আত্মীয়ের খোঁচা দেওয়া কথায় কীভাবে উত্তর দেবেন?
প্রথম অবস্থায় সীমারেখা টানতে পারলে অনেক অস্বস্তিকর মুহৃর্ত এড়ানো করা যায়।
উৎসব বা পারিবারিক অনুষ্ঠানে বহু আত্মীয়স্বজন একত্রিত হন। আর হাসি-আড্ডার মাঝেই হঠাৎ এমন কিছু কথা ভেসে আসে যা মন খারাপ করে দেয়।
খাবার, ওজন, আয়-রোজগার, সম্পর্ক, বিয়ে বা সন্তান যে বিষয়ই হোক না কেন, এই অভিজ্ঞতা অনেকেরই পরিচিত।
অর্থাৎ এই ধরনের অনুষ্ঠান সবার জন্য আনন্দের হয় না; কারণ অনেকেই আগেভাগেই অস্বস্তিকর প্রশ্ন বা দ্বন্দ্বের আশঙ্কা করেন।
তবে চুপ করে কষ্ট জমিয়ে রাখা বা হঠাৎ রেগে যাওয়ার বদলে সীমারেখা টেনে নেওয়াই সবচেয়ে কার্যকর পথ।
সীমারেখা টানার মানে ঝগড়া নয়
“পরিস্থিতিতে সীমারেখা টানা মানে যুদ্ধ ঘোষণা করা নয়। এটি আসলে নিজের প্রয়োজন স্পষ্ট করে বলা এবং কোন আচরণে আপনি স্বচ্ছন্দ তা জানানো”- সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট’য়ের মনোবিজ্ঞানী ডা. রোজ্যান কাপানা-হজ।
তবে সমস্যা হল, সীমারেখা টানা সহজ নয়। তাই আবেগের বশে প্রতিক্রিয়া দেখানোর বদলে আগে থেকেই প্রস্তুতি নেওয়া দরকার, যাতে নিজের অনুভূতিকে সুরক্ষা দেওয়া যায়।
একত্র হওয়ার আগেই পরিকল্পনা
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের রকভিল কেন্দ্রিক প্রতিষ্ঠান ‘দ্য ইটিং ডিজঅর্ডার সেন্টার’য়ের প্রতিষ্ঠাতা ও থেরাপিস্ট জেনিফার রোলিন একই প্রতিবেদনে পরামর্শ দেন, “একত্র হওয়ার আগেই ভাবতে হবে কোন কথাগুলো নিজেকে আঘাত করে এবং সেগুলোর জবাবে কী বলতে হবে। আগে থেকে ঠিক করে রাখলে সেই মুহূর্তে অস্বস্তি কমে।”
এমন পারিবারিক আবহে নিজের লক্ষ্য ঠিক করতে হবে। হয়ত সবার সঙ্গে মীমাংসা করা সম্ভব নয়, তবে প্রিয় কোনো আত্মীয়ের সঙ্গে সময় কাটানো বা শিশুদের সঙ্গে খেলা এগুলোই হতে পারে নিজের সাফল্য।
কারণ পরিবারিক সমস্যার ইতিহাস এক সন্ধ্যায় মিটবে না, তাই ঝুঁকিপূর্ণ বিষয় এলে কথা ঘুরিয়ে নেওয়াই নিরাপদ।
প্রয়োজনে অনুষ্ঠানে আসার আগেই বিনয়ের সঙ্গে জানিয়ে দিতে পারেন কোন বিষয় নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন।
নিজের অনুভূতির কথা ‘আমি’ দিয়ে শুরু করলে অভিযোগের সুর কমে।
খাবার বা ওজন নিয়ে মন্তব্য এলে
খাবার বা শরীর নিয়ে মন্তব্য অনেকের জন্য কষ্টদায়ক।
জেনিফার রোলিন বলেন, “এমন মন্তব্য আসলে মন্তব্যকারীর মানসিকতা বেশি প্রকাশ করে। আপনি চাইলে সরাসরি বলতে পারেন— খাবার নিয়ে নিজের সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন, তাই এ বিষয়ে কথা না বলাই স্বস্তিকর। আবার হালকা ভঙ্গিতে শরীরের প্রতি কৃতজ্ঞতার কথা বলেও আলোচনা থামানো যায়। কথা থামছে না মনে হলে, নিজেকে সেই আলোচনা থেকে সরিয়ে নেওয়ার অধিকার আপনার আছে।”
সম্পর্ক নিয়ে খোঁচা
একাকিত্ব বা সম্পর্কের অবস্থা নিয়ে প্রশ্ন এলে প্রথমবার আলতোভাবে প্রসঙ্গ ঘোরানো যেতে পারে।
দ্বিতীয়বার এলে, ছোট ইঙ্গিতে বোঝানো যায় এই আলোচনা আর এগোতে চান না।
একান্ত আলাপে চাইলে স্পষ্ট করে সীমারেখা জানানো যায়। কথার উদ্দেশ্য ভালো হলেও তার প্রভাব আপনাকে অস্বস্তিতে ফেলছে।
ভবিষ্যতে কীভাবে সাহায্য করলে ভালো হয়, সেটিও জানাতে পারেন।
বিয়ে বা সন্তান নিয়ে প্রশ্ন
বিয়ে বা সন্তান প্রসঙ্গে প্রশ্ন অনেক সময় ভালোবাসা থেকেই আসে, তবে তা কারও জন্য বেদনাদায়ক হতে পারে। তখন প্রশংসা দিয়ে শুরু করে নতুন প্রসঙ্গে যাওয়া কার্যকর।
তাই সঙ্গীর সঙ্গে আগেই ঠিক করতে হবে কতটা খোলামেলা-ভাবে উত্তর দিতে চান।
চাইলে সরাসরি বলতে পারেন- এ বিষয়ে কথা বলতে চান না। আবার বিশ্বাসযোগ্য মানুষের কাছে প্রয়োজনীয় সমর্থনও চাওয়া যায়।
সংবেদনশীল বিষয় উঠলে
রাজনীতি বা ধর্মের মতো বিষয়ে কেউ তর্কে জড়াতে চাইলে, তাতে নামতেই হবে এমন নয়। কখনও উপেক্ষা করা, কখনও প্রসঙ্গ বদলানোই শান্তির পথ।
দরকার হলে সংক্ষেপে জানানো যায়, নিজের দৃষ্টিভঙ্গি আলাদা এবং এই মুহূর্তে এ নিয়ে আলোচনা করতে চাইছেন না।
চলে যাওয়াও এক ধরনের সীমারেখা
সব চেষ্টার পরেও যদি অস্বস্তি না কাটে, তখন নিজেকে পরিস্থিতি থেকে সরিয়ে নেওয়াই সবচেয়ে শক্ত সীমারেখা।
শারীরিকভাবে সরে যাওয়া কখনও কখনও সেরা সমাধান। এটি ঝগড়া ছাড়াই করা যায়, তাই আগেই একটি কারণ ঠিক করে রাখতে হবে।
ডা. রোজ্যান কাপানা-হজ মনে করিয়ে দেন, “উৎসবের মূল কথা সংযোগ। সেই সংযোগ যদি কষ্টের হয়, তাহলে তা চালিয়ে যাওয়ার বাধ্যবাধকতা নেই।”
আরও পড়ুন
