ঈদের খানা: মোগল মাতবাখ থেকে বাঙালির হেঁশেলে
মোগলরা নেই। তারপরও তাদের খাবারগুলো ছাড়া যেন বাঙালির চলেই না।
মুসলমানদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে ঈদ অন্যতম। বিশেষ করে বললে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এই দিনগুলোতে শুধু নামাজ আর দান-খয়রাতই নয়, আয়োজন করা হয় বিশেষ ভোজেরও।
আপামর জনসাধারণ নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী সেই বিশেষ দিনের আয়োজন তো করতোই, তবে শাসকদের আয়োজন ছিল গল্প করার মতো।
আজকের বাংলাদেশের রাজধানী ঢাকা তথা এই অঞ্চলের ঈদের খাবার-দাবারকে বুঝতে চাইলে আমাদেরকে মোগল আমল থেকেই শুরু করতে হবে। আর সেই মোগল সাম্রাজ্যের দরবারি জীবন ছিল আড়ম্বর, আচার ও রন্ধনশৈলীর এক অনন্য সংমিশ্রণ।
মোগল সাম্রাজ্য শুধু রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র ছিল না। এটি ছিল সংস্কৃতির মেলবন্ধনও। তুর্কি, পারস্য, মধ্য এশিয়া এবং ভারতীয় খাদ্যসংস্কৃতি মিলে এক নতুন রন্ধনধারা তৈরি হয়। এই ধারা থেকেই দক্ষিণ এশিয়ার বহু পরিচিত খাবারের জন্ম।
সম্রাট আকবরের সময়ে এই মিশ্রণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। তার দরবারে পারস্য ও তুর্কি বাবুর্চিরা ভারতীয় উপকরণ দিয়ে নতুন ধরনের খাবার তৈরি করেছিল। এর অনেকটাই আমাদের আজকের ঈদের খাবারে টিকে আছে।
মোগলারা শুধু পেট ভরানোর জন্য খেতেন না। খাবার ছিল রাজকীয় মর্যাদা দেখানোর একটা উপায়ও বটে।
মোগল সম্রাটদের খাদ্যাভ্যাস, রাজকীয় রান্নাঘরের আয়োজন এবং উৎসবের মেনু সম্পর্কে ধারণা পাওয়া যায় বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে। সেসব সূত্র ধরেই ঈদের খাবারের একটি চিত্র তৈরি করা যেতে পারে।
রাজকীয় হেঁশেল
মোগলদের রান্নাঘরকে বলা হতো ‘মাতবাখ’। এখানে শত শত বাবুর্চি, মিষ্টি প্রস্তুতকারক ও পরিবেশনকারী কাজ করত। এখানে খাবারভেদে আলাদা আলাদা বিভাগে ভাগ হয়ে কাজ করতো পাচকরা।
![]() |
কেউ মাংস রান্না করতো তো কেউ মিষ্টান্ন বানাতো আবার কেউ বা ব্যস্ত থাকতো পোলাও বা বিরিয়ানি তৈরিতে। ঈদের মতো বড় উৎসবের আগে প্রস্তুতি চলত কয়েকদিন ধরে। ঐতিহাসিক গ্রন্থ ‘আইনী-ই-আকবরী’-তে উল্লেখ আছে সম্রাট আকবরের রাজকীয় রান্নাঘরে প্রতিদিন কয়েকশ মানুষের জন্য রান্না হতো। আর উৎসবের দিনে সেই আয়োজন বৃদ্ধি পেত কয়েক গুণ। |
দরবারের উচ্চপদস্থ আমির, সৈন্যনায়ক এবং বিদেশি দূতদের জন্য আলাদা ভোজের ব্যবস্থা করা হতো। ঈদের দিন সকালে নামাজের পর সম্রাট দরবার বসাতেন এবং এরপর শুরু হতো ঈদের বিশেষ খাবারের আয়োজন।
ঈদের দিনের প্রধান খাবার
সেমাই ও দুধজাত মিষ্টান্ন
ঈদুল ফিতরের প্রধান খাবার ছিল দুধ ও সেমাই দিয়ে তৈরি মিষ্টান্ন। পারস্য ও মধ্য এশীয় ঐতিহ্য থেকে মোগলদের মধ্যে এই খাবারের প্রচলন আসে।
