স্কুলশিশুদের পুষ্টিকর খাবার দেবে সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাদ্য সরবরাহে একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
সংশোধিত আকারে অনুমোদিত এক হাজার ৫৭৮ কোটি টাকার প্রকল্পটিতে ২৬ লাখেরও বেশি শিশু উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় “দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি’ নামে ওই প্রকল্পটি অনুমোদন করা হয়।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
সভাশেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদ্য নিরাপত্তাহীন এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতির হার বৃদ্ধির পাশাপাশি পুষ্টির মান বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যের উন্নয়ন ও শিক্ষা গ্রহণের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই প্রকল্পটি নেয়া হয়েছে।
প্রকল্পের আওতায় দেশের ৬টি বিভাগের নির্বাচিত ৭২টি উপজেলার সরকারি ও নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি স্কুল, ইবতেদায়ী মাদ্রাসা, শিশু কল্যাণ ট্রাস্ট স্কুল ও অনুমোদন প্রাপ্ত বেসরকারি স্কুলের ২৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে প্রতি স্কুল দিবসে ৭৫ গ্রাম পুষ্টি সমৃদ্ধ বিস্কুট সরবরাহ করা হবে।
একনেক সভায় দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও টাঙ্গাইলের এলেঙ্গায় দুটি কমপ্রেসার স্টেশন স্থাপন প্রকল্পও অনুমোদন করা হয়। প্র্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫৯৪ কোটি টাকা। এতে এডিবি’র ঋণ ৯১৯ কোটি টাকা।
সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভূইয়া শফিকুল ইসলাম জানান, মঙ্গলবারের একনেক সভায় তিন হাজার ৬৯২ কোটি টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এরমধ্যে এক হাজার ৮৯৮ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। বাকি অর্থ আসবে প্রকল্প সাহায্য থেকে।
সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হল, ১০৫ কোটি টাকা ব্যয়ে বরিশাল টেক্সটাইল ইন্সটিটিউটকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে উন্নীতকরণ প্রকল্প, ২০২ কোটি টাকার শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্প, ৭১ কোটি টাকা ব্যয়ে স্ট্রেংদেনিং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ক্যাপাবিলিটিজ অব আইএমইডি প্রকল্প, ৫৬ কোটি টাকা ব্যয়ে স্বাদু পানির চিংড়ি চাষ সম্প্রসারণ প্রকল্প।
৪৫ কোটি টাকা ব্যয়ের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলাধীন ধলেশ্বরী নদীর উপর ৩৪১ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প, ৩৪ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল এভিয়ারী ও ইকো-পার্ক স্থাপন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম প্রকল্প, ৩৪ কোটি টাকা ব্যয়ে উল্লাপাড়া- পর্ণিমাগাতী-তাড়াশ এবং পোড়বাড়ী-কামারখন্দ-নলকা সড়কে ২টি পিসি গার্ডার সেতু এবং ৪টি বেইলী সেতুর সুপার স্ট্রাকচার নির্মাণ প্রকল্প এবং ৭৩ কোটি টাকা ব্যয়ে এস্টাব্লিশমেন্ট অব টেন টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটস প্রকল্প।
