২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক নকশায় কারচুপির মাধ্যমে রিকশা পেইন্ট নিয়ে ত্বকী

একেকটা পোশাক যেন একেকটা ক্যানভাস, আর সেখানে চলেছে নানান অনুভূতির খেলা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 07:41 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

এক সময় রিকশার পেছনে থাকা চিত্রকলার দিকে তাকিয়ে দেখা যেত বাংলা সিনেমার দৃশ্য বা গ্রাম বাংলার প্রকৃতি।

উজ্জ্বল রংয়ে আঁকা সেসব ছবি এখনকার রিকশায় দেখা যায় না খুব একটা। তবে এই চিত্রকলার বিষয়বস্তু, আসবাবপত্রে নকশা কিংবা পোশাক অলঙ্করণে অনেকেই বেছে নিয়েছেন রিকশা পেইন্টিংয়ের ধারা।

তবে কারচুপি মাধ্যম ব্যবহার করে প্রথমবারের মতো রিকশা আর্ট ফুটিয়ে পোশাক নকশা বা ডিজাইন করার দাবি করতেই পারেন তরুণ ডিজাইনার খালিদ ত্বকী।

‘বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’তে ‘ফ্যাশন স্টাডিজ’ বিভাগে ষষ্ঠ সেমিস্টারের এই শিক্ষার্থী বলেন, “বাংলার রিকশা আর্ট শুধু অলংকরণ নয়—এটি চাকার ওপর বয়ে চলা এক অনুভূতি। প্রতিটি আঁকা প্যানেলে লুকিয়ে থাকে দৈনন্দিন স্বপ্ন, লোককাহিনী, প্রেম, সিনেমা, বিশ্বাস ও কল্পনার গল্প। এই চলমান ক্যানভাসগুলোই আমার ‘আরবান ফোক টেলস ইন মোশন’। একজন ডিজাইনার হিসেবে, আমি সেই চেতনাকে পরিধেয় গল্পে রূপ দিতে চেয়েছি। আমাদের সমৃদ্ধ লোক-ঐতিহ্যকে সূক্ষ্ম পাশ্চাত্য ছোঁয়ার সঙ্গে মিশিয়ে বৈশ্বিক ফ্যাশনপ্রেমীদের জন্য উপস্থাপন করেছি।”

তিনি আরও বলেন, “স্থানীয় মোটিফ নিয়ে কাজ করা সবসময়ই আমার আবেগ। যখন শিল্প পরিধেয় হয়ে ওঠে, তখন তা চলমান হয়, কথা বলে, শ্বাস নেয়। আর যে মানুষটি তা পরিধান করে, তার ব্যক্তিত্ব ও আভা প্রকাশ করে। এ কালেকশনে আমি রিকশা থেকে নেওয়া মোটিফ’কে কারটুপি ফর্মেটে এনে তুলে ধরেছি আমাদের ঐতিহ্য।”

কারচুপি বা কারচুপির কাজ হল- দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী হস্তশিল্পভিত্তিক সূচিশিল্প, যা এর সমৃদ্ধ ও অলংকারধর্মী নকশার জন্য পরিচিত। ‘কারচুপি’ শব্দটির উৎপত্তি পারস্য ভাষা থেকে, যার অর্থ ‘হাতে করা কাজ’।

এতে সোনালি-রুপালি জরি, পুঁতি, সিকুইন, পাথর ও মুক্তা ব্যবহার করে সূক্ষ্ম ও বিলাসবহুল নকশা তৈরি করা হয়।

বাংলাদেশ ও উপমহাদেশে কারচুপি বহুলভাবে ব্যবহৃত হয় বিয়ের কনের পোশাক, শাড়ি, লেহেঙ্গা, শেরওয়ানি ও বিভিন্ন আনুষ্ঠানিক পোশাকে। মুঘল শিল্পে অনুপ্রাণিত ফুলেল নকশা, পেইসলি ও জ্যামিতিক মোটিফ এতে প্রাধান্য পায়।

তবে ত্বকী এই মাধ্যম ব্যবহার করে পোশাকে ফুটিয়েছন- ফুল, লতাপাতা, জাতীয় পাখি দোয়েল, রিকশার সিম্বলিক- মা বাবার দোয়া’র টাইপোগ্রাফি আর চলচ্চিত্রের জনপ্রিয় মুখ।

ডিজাইনার খালিদ ত্বকী।

ডিজাইনার খালিদ ত্বকী।

তার কথায়, “দক্ষ কারিগরদের হাতের যাদুতে সিল্কের ক্যানভাসে ফুটিয়ে তুলেছি আমাদের ঐতিহ্যের রিকশা আর্টকে। কালেকশনটি ট্রেডিশনাল আর ওয়েস্টার্ন সিলোয়েট এর এক মেলবন্ধন। একজন ডিজাইনার হিসেবে আমি সবসময় চেষ্টা করি ঐতিহ্যবাহী লোকজ শিল্পের মোটিফকে ‘লাক্সারি গুড’ হিসেবে প্রেজেন্ট করতে।”

ত্বকীর ডিজাইন করা একটি পোশাকে ২০২৪ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা’য় অংশ নিয়েছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে পরিচিত মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। সেটি ছিল সোনালি রংয়ের স্লিট দেওয়া ককটেল ড্রেসের মতো করে ড্রেপ করা শাড়িতে সোনার বাংলাকে বিষয়বস্তু করে তৈরি করা ফিউশন শাড়ি।

ছবি পরিচিতি: ডিজাইনার খালিদ ত্বকী। ফটোগ্রাফার: সৈয়দ জেদ্দার। মেইকআপ: হাসান খান। মডেল: মনোয়ারা জলি (শাড়ি), আলাউদ্দিন আল বোখারী (ফুল ব্লেজার), আসরাফুল ইসলাম (ক্রপ ব্লেজার), আশিক রহমান (শার্ট), মাইশা রহমান (বডিকন গাউন), প্রগ্গা ইসলাম (গাউন)।