২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহা! ঈদের ঘুম!!

ঈদে কী করবেন ভাই? এই তো ঘুমাব...

আহা! ঈদের ঘুম!!
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2025, 04:13 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

বেসরকারি ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা স্বরূপ জাহিদ পুরান ঢাকায় বড় হয়েছেন। পরিণত বয়সে নতুন ঢাকা থেকে চলে গেছেন উত্তরা। ছোটবেলায় যেমন দেখেছেন পরিবারের বয়োজ্যেষ্ঠরা ঘুম দিচ্ছেন। এখন জীবনধারার পরিবর্তন ঘটছে। এখন তিনিও ঘুমান ঈদে।

এই ঘুমের মর্ম বুঝে ঈদ নিদ্রা নিয়ে বিশেষ আয়োজনটি সাজিয়েছেন।

ঈদ মৌসুমে খুব সাধারণ একটা প্রশ্নের চল আছে। ভাই, ঈদের ছুটিতে কী করবেন? বলা যায়, এই প্রশ্ন শুনতে শুনতে আমরা বড় হয়েছি।

সেই ৮০’র দশকে বাবা যখন চাকরী করতেন, তখন যেমন তাকে বলতে শুনেছি, আজ এত বছর পর এই ‘জেন জি’দের যুগেও একই প্রশ্ন। মোটাদাগে উত্তরটা কিন্তু বদলায়নি।

খুব সাধারণ আর বহুল জনপ্রিয় উত্তরটা হচ্ছে- কি আর করব, ঘুমাব।

মানে হল, ঈদের ছুটির অর্থই যেন শান্তির ঘুম। এই যে করণীয় তালিকার একদম শীর্ষে ঘুম ব্যাপারটা সবার মগজে প্রথমেই জায়গা জুড়ে বসে থাকে, এর কারণ কী?

কারণের আগে আরেকটা বিষয় মাথায় আসতে পারে। সেটা হল- শুধু কী এ দেশের মানুষ ঈদের দিন ঘুমায়? উত্তরটা হয়ত- না।

কারণ অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ‘রেডইট ডটকম’য়ে একজন ব্যবহারকারী এমনই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।

“ঈদের দিন সবাই কেন ঘুম দেয়, মানে প্রায় সবাই, কেন?”

আর এর উত্তরে বিভিন্ন দেশের মানুষ যেসব উত্তর দিয়েছেন, সেগুলো প্রায় একই রকম।

বেশিরভাগই জানিয়েছেন- রমজান মাসে ঘুমের সময় উল্টাপাল্টা আর ঈদের কয়েকদিন আগ থেকে নানান প্রস্তুতিতে শরীর ক্লান্ত হওয়ার পাশাপাশি ঈদের দিন ভোরে নামাজ পড়তে যাওয়া তারপর ভারী খাবার খাওয়া- সব মিলিয়ে দেহে যে অসাড়ভাব কাজ করে সেখান থেকেই আসে ঈদের ঘুম।

এবার দেখা যাক বিজ্ঞান কী বলে, কেন আমরা ঘুমাই?

আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে যে হরমোন, সেটার নাম মেলাটোনিন। এই নিউরোট্রান্সমিটার আমাদের চোখ যখন খোলা থাকে, তখন পর্যাপ্ত আলোর কারণে শরীরে তৈরি হতে পারে না।

তবে ক্লান্তিতে যখন চোখ বুজে আসতে থাকে তখন এই হরমোন তৈরি হতে থাকে। আমরা ঘুমিয়ে পড়ি। অর্থাৎ ঘুমের সঙ্গে ক্লান্ত হওয়ার একটা যোগাযোগ আছে।

যারা সারা সপ্তাহ পরিশ্রম করেন, তারা বেশিরভাগই ক্ষণ গুনতে থাকেন, কবে আসবে সাপ্তাহিক বন্ধের দিনটি। অ্যালার্ম বাজবে না সেদিন ভোর সকালে। কাজে যাওয়ার চাপ নেই। বেলা করে ঘুমানো যাবে।

এই ভাবনাটা কিন্তু প্রায় সব শহুরে কর্মজীবীদের সারা বছরের। তবে ঈদ বা এরকম উৎসব পার্বণে যখন একের অধিক কয়টা দিন ছুটি মিলে যায়, তখনও কেন কর্মজীবীরা ঘুমিয়েই কাটাতে চান?

এই বিষয়ে কথা হচ্ছিল মনোচিকিৎসক অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদের সঙ্গে।

তিনি বলেন, “ঘুম হল ‘রিস্টোরেইশন অব এনার্জি’। কর্মক্লান্তির কারণে যে পরিমাণ এনার্জি বা শক্তি আমরা হারাই, ঘুম তা পুনরায় নবায়নযোগ্য করে তোলে।”

একজন কর্মজীবী মানুষের আদর্শ কর্ম ঘণ্টা হওয়া উচিত সপ্তাহে ৪০ থেকে ৪৫ ঘন্টা। অথচ আমাদের দেশে সেটা ৬০ থেকে ৮০ ঘন্টা পর্যন্ত হয়ে ওঠে বেশিরভাগ ক্ষেত্রেই। তাই স্বাভাবিকভাবেই ঘুম কমে আসে। সেই সঙ্গে শক্তিও।

“আগে শহরকেন্দ্রিক কর্মজীবীরা দিনে আট থেকে নয় ঘন্টা ঘুমাতেন। এখন সেটা কমে এসেছে। তাদের এই যে ঘুমের ঘাটতি, সেটা বছর ধরে চলতেই থাকে। তাই দীর্ঘ ছুটি পেলেই এই বিশাল কর্মজীবীদের মানসিকভাবে সবচাইতে বড় প্রণোদনায় প্রথমেই আসে ঘুম।”

তবে এই চিরায়ত প্রশ্ন আর উত্তরটা কি পুরুষদের বেলায় বেশি প্রযোজ্য?

কারণ বিভিন্ন পত্র পত্রিকায় ঈদের বিশেষ আয়োজনে বেশিরভাগ অভিনেত্রীরা ‘ঈদে কী করবেন?’-  প্রশ্নের উত্তরে ‘ঘুমাব’ বলেন।

এছাড়া খুব কম নারী কিন্তু হরেদরে এই উত্তর দেন না।

তারা ভাবনা চিন্তা করে পুরানো জমিয়ে রাখা বাসার কাজ করেন, অতিথি আপ্যায়ন করেন, সন্তানদের নিয়ে কেনাকাটা করেন বা আত্মীয়র বাসায় বেড়াতে যান।

নারীদের কি তাহলে বছরের এই লোভনীয় দীর্ঘ ছুটিতে ঘুমাতে ইচ্ছা হয় না? নাকি সেখানেও পুরুষরা তাদের ঠিক মতো ‘স্পেস’ দেন না? পুরুষশাসিত সমাজ এ বিষয়ে মনে হয় ব্রাত‍্যই থেকে যাবে বছরের পর বছর। 

আমাদের নগরায়ন বাড়ছে খুব দ্রুতগতিতে। ঢাকা শহর বদলে যাচ্ছে। আধুনিক নগরায়ন, কর্মব্যবস্থা বা শহরের অসহনীয় যানযট আমাদের কর্মজীবীদের ক্লান্ত করে দেয়।

এ শহরে মানুষ একটু বিশ্রামের জন্যে, কোলাহল আর দূষণ মুক্ত পরিবেশের জন্য মুখিয়ে থাকে। আর এসব মিলে গেলেই মনে হয় শান্তিতে চোখটা বুজে আসে। ঘুম তখন সব কিছুর চাইতেই প্রধান কাম্য হয়ে যায়।