নতুন সামাজিক অভ্যাস: ‘অ্যাডমিন নাইট’
‘অ্যাডমিন নাইট’ মূলত প্রাপ্তবয়স্ক জীবনের একাকিত্ব ভাঙারও একটি উপায়।
জীবনের একটি বড় বাস্তবতা হয়ে উঠেছে কাজের ফাঁকে জমে থাকা অসংখ্য ছোট ছোট দায়িত্ব। ইমেইল পরিষ্কার করা, জীবনবৃত্তান্ত হালনাগাদ করা, অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা, বিল পরিশোধ বা পুরানো পরিকল্পনাগুলোতে হাত দেওয়া।
এসব কাজ খুব বড় নয়, কিন্তু মানসিকভাবে ভীষণ চাপ তৈরি করে।
জীবনে ঠিক এই চাপ থেকেই জন্ম নিয়েছে একটি নতুন ধারণা, যার নাম ‘অ্যাডমিন নাইট’।
একসঙ্গে বসে কাজ করার নতুন ধারণা
রেস্তোরাঁয় বসে খাবার খেতে খেতেই অনেকে নিজেদের জমে থাকা কাজগুলো সেরে ফেলেন। কেউ কাজ করেন সৃজনশীল প্রকল্পে, কেউ বা ব্যক্তিগত দক্ষতা বাড়ানো কিংবা দাপ্তরিক কাজ গুছিয়ে নেওয়াতে।
এই নিয়মিত আড্ডাভিত্তিক কাজের সন্ধ্যাই ধীরে ধীরে রূপ নেয়েছে ‘অ্যাডমিন নাইটে’।
সিএনএন ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়- এটি এমন একটি সন্ধ্যা যেখানে একা বাড়িতে বসে সময় নষ্ট না করে বন্ধুর সঙ্গে বসে দীর্ঘদিন পিছিয়ে রাখা কাজগুলো শেষ করা যায়।
এই সময়ে অনেকেই নিজের প্রযুক্তিগত দক্ষতা উন্নত করেন, তেমনি ইমেইল গুছিয়ে নেওয়া বা জীবনবৃত্তান্ত ঠিক করার মতো কাজও করেন।
বড় সিদ্ধান্ত নয়, ছোট কাজের চাপই বেশি
প্রাপ্তবয়স্ক এসে অনেকে জীবনে প্রায়ই ভাবেন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো হল- পেশা নির্বাচন, কোথায় থাকা বা কার সঙ্গে জীবন ভাগ করে নেওয়া।
তবে বাস্তবে দেখা যায়, দৈনন্দিন ছোট ছোট কাজই সবচেয়ে বেশি মানসিক চাপ তৈরি করে। ‘পরে করব’— এই কথাটি প্রায় সবাই বলেন, কারণ ক্লান্ত মন নিয়ে এসব একঘেয়ে কাজে বসা কঠিন হয়ে ওঠে।
‘অ্যাডমিন নাইট’ এই জায়গাতেই কাজ করে।
অ্যাডমিন নাইট কী?
