২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদী কোটিতে মাতোয়ারা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর শুধু বিভিন্ন ঘটনার উপরেই নয়, বাংলাদেশের ফ্যাশন জগতেও ছাপ রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মরিয়ম মনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 05:23 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

আর সেই প্রভাবের অন্যতম ফসল হচ্ছে পাঞ্জাবির সঙ্গে মোদী কোটের ‘আসর’।

রাজধানীর যমুনা ফিউচার পার্কের বিভিন্ন পোশাকের দোকানে শোভা পাচ্ছে মোদী কোট বা কোটি। আর  সেগুলো এই নামেই বিক্রি হচ্ছে। ভারতীয় প্রধানমন্ত্রীর গায়ের কোটির রং যতই হালকা হোক, ঈদের জৌলুস ধরে রাখতে এসব কোটির রং হয়েছে লাল, নীল, পার্পল বা বেগুনি।

মার্কেট ঘুরে চোখে পড়ে তরুণ ক্রেতারা এসব কোটি দেখেই হাত বুলিয়ে দেখছেন। কেউ কেউ দেখছেন কোটির সুতা, কেউ রং, কেউ আবার দেখছেন কোটের গায়ে বাহারি সুতোর কাজ।

তরুণদের আগ্রহের কেন্দ্রে থাকা এসব মোদি কোটের বেশিরভাগই আমদানি করা। বিক্রেতারা জানিয়েছেন ভারতের মুম্বাই, কোলকাতা ও বিহার থেকে মোদি কোট বা কোটি আমদানি করা হচ্ছে। বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে।

দেশীয়ভাবে তৈরি মোদি কোটের দাম তুলনামূলক একটু কম। এগুলো বিক্রি হচ্ছে দুই থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে।

ঢাকার বসুন্ধরা সিটিতে পাঞ্জাবি কিনতে আসা চাকুরিজীবী আয়শা খানমের সঙ্গে আলাপচারিতার সময় বলেন, “ছোট ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনতে এসেছি। সঙ্গে একটা মোদী কটিও কিনবো।”

কারণ জানতে চাইলে তার উত্তর, “কিছুদিন আগে বাংলাদেশ সফরের সময় মোদীর দেওয়া বক্তব্য সরাসরি শোনার সৌভাগ্য হয়েছিল। তার প্রতিটি শব্দ খুব ভালো লেগেছে। এখন তার ভক্ত হয়ে গেছি। মোদির স্টাইলও ফলো করি। তাইতো ছোট ভাইকে পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে মোদী কোট কিনে দিব।”

আয়েশা শপিং কমপ্লেক্সের বিক্রেতা কামাল বলেন, “মোদি কোট ছাড়াও এবারের ঈদে গরমের কারণে সুতির ওপর হাল্কা ও ভারি কাজের পাঞ্জাবির চাহিদা বেশি। তবে দামটা আগের বছরের তুলনায় অনেকটা বেশি হলেও কাপড়ের মান আগের তুলনায় এবার বেশ ভালো।”

তবে ঈদে ছেলেদের বিশেষ করে তরুণদের মধ্যে বিভিন্ন স্টাইলের পাঞ্জাবি পরার প্রবণতা দেখা যায় সবচেয়ে বেশি। তাই শুধু পাঞ্জাবির মার্কেটগুলোই নয়, দেশীয় ফ্যাশন হাউজগুলো বরাবরের মতো সাজিয়েছে পাঞ্জাবির পসরা। পাঞ্জাবি যেন হয়ে উঠেছে ডিজাইনারের সাদা ক্যানভাস।

ফ্যাশন হাউজগুলোর পাঞ্জাবির সংগ্রহে থাকছে নতুন নকশা, নতুন রং। কাটিংয়েও এসেছে পরিবর্তন। বাজার দখল করে আছে লং এবং সেমি লং পাঞ্জাবি।

ঈদের পাঞ্জাবি নিয়ে দেশীয় ফ্যাশন ঘর অঞ্জন’সয়ের প্রধান নির্বাহী শাহীন আহম্মেদ বলেন, “ঈদ মানেই একটু জমকালো পাঞ্জাবি। তবে সম্ভব হলে ঈদের নামাজের জন্য চাই হালকা কাজের পাঞ্জাবি, যা চোখে প্রশান্তি এনে দেয়। বিকালে বন্ধুদের সঙ্গে আড্ডায় পছন্দমতো শর্ট বা সেমি লং পাঞ্জাবি আর রাতের পার্টিতে অবশ্যই জমকালো পাঞ্জাবি পরাই ভালো।”

