Published : 23 Feb 2026, 05:38 PM
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে জীবনের প্রায় প্রতিটি মুহূর্তই যেন প্রকাশ্যে আনার অপেক্ষায় থাকে। কোথাও খেতে গেলেন, ছবি তুলে পোস্ট; ঘুরতে গেলেন, স্টোরি দিয়ে সবাইকে জানানো; এমনকি সম্পর্কের ক্ষেত্রেও অনেকে মনে করেন— পোস্ট না করলে যেন সম্পর্কটা ‘সত্যি’ হয় না।
বন্ধুবান্ধব, অনুসারী— সবাইকে দেখাতে হয় নিখুঁত জীবনযাপন। তবে গবেষক ও মনোরোগ বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা সম্পর্কের জন্য ক্ষতিকর।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, “সুখী দম্পতিরা বাইরের স্বীকৃতির জন্য চিন্তা না করে বাস্তব মুহূর্তগুলো উপভোগে বেশি মনোযোগ দেন। সম্পর্ক গোপন রাখলে ঘনিষ্ঠতা বাড়ে, কারণ তখন দুজনের মধ্যে একটা একান্ত জায়গা তৈরি হয়— যেখানে বাইরের কোনো চোখ বা মন্তব্য ঢুকতে পারে না।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক দেখানোর প্রবণতা এখন এতটাই বেড়েছে যে অনেকে মনে করেন— ছবি না পোস্ট করলে বা স্ট্যাটাস না দিলে সম্পর্কটা অসম্পূর্ণ। ফলে গ্যালারির সেরা ছবিটাই পোস্ট করা হয়, যেখানে সবকিছু নিখুঁত দেখায়।
তবে এই নিখুঁততার পেছনে লুকিয়ে থাকে তুলনা। অন্যের পোস্ট দেখে নিজের সম্পর্ককে ছোট মনে হয়, অন্যের সঙ্গে মিলিয়ে দেখতে গিয়ে নিজেদের ছোটখাটো অসম্মতি বড় হয়ে ওঠে।
ডা. দিনা বলেন, “যারা সম্পর্ককে নিজেদের কাছে রাখেন, তারা বাইরের মানুষ কী ভাবছে সেটা নিয়ে মাথা ঘামান না। ফলে মনের উসখুস কমে, একে অপরের সঙ্গে আরও গভীরভাবে সময় কাটানো যায়।”
সম্পর্ক গোপন রাখার সবচেয়ে বড় সুফল হল— একান্ত মুহূর্তগুলো শুধু দুজনেরই থাকে। বাইরের কেউ না জানলে খুঁত বের করতে পারে না, কেউ মন্তব্য করতে পারে না। এতে সম্পর্কে একটা নিরাপত্তার অনুভূতি তৈরি হয়।
আরও পড়ুন
সুখী দম্পতি নেট জগতে ছবি দেয় কম
শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
যৌন জীবন নষ্টের পেছনে স্মার্টফোন
যখন দুজন জানেন যে এই মুহূর্ত শুধু তাদের, তখন তারা আরও স্বাচ্ছন্দ্যে একে অপরের কাছে নিজেকে মেলে ধরতে পারেন। কথা বলা, হাসি, ছোট ছোট স্পর্শ— সবকিছুতে একটা গভীরতা আসে।
ডা. দিনা আরও বলেন, “অন্যদিকে যারা সবকিছু পোস্ট করেন, তাদের মনে একটা অদৃশ্য চাপ কাজ করে— ‘লোকে কী বলবে?’ এই চাপ থেকে অনেক সময় সম্পর্কের আসল সময়টাই হারিয়ে যায়। ছবি তোলা, ক্যাপশন লেখা, লাইক-কমেন্টের জন্য অপেক্ষা— এসবের মধ্যে দুজনের মধ্যে যে আসল সংযোগ থাকার কথা, তা কমে যায়।”
এই চিকিৎসক মন্তব্য করেন, “যারা সচেতনভাবে জীবনের ভালো দিকগুলো খেয়াল করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন, তারা তুলনামূলকভাবে বেশি সুখী হন এবং হতাশা বা উদ্বেগে কম ভোগেন। সম্পর্ক গোপন রাখলে এই কৃতজ্ঞতা ও উপভোগের অনুভূতি আরও বাড়ে।”
তবে সম্পর্ক গোপন রাখা মানে সবকিছু লুকিয়ে রাখা নয়। বন্ধুবান্ধব বা পরিবারের কাছাকাছি মানুষদের জানানো যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি মুহূর্ত পোস্ট করার প্রয়োজন নেই। এতে বাইরের মানুষের মন্তব্য বা তুলনার চাপ থেকে মুক্ত থাকা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক দেখানো ভুল নয়। কিন্তু খেয়াল রাখতে হবে যেন এটি সম্পর্কের ওপর উল্টো প্রভাব না ফেলে।
আরও পড়ুন
সামাজিক যোগাযোগ মাধ্যম যখন মানসিক বৈকল্যের কারণ