শির খুরমা: আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানে ঈদের দিনের সকালে সেমাই খাওয়ার যে প্রথা আছে, তার শিকড় মূলত সেই মোগল যুগে। নিদিষ্ট করলে বললে আমাদের এখানকার সেমাইয়ের পূর্বপুরুষ ছিল ‘শির খুরমা’। দুধ, খেজুর, বাদাম, পেস্তা ও সেমাই দিয়ে তৈরি এক ধরনের মিষ্টান্ন।
ঐতিহাসিক খাদ্য-গবেষক সালমা হোসেন তার বই ‘দ্য এম্পারর’স টেবিল : দ্য আর্ট অব মোগল কুইজিন’-এ লিখেছেন, ‘মোগল দরবারে শির খুরমা ছিল ঈদের অন্যতম প্রধান মিষ্টান্ন। মোগল দরবারে এই মিষ্টান্ন ঈদের প্রতীকী খাবার হয়ে ওঠে। পরে ধীরে ধীরে এটি সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। সাধারণ সেমাইয়ের সঙ্গে শির খুরমার পার্থক্য হল- এতে শুকনো ফল ও ঘন দুধের ব্যবহার বেশি।’
শুধু মোগল আমলেই নয় ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশে ঈদুল ফিতর এবং ঈদুল-আজহায় আবশ্যিক মিষ্টান্নের তালিকায় এখনও সগর্বে থাকে এই শির খুরমা।
মূলত এটি ইরানীয় রেসিপির দুধের সাথে মিশ্রিত খেজুর এবং আফগানিস্তানের শুকনো ফল ও বাদাম এবং ভারতের ভাজা সেমাই ও চিনি যোগ করে আজকের শির খুরমার রূপ ধারণ করেছে মোগলাই শির খুরমা।
অঞ্চলভেদে এতে এলাচ, পেস্তা, বাদাম, লবঙ্গ, জাফরান, কিশমিশ এবং গোলাপ-জলও যোগ করা হয়।
এই বিশেষ খাবারটি ঈদের দিন সকালে ঈদের নামাজের পর পরিবারের সদস্যদের সকালের নাস্তা হিসেবে এবং সারা দিন ধরে সকল আগত অতিথিদের জন্য পরিবেশন করা হয়।
বাংলাদেমের আজকের সেমাই হচ্ছে মোগলদের সেই শির খুরমার অনেক সহজ সংস্করণ। বাদাম, পেস্তা আর জাফরান সবার ঘরে থাকে না। তাই মানুষ নিজের সাধ্যের মধ্যে রান্না করে সেমাই। তবে মূল ধারনাটা একই রয়ে গেছে।
ফিরনি: চালের গুঁড়া, দুধ ও চিনি দিয়ে তৈরি ঘন মিষ্টি।
ক্ষীর: দুধ ও চালের পায়েস।
মোগল আমলে এসবে গোলাপজল, জাফরান ও শুকনো ফল ব্যবহার করা হত, যা খাবারকে আরও সুগন্ধি ও সমৃদ্ধ করতো।
বিরিয়ানি ও পোলাও
মোগলদের ঈদের প্রধান ভোজে চালের পদ ছিল অপরিহার্য। তাদের রান্নায় পারস্য ও তুর্কি প্রভাব থাকায় পোলাও খুব জনপ্রিয় হয়ে ওঠে। পারস্য বা আজকের ইরানে পোলাও ছিল রাজকীয় খাবার।
মোগলরা ভারতে এসে এতে স্থানীয় মসলা ও রান্নার কৌশল যোগ করে।
ঐতিহাসিক সূত্রে আরও জানা যায় সম্রাট শাহজাহানের সময় জাফরান, বাদাম ও কিসমিস দিয়ে তৈরি পোলাও বিশেষভাবে জনপ্রিয় ছিল। সেই ঐতিহ্য থেকেই পরে দিল্লি, লখনউ, হায়দরাবাদসহ বিভিন্ন অঞ্চলে বিরিয়ানির আলাদা আলাদা ধরন তৈরি হয়।
এসব ছাড়াও আরও ছিল ‘মুতাঞ্জন’। এটি হচ্ছে মিষ্টি পোলাও। এতে চিনি, শুকনো ফল ও কখনও কখনও মাংস ব্যবহার হত। এটি এখনও পাকিস্তান ও উত্তর ভারতে ঈদ উৎসবে দারুণ জনপ্রিয় এক খাবার। রঙিন, আকর্ষণীয় এবং চমৎকার স্বাদের জন্য এটি বিশেষভাবে পরিচিত।