অ্যাডমিন নাইট অনেকটা বই পড়ার দলের মতো, তবে এখানে পড়ার বদলে সবাই নিজের নিজের দায়িত্বে মন দেয়।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের সাংবাদিক ক্রিস কলিন ধারণাটি জনপ্রিয় করে তোলেন।
তার মতে, “এটি এমন একটি সময় যেখানে বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে একে অপরকে দায়িত্বশীল থাকার অনুপ্রেরণা দেওয়া হয়। কাজের চাপ না নিয়ে, আনন্দের আবহে কাজ করাই এর মূল উদ্দেশ্য।”
সঠিক সঙ্গী বেছে নেওয়ার গুরুত্ব
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘লাইট অন অ্যাংজাইটি ট্রিটমেন্ট সেন্টার্স’য়ের প্রতিষ্ঠাতা ডা. ডেব্রা কিসেন সিএনএন ডটকম-কে বলেন, “অ্যাডমিন নাইটের জন্য সঠিক মানুষ বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তার মতে, শুরুতে একজন বা দুজনের বেশি না হওয়াই ভালো। এতে অযথা গল্পে সময় নষ্ট হয় না এবং মনোযোগ ধরে রাখা সহজ হয়।
পরিবেশও বড় বিষয়
কোথায় বসে ‘অ্যাডমিন নাইট’ হবে, সেটিও গুরুত্বপূর্ণ।
ডা. ডেব্রা কিসেন বলেন, এমন জায়গা বেছে নেওয়া দরকার যেখানে আলো, বসার জায়গা ও পরিবেশ কাজের উপযোগী। সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র, যন্ত্র বা নোট নিয়ে আসা উচিত। একই সঙ্গে নিজের পছন্দের খাবার বা পানীয় থাকলে কাজের একঘেয়েমি অনেকটাই কমে যায়।
কাজের ফাঁকে সম্পর্কের যত্ন
‘অ্যাডমিন নাইট’ শুরু করা যায় কিছুক্ষণ গল্প করে। দশ থেকে পনেরো মিনিটের এই আলাপ সম্পর্কের উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে।
এরপর একে অপরকে জানানো যায়, কে কী নিয়ে কাজ করবেন। এতে কাজের লক্ষ্য পরিষ্কার হয় এবং সময় নষ্ট কম হয়।
নিয়ম তৈরি করলে কাজ সহজ হয়
স্পষ্ট নিয়ম ছাড়া ‘অ্যাডমিন নাইট’ কার্যকর হয় না। কতক্ষণ কাজ হবে, কখন বিরতি— এসব আগেই ঠিক করে নেওয়া জরুরি। কারও জন্য ছোট বিরতি ভালো কাজ করে, আবার কারও জন্য দীর্ঘ সময় একটানা কাজ করাই বেশি ফলপ্রসূ।
নিজেদের প্রয়োজন অনুযায়ী সময় ভাগ করে নেওয়াই সবচেয়ে কার্যকর পদ্ধতি।
ঘরে বসেও সম্ভব
‘অ্যাডমিন নাইট’ মানেই বাইরে গিয়ে বসতে হবে— এমন কোনো বাধ্যবাধকতা নেই। ঘরে বসে ভার্চুয়ালভাবে একসঙ্গে কাজ করলেও একই রকম মানসিক সহায়তা পাওয়া যায়।
সময়ের সুবিধা অনুযায়ী সকাল, দুপুর বা সন্ধ্যা— যে কোনো সময়েই এটি করা সম্ভব।
কেন অ্যাডমিন নাইট কার্যকর
একসঙ্গে বসে কাজ করার এই পদ্ধতি মানুষের মনোযোগ বাড়ায়, কারণ পাশে কেউ থাকলে কাজ ফেলে রাখা কঠিন হয়।
অন্যদেরও একই ধরনের সমস্যার সঙ্গে লড়াই করতে দেখলে নিজের প্রতি সহানুভূতি বাড়ে। কাজ যতই একঘেয়ে হোক, সঙ্গী থাকলে তা অনেক সহজ মনে হয়।
একসঙ্গে থাকলেই কাজ সহজ
‘অ্যাডমিন নাইট’ মূলত প্রাপ্তবয়স্ক জীবনের একাকিত্ব ভাঙারও একটি উপায়। কর, ইমেইল, বিল বা স্বপ্নের প্রকল্প—যাই হোক না কেন, কারও সঙ্গে বসে কাজ করলে দায়িত্ব নেওয়া সহজ হয়।
এছাড়া কাউকে অগ্রগতি জানাতে পারাটাও বড় অনুপ্রেরণা। ব্যস্ত জীবনে এই ছোট অভ্যাসই অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে।
আরও পড়ুন
