন্তা করে।”

শ্রমিকদের অবস্থার উন্নয়নে বাংলাদেশ চাইলে ফ্রান্স সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে জানান ফরাসি দূত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ফিরে তিনি তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে ফ্রান্সের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করবেন।

“যে সব ব্র্যান্ড এদেশ থেকে থেকে পোশাক আমদানি করে, তাদের সঙ্গে আলোচনা করা হবে। একইসঙ্গে ভবন ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া নিয়েও কথা হবে।”

যুদ্ধাপরাধের বিচার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে ফ্রান্সের দৃষ্টিভঙ্গি জানতে চাইলে জিমেরে বলেন, ফ্রান্স সব সময় মানবতাবিরোধী অপরাধের বিপক্ষে। এ ধরনের অপরাধ ঘৃণ্য।

“এ ধরনের অপরাধের জন্য বিশেষ বিচার ব্যাবস্থা করা উচিত এবং নিয়ম-কানুনের মধ্য দিয়েই বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে ন্যায়বিচার মানেই প্রতিশোধ নয়।”

এ দেশের বড় অংশের মানুষ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পক্ষে হলেও ফ্রান্স মৃত্যুদণ্ডকে ‘মানবাধিকার লঙ্ঘন’ বলে মনে করে বলে জানান তিনি।

জিমেরে বলেন, “বিচার ভুলও হতে পারে। আইন তো মানুষেরই বানানো, আর মানুষই এটা পরিচালনা করে। এ কারণেই আমরা মৃত্যুদণ্ডের বিরোধী, সেটা যতো বড় অপরাধই হোক না কেন।”