এটি সাধারণত জাফরান বা খাদ্যরং মিশিয়ে সেদ্ধ করা বাসমতি চাল দিয়ে তৈরি করা হয়। পরে সেই চালকে চিনি দিয়ে তৈরি সিরাপে ঘি মিশিয়ে রান্না করা হয়।
পরিবেশনের সময় এর ওপর শুকনো ফল, ছোট ছোট গুলাব জামুন, রসগোল্লা, খোয়া এবং ক্যান্ডিড ফল (টুটি ফ্রুটি) ছড়িয়ে দেওয়া হয়।
মাংসের পদ
মোগলদের আগে ভারতীয় রান্নায় মাংস অবশ্যই ছিল। তবে মোগল যুগে কাবাবের ব্যাপক বিস্তার ঘটে। মধ্য এশীয় যোদ্ধারা আগুনে মাংস ভেজে খেত। সেই ঐতিহ্যই পরে রাজকীয় রান্নায় ঢুকে পড়ে। এরপর ধীরে ধীরে নানান ধরনের কাবাব তৈরি হয়।
![]() |
ঈদুল আজহার সময় বিশেষভাবে মাংসের বিভিন্ন পদ তৈরি করা হত। রাজদরবারে রান্নার ধরন ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। সম্রাট জাহাঙ্গীরের স্মৃতিকথা ‘তুজুক-ই-জাহাঙ্গীরী’-তে বিভিন্ন ভোজের বর্ণনা পাওয়া যায় যেখানে কাবাব ও মাংসের নানান পদ পরিবেশন করা হতো। তার কাছে মাংস ছিল অত্যন্ত প্রিয়। প্রতিদিন কেজি খানেক মাংস তিনি খেতেন। আজ ঈদের দিনে কোরমা, রেজালা, কাবাব বা রোস্ট রান্না করার যে রীতি আছে, তার অনেকটাই সেই সময়ের প্রভাব। |
কোরমা: দই, বাদাম ও মসলা দিয়ে রান্না করা মাংস।
কাবাব: বিশেষ করে শিক কাবাব ও বটি কাবাব।
নিহারি: ধীরে ধীরে রান্না করা গরু বা খাসির মাংস।
রোস্ট করা মাংস: বিভিন্ন রকম প্রাণীর রোস্ট করা মাংস সগৌরবে উপস্থিত থাকতো মোগলদের পাতে। সম্পূর্ণ খাসি বা ভেড়া রোস্ট করা হত ঈদের মতো বিশেষ অনুষ্ঠানে।
এসব সাধারণত নান বা তন্দুরি রুটির সঙ্গে পরিবেশন করা হত।
রুটি ও নান
অন্যান্য দিনের মতো ঈদের দিনেও মোগলাই খাদ্য তালিকায় চালের পাশাপাশি বিভিন্ন ধরনের রুটিও পরিবেশন করা হত। এসবের মধ্যে উল্লেখযোগ্য ছিল- নান, রুমালি রুটি, তন্দুরি রুটি।
এসব রুটি সাধারণত কাবাব বা কোরমার সঙ্গে খাওয়া হত। আরও ছিল শিরমাল (মিষ্টি রুটি) শিরমাল বিশেষ করে উৎসবের সময় বেশি জনপ্রিয় ছিল। এটি দুধ, ঘি ও জাফরান দিয়ে তৈরি হত।
ফল ও শরবত
ঈদের ভোজে তাজা ফল ও শরবতের বেশ গুরুত্ব ছিল। সাধারণ এসব শরবত তৈরি করা হতো- ডালিম, আঙুর, আম (গ্রীষ্মকালে), তরমুজ, গোলাপ বা কেওড়া দিয়ে।
মোগলরা সুগন্ধি পানীয় খুব পছন্দ করতেন। তাই শরবতে প্রায়ই ব্যবহার করা হত গোলাপ-জল ও জাফরান। এসব পানীয় গরম আবহাওয়ায় ভোজকে আরও উপভোগ্য করে তুলত।
![]() |
সুগন্ধি খাবারের ঐতিহ্য মোগল রান্নার একটি বড় বৈশিষ্ট্য ছিল সুগন্ধি উপাদান ব্যবহার করা। জাফরান, গোলাপ-জল, কেওড়া, এলাচ, দারুচিনি এসব মসলা খাবারে বিশেষ স্বাদ এনে দিত। ঐতিহাসিক লিজি কলিংহ্যাম তার গবেষণায় দেখিয়েছেন যে- মোগল দরবারে খাবারের স্বাদ যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি গন্ধও ছিল সমান গুরুত্বপূর্ণ। আজও ঈদের খাবারে গোলাপ-জল বা কেওড়া ব্যবহার করার যে অভ্যাস আছে, সেটিও সেই সময়ের ধারাবাহিকতায় চলে আসছে। |
