Published : 29 Jul 2025, 04:15 PM
বর্তমানে নখের যত্ন ও সাজেও এসেছে নতুন ধারা। ঝলমলে রং, ভারী নেইল আর্ট নয় বরং স্বচ্ছ, পরিপাটি, পরিচ্ছন্ন এক নান্দনিকতা জায়গা করে নিয়েছে তরুণীদের মধ্যে।
একেই বলা হচ্ছে ‘ক্লিন গার্ল নেইলস ট্রেন্ড’। এই ফ্যাশন শুধু রূপচর্চা নয় বরং স্বাস্থ্যকর ও যত্নবান জীবনের প্রতিচ্ছবিও হয়ে উঠেছে।
কেমন হয় ক্লিন গার্ল নেইলস?
এই ট্রেন্ডের মূল দিক হল- নিজের নখকে আরও পরিপাটি রূপে আনা। ছোট আকৃতির, সামান্য গোল করে কাটা নখের ওপর হালকা স্বচ্ছ রংয়ের ছোঁয়া, পরিচ্ছন্ন কিউটিকল ও চকচকে ফিনিশিং।
গাঢ় রংয়ের পরিবর্তে এই ট্রেন্ডে ব্যবহার হয় দুধেল সাদা, হালকা গোলাপি, বাদামি বা অ্যাপ্রিকট ধরনের স্বচ্ছ রং।
অতিরিক্ত নেইল আর্ট নয় বরং একটুখানি সূক্ষ্ম নকশা চলতে পারে, তবে তাও নিরপেক্ষ টোনে; যেন সৌন্দর্য থাকে নিঃশব্দে।
যে কারণে জনপ্রিয় এই ধারা?
“এই ট্রেন্ডের মূল আকর্ষণ হল- এর স্বল্পতাবাদী সৌন্দর্য। এর সঙ্গে জড়িয়ে আছে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, সৌন্দর্য এবং আত্মবিশ্বাস। অনেকেই একে সুপারমডেল নেইলসও বলেন। কারণ এটি এমন এক লুক দেয়, যেন সবসময় নখ পরিচর্যা করা হয়েছে, অথচ তা একটুও অতিরিক্ত নয়”- বলেন জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টারের প্রধান ও রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি।
আর সবচেয়ে ভালো দিক হল- এই নখের যত্ন ও সাজ সহজেই বাসায় করা যায়।
যেভাবে পাওয়া যাবে ‘ক্লিন গার্ল নেইলস লুক’
হাত এক্সফোলিয়েশন: নখ সাজানোর আগে হাত পরিচ্ছন্ন ও মসৃণ রাখা জরুরি। হাতের মৃত চামড়া দূর করতে ব্যবহার করা যায় যে কোনো সাধারণ বডি স্ক্রাব। এতে ত্বক হবে কোমল ও উজ্জ্বল।
কিউটিকলের যত্ন: রূপবিশেষজ্ঞ ফারহানা রুমির মতে, “কিউটিকল কাটা বা টানা উচিত নয়। বরং কিউটিকল নরম করার তরল ব্যবহার করে ধীরে ধীরে পেছনে ঠেলে দিতে হবে। এটি নখের সৌন্দর্য রক্ষা করে এবং সংক্রমণ থেকেও বাঁচায়।"
নখের আকার দেওয়া: প্রয়োজনে নখ কাটতে হবে এবং একদিকে ফাইল করে গোল বা বৃত্তাকার আকার দিতে হবে। দুই পাশে চেপে ঘষা উচিত নয়। এতে নখ ফেটে যেতে পারে।
নখ প্রস্তুত করা: কিউটিকল পুশারের অপর পাশ দিয়ে নখের নিচে পরিষ্কার করতে হবে। এরপর পলিশ ব্যবহারের আগে নেইল রিমুভার দিয়ে নখ মুছে একটি বেইস কোট দিতে হবে। এতে রং দীর্ঘস্থায়ী হয়।
রং ব্যবহার: এখানে মূলত স্বচ্ছ ও হালকা রং ব্যবহৃত হয়। রং লাগানোর সময় ব্রাশের একপাশে একটু বেশি পলিশ নিয়ে মাঝখান থেকে শুরু করে পাশে হালকাভাবে লাগান। এক বা দুই কোট হতে পারে। এটি পছন্দ ও স্বচ্ছতার ওপর নির্ভর করে।
টপ কোট লাগানো: একটি চকচকে টপ কোট ব্যবহার করলে নখ হবে আরও মসৃণ ও চকচকে।
কিউটিকল তেল ব্যবহার: নখে নেইল পলিশ শুকিয়ে গেলে কিউটিকলে তেল লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করতে হবে। প্রতিদিন অন্তত একবার তেল ব্যবহার করলে নখ থাকবে মসৃণ, নরম এবং স্বাস্থ্যকর।
কোন রং বা লুক সবচেয়ে মানানসই?
বিশেষজ্ঞ ফারহানা রুমির মতে, “ক্লিন গার্ল নেইলস’ ট্রেন্ডে সবচেয়ে জনপ্রিয় হল হালকা গোলাপি ও মিল্কি সাদা ধরনের রং। নিউট্রাল বা স্কিন টোনের কাছাকাছি রংগুলো এই ট্রেন্ডে বেশি ব্যবহার হয়। আবার চাইলে হালকা বেইজ, পিচ কিংবা গোলাপি রং-ও ব্যবহার করতে পারেন।”
এসব রং শুধু সৌন্দর্যই নয়, বরং মানসিক প্রশান্তিরও অনুভূতি দেয়। এর মাধ্যমে পরিচ্ছন্ন, গোছানো ও আত্মবিশ্বাসী এক দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে।
আরও পড়ুন