২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ বাংলাদেশির লাশ আসছে আগামী সপ্তাহে

বাহরাইনে একটি অগ্নিকাণ্ডে নিহত ১১ বাংলাদেশির লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 09:56 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

রোববার এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের বাসস্থানে ওই অগ্নিকাণ্ডে নিহত ১৩ জনের মধ্যে ১১ জনই বাংলাদেশি। তাদের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

“এটা একটি দীর্ঘ প্রক্রিয়া। এতে সাত থেকে দশদিন সময় লাগতে পারে।”

তিনি জানান, এ ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়। পুড়ে গেছে ৬৩ জন বাংলাদেশ শ্রমিকের জিনিসপত্র।

শুক্রবার স্থানীয় সময় বিকালে বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে আগুন লেগে এই বাংলাদেশি শ্রমিকরা নিহত হন। তাৎক্ষনিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নিহতদের মধ্যে ১০ বাংলাদেশি রয়েছে।

পরাষ্ট্রমন্ত্রী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানান, মানামায় বাংলাদেশ মিশন আগুনে বাসস্থান হারানো ৬৩জন বাংলাদেশিকে আশ্রয় দিয়েছে।

নিহত বাংলাদেশিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোয়ালী গ্রামের নাছির মিয়ার ছেলে জসিম, কাইতলা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে স্বপন ও সাইফুল ইসলাম ওরফে সবুজ, গৌরিগ্রামের আবুল বাশারের ছেলে আনোয়ার, চানমিয়ার ছেলে জরু মিয়া।

চট্টগ্রামের বোয়ালখালীর চরখিজিপুর এলাকার সগির আহমেদের ছেলে নাজির আহমেদ, পটিয়া উপজেলার বাতুয়া গ্রামের হাজি রশিদ আহমেদের ছেলে মাহবুব আলম, একই উপজেলার মারিপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে জামাল।

চাঁদপুরের কচুয়া উপজেলার নওয়াপাড়ার আলমের ছেলে টিটো মিয়া ও শাহাদাত এবং নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশীপুর গ্রামের আবদুর রহিমের ছেলে ওসমান গনি।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বাহরাইনি কর্মকর্তারা এর তদন্ত চালাচ্ছে।

বাহরাইনের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত মহাপরিচালক জানান, স্থানীয় সময় বেলা পৌনে চারটায় মুখারকা এলাকায় আগুনের খবর পান তারা। ঘটনাস্থলে পৌঁছে তারা কয়েকেজনকে উদ্ধার করে এবং আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাবলিক প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান তিনি।  

প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা আহত ও মৃতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন।

গত বছরের ২৭ মে বাহরাইনের রাজধানী মানামা থেকে ২০ কিলোমিটার দূরে এক বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি শ্রমিক নিহত হয়।

এর আগে ২০০৬ সালে গুদাইবিয়ায় এক অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিক মারা যায়।

বাহরাইনে বিপুল সংখ্যক বিদেশি কর্মী রয়েছে। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী এই সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি, যেখানে মোট জনসংখ্যা সাড়ে ১২ লাখের কম।

বাহরাইন থেকে ২০১১-২০১২ অর্থবছরে প্রায় ৩০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা।