জুম্বা নৃত্যের ছন্দে ওজন কমবে তালে তালে
সংগীতের সাথে ছন্দ মিলিয়ে শারীরিক কসরতের কারণে একঘেয়েমি লাগে না।
প্রতিদিন একই রুটিনে ব্যায়াম করা বা জিমে যাওয়া নিয়ে একঘেয়েমি লাগতে পারে। ধৈর্য হারিয়ে অনেকে মাঝপথে ছেড়ে দেন।
তবে যদি এমন একটি শরীরচর্চার কথা বলা হয় যাতে একঘেয়েমির কোনো সুযোগই নেই, ওজন দ্রুত কমে, শরীরের সঙ্গে মনও সতেজ থাকে— তাহলে প্রথমেই আসে জুম্বা নাচের নাম।
এই নাচ এখন বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ফিটনেস প্রোগ্রাম, যা নৃত্যের মাধ্যমে ব্যায়ামের আনন্দকে একসঙ্গে মেলায়।
‘জুম্বা ফিটনেসের ইনস্ট্রাক্টর জিন আয়ান’ নামে পরিচিত সাইয়েদুর রহমান আয়ান এই বিষয়ে বলেন, “জুম্বা মূলত একটি দলীয় কার্ডিও এক্সারসাইজ, যার ভিত্তি লাতিন আমেরিকান নাচ। কলম্বিয়ায় উদ্ভূত এই প্রোগ্রামে সালসা, মেরেঙ্গে, রেগেটন ও কুম্বিয়া— এই চারটি জনপ্রিয় লাতিন সুরের তালে তালে নাচের মাধ্যমে শরীরচর্চা চলে। সাধারণত একটি সেশন ৪৫ থেকে ৬০ মিনিট স্থায়ী হয়।”
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে’র রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “এটি পুরো শরীরের প্রায় সব অংশের নড়াচড়া ঘটায়। ফলে ক্যালরি বার্নের হার খুবই উচ্চ।”
নিয়মিত ৪০ থেকে ৬০ মিনিট জুম্বা করলে ৮শ’ থেকে ১শ’ ক্যালরি পর্যন্ত পোড়ে। ডায়েট ছাড়া অন্য কোনো একক ব্যায়ামে এত অল্প সময়ে এতটা ক্যালরি খরচ করা কঠিন।
“জুম্বা ধীর লয়ে শুরু হয়, মাঝামাঝি সময়ে ছন্দ ও নাচের গতি বাড়ে, যা হৃৎস্পন্দন বাড়িয়ে কার্ডিওভাসকুলার ফিটনেস উন্নত করে। শেষ ১০ থেকে ১৫ মিনিটে আবার ধীর গতির গান বাজিয়ে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়”- বলেন আয়ান।
হঠাৎ থামলে হৃদযন্ত্রের ওপর চাপ পড়তে পারে বলে প্রশিক্ষকরা সতর্ক করেন।
জুম্বার সবচেয়ে বড় সুবিধা হল- মানসিক স্বাস্থ্যের উন্নতি। দ্রুত তালে নাচতে নাচতে ‘শাউট’ বা চিৎকারের মাধ্যমে মন খুলে আনন্দ প্রকাশ করা হয়।
সাইয়েদুর রহমান আয়ান বলেন, “এটি বিষণ্নতা ও মানসিক চাপ দূর করতে অত্যন্ত কার্যকর। দল বেঁধে নাচাতে সামাজিক যোগাযোগ বাড়ে, অন্তর্মুখী ব্যক্তিরাও সহজে মিশতে শেখেন। এতে সামাজিক ভীতি কমে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।”
এছাড়া নিয়মিত জুম্বা করলে- রক্ত সঞ্চালন বাড়ে, শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় ঘামের মাধ্যমে এবং ‘স্ট্রেস’ বা চাপ কমায়। এগুলো ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে।
“জুম্বা করতে পারেন যে কোনো বয়সের মানুষ”- বলেন আয়ান।
চার বছর থেকে ৭০ বছর বয়সি ব্যক্তিরাও এতে অংশ নেন। যাদের ব্যাকপেইন বা হাঁটুর সমস্যা আছে, তারাও যোগ দিতে পারেন— তবে অবশ্যই দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে।
প্রশিক্ষক শারীরিক অবস্থা বিবেচনা করে ধাপ নির্ধারণ করেন। সঠিক নিয়ম না মানলে সমস্যা বাড়তে পারে।
বিশেষজ্ঞরা একটানা ৪৫ মিনিটের বেশি জুম্বা না করার পরামর্শ দেন। এতে সারা শরীরের ‘ফ্যাট’ বা চর্বি কার্যকরভাবে পোড়ে।
জুম্বার সঙ্গে প্রাণায়াম ও সুষম খাদ্যাভ্যাস যোগ করলে শরীর দ্রুত ঝরঝরে ও কর্মক্ষম হয়। গানের তালে নাচার কারণে ক্লান্তি অনুভূত হয় না; বরং ‘এনার্জি’ বা শক্তি বাড়ে।
জুম্বা শুধু ওজন কমানোর মাধ্যম নয়— এটি জীবনযাপনের একটি আনন্দময় অংশ। নাচের তালে শরীর সুস্থ রাখার মাধ্যমে মনও প্রফুল্ল রাখা যায়।
ছবি: সাইয়েদুর রহমান আয়ান।
আরও পড়ুন