দরবারি ভোজের সামাজিক দিক
মোগলদের ঈদের ভোজ নিছক পেট ভরার জন্য ছিল না, বরং রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক মজবুত করার একটি মাধ্যমও ছিল।
ঐতিহাসিক লিজি কলিংহ্যাম তার বই ‘কারি: আ টেল অব কুকস অ্যান্ড কনকারার্স’-এ উল্লেখ করেছেন যে- ‘মোগল দরবারের খাবার শুধু বিলাসিতা নয়, বরং ক্ষমতার প্রদর্শনের একটি মাধ্যম ছিল।’
ঈদের দিন দরবারে আমিরদের উপহার দিতেন, দরিদ্রদের দান করতেন এবং রাজ-পরিবারের সদস্যদের সঙ্গে ভোজ ভাগ করে নিতেন মোগল সম্রাটরা।
অনেক সময় সাধারণ মানুষের জন্যও খাবার বিতরণ করা হত, যাতে উৎসবের আনন্দ সমাজের সব স্তরে ছড়িয়ে পড়ে।
মোগল দরবারের খাবার প্রথমে ছিল অভিজাতদের মধ্যে সীমিত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো শহর ও বাজারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। এর পেছনে বেশ কয়েকটি কারণ ছিল।
রাজদরবারের বাবুর্চিরা পরে শহরে দোকান খোলেন, দরবারি রান্না বিয়ে ও উৎসবে জায়গা করে নেওয়া এবং স্থানীয় জনগণ নিজেদের মতো করে রেসিপি বদলে নেয়।
এই প্রক্রিয়ার মাধ্যমে রাজকীয় খাবার ধীরে ধীরে সাধারণ মানুষের সংস্কৃতির অংশ হয়ে যায়।
মোগল আমলে ঈদের উৎসব ছিল ধর্মীয় আনুষ্ঠানিকতা, সামাজিক সৌহার্দ্য এবং রাজকীয় আড়ম্বরের এক মিলিত রূপ। সেমাই, শির খুরমা, বিরিয়ানি, পোলাও, কোরমা ও কাবাবের মতো খাবার শুধু উৎসবের স্বাদই বাড়াত না, বরং মোগল সাম্রাজ্যের সমৃদ্ধ রন্ধনশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলনও ঘটাত।
আজকের দক্ষিণ এশিয়ার ঈদের অনেক জনপ্রিয় খাবার আসলে সেই মোগল দরবারের ঐতিহ্যেরই ধারাবাহিকতা।
কয়েকশ বছর আগের সম্রাটদের ঈদের টেবিলের অনেক খাবারই আজ সাধারণ মানুষের ঘরে টিকে আছে। রাজকীয় জাঁকজমক কমলেও স্বাদ আর ঐতিহ্য এখনও ঠিকে আছে।
ইতিহাসের ধারায় খাবারও এক ধরনের সংস্কৃতি বহন করে। তাই মোগলদের ঈদের ভোজ শুধু রান্নার গল্প নয়, বরং একটি সাম্রাজ্যের জীবনধারা ও সংস্কৃতির প্রতিফলন।
লেখকের প্রকাশিত বই : ঢাকার ঐতিহাসিক নিদর্শন, ঢাকার কোচোয়ানরা কোথায়, ড’য়লির ঢাকা, পুনশ্চ ঢাকা, ঘটনা সত্যি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ঢাকাই খাবার, ঢাকা কোষ (যৌথ)।
তথ্য সূত্র:
- ‘আইনী-ই-আকবরী’- আবুল ফজল
- সম্রাট জাহাঙ্গীরের স্মৃতিকথা ‘তুজুক-ই-জাহাঙ্গীরী’
- ‘দ্য এম্পারর’স টেবিল : দ্য আর্ট অব মোগল কুইজিন’- সালমা হোসেন
- ‘ইন্ডিয়ান ফুড: এ হিস্টোরিকাল কম্প্যানিয়ন’- কে.টি. আছায়া
- লিজি কলিংহ্যাম ‘কারি: আ টেল অব কুকস অ্যান্ড কনকারার্স’