গরমের কথা চিন্তা করেই হয়ত পাঞ্জাবির জন্য খাদি, মটকা, সুতি, রাজশাহী সিল্ক, আদি মহিশুর সিল্ক, অ্যান্ডি সিল্ক, প্রিন্স সামসি, কুশান, কাসিস, খানশা, শাহজাদা আদি, জয়শ্রী সিল্ক, অ্যান্ডি কটন, ইন্ডিয়ান সিল্ক, জাপানি ইউনিটিকা, তসর, সামু সিল্ক, ধুতিয়ান, ইন্ডিয়ান চিকেনসহ নানান আরামদায়ক কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে। উজ্জ্বল রংয়ের পাঞ্জাবির প্রাধান্য থাকছে।

দেশীয় ফ্যাশনঘরগুলো ঘুরে দেখা গেল, কাপড় এবং কারুকাজের ওপর নির্ভর করে এসব পাঞ্জাবি বিক্রি হচ্ছে ৭শ’ থেকে পাঁচ, ছয় হাজার টাকার মধ্যে।

তবে বিক্রেতাদের তথ্যানুসারে, এবারের ঈদ গরমে হওয়ায় সুতির পাঞ্জাবির কদরটা বেশি। হালকা ডিজাইনের সুতির পাঞ্জাবির চাহিদা ব্যাপক।

রাজধানীর বসুন্ধারা শপিং মলের লুবনানের সিনিয়র এক্সিকিউটিভ ইকবাল হোসেন বলেন, “এবারে একটু লং পাঞ্জাবি বেশি চলছে। তাই ক্রেতাদের কথা মাথায় রেখেই আমরা সেভাবে সাজিয়েছি। এখানে হোয়াইট, অফ হোয়াইট, এক কালারের, কারচুপির কাজ, ছাপার কাজ করা পাঞ্জাবি আছে।”

তিনি আরও বলেন, “এছাড়াও দেশীয় স্টাইলের পাশাপাশি ইন্ডিয়ান স্টাইলের পোশাক যেমন- মান্নিস, কোশাল, খানসাব, মানজেনা, দরবার প্রভৃতি পাওয়া যাচ্ছে। পোশাকগুলোর দাম দেড় হাজার থেকে ৭ হাজার টাকা।

এছাড়াও আছে অ্যান্ডি পাঞ্জাবি ২ হাজার ৪শ’ থেকে ৩ হাজার ৫০ টাকা। বলাকা সিল্ক ২ হাজার ৮শ’ থেকে ৩ হাজার ৫০ টাকা। সিল্ক কারচুপি পাঞ্জাবি ২ হাজার থেকে ৩ হাজার টাকা। সুতি অ্যাম্ব্রয়ডারি ১ হাজার ২শ’ থেকে ২ হাজার ৫শ’ টাকা। সাদা আদি কারচুপি ১ হাজার ৫শ’ থেকে ৩ হাজার টাকা।

শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বাহারি সিল্ক পাঞ্জাবি সেট। আকার ভেদে দাম সাড়ে ৪শ’ থেকে এক হাজার ২শ’ ৫০ টাকা।

এছাড়াও বিদেশি সিনেমার মডেলের নামানুসারে এবারের বাজারে দুইটি পাঞ্জাবি এসেছে বলে জানান বিভা সিল্কের কর্ণধার মীর সাদিক। এ পোশাকগুলোর হল ইন্ডিয়ান দাবাং নামের পাঞ্জাবি তিন হাজার ৫শ’ ৫০ টাকা এবং হাম সাফার ৩ হাজার ৫শ’ টাকা।

ঢাকার অন্যতম বড় পাঞ্জাবির বাজার পীর ইয়ামেনি মার্কেট। এছাড়াও রয়েছে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড মার্কেট, মালিবাগ, মৌচাক, সদরঘাট, গুলিস্তান। আর দেশীয় ব্রান্ডের ফ্যাশনঘরগুলোতো আছেই।

ঈদবাজারে ‘কিরণমালা’