২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিম্ফনি অফ নিডল-ওয়ার্ক ২০১৫

১৬ জুন থেকে ধানমণ্ডি ২৭ নম্বরের মাইডাস ভবনের নবম তলায় ইএমকে সেন্টারে চালু হয়েছে ফ্যাশন ঘর বিবিয়ানা আয়োজিত সূচিশিল্পবিষয়ক প্রদর্শনী ‘সিম্ফনি অফ নিডল-ওয়ার্ক ২০১৫’।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 04:45 PM

Updated : 12 Oct 2022, 03:52 PM

প্রদর্শনী চলবে ২৫ জুন পর্যন্ত।

১৬ জুন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট এবং আক্কু চৌধুরী। এছাড়াও সম্মাননা জানানো হয় দেশি সেলাইশিল্পী মোহাম্মদ হারুন অর রশিদকে।

প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী সূচিশিল্পকে বর্তমান যুগের পোশাকে তুলে ধরেছে বিবিয়ানা। ডিজাইনার লিপি খন্দকারের কনসেপ্ট ও কিউরেশনে আয়োজিত এই প্রদর্শনীতে আছে সম্পূর্ণ হাতের কাজ নির্ভর শাড়ি, জ্যাকেট, শাল, স্কার্ফ, হ্যান্ডব্যাগ, বাটোয়া, নেকলেস, কামিজ, ওড়না ইত্যাদি।

প্রদর্শনীতে ঢুকতেই হাতের ডানে দুটি কাপড়ে দেখানো হয়েছে সেলাইয়ের প্রায় একশ ধরনের ফোঁড় ও তাদের নাম। এদের মধ্যে আছে চেইন ফোঁড়, শ্যাডো ভরাট, ডাল ফোঁড়, সাগুদানা ফোঁড়, কদম ফোঁড়, বিছা হার, প্রেম ফাঁস ফোঁড়, মাছকাঁটা ফোঁড় ইত্যাদি।

প্রদর্শনীর পোশাকগুলো কেনার সুযোগও থাকছে। শাড়ির দাম পড়বে সাড়ে ১৩ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা। শাল মিলবে সাড়ে পাঁচ হাজার টাকায়। দেড় হাজার টাকায় পাবেন স্কার্ফ।

পোশাক প্রদর্শনী নয়, মূলত তরুণ প্রজন্মকে দেশীয় সূচিশিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করেছে বিবিআনা।

এছাড়াও বিবিয়ানার মতে, “কালের স্রোতে ভেসে যাচ্ছে সূচিশিল্পের তীর্থভূমি যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী, সাতক্ষীরা, জামালপুর, রংপুর, বগুড়া, রাজশাহী ও দিনাজপুরের হাজার বছরের এই অনন্য কারুকীর্তি যে সম্পদ ছিল আমাদের একান্ত গর্বের। শ্রীহট্ট থেকে সুন্দরবন, রংপুর থেকে রাঙামাটি— বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে, প্রতিটি অঞ্চলে একান্ত আদরে বেড়ে ওঠা এই সূচিশিল্প আজ হুমকির মুখে, বিলুপ্তির দ্বারপ্রান্তে। সংরক্ষণ জরুরি, জরুরি এর অনুশীলণ, পরিক্ষণ ও শ্রদ্ধাশীল বিপণন।”

এই প্রদর্শনীর মধ্য দিয়ে সংরক্ষণের বীজ রোপন করাই ফ্যাশন ঘরটির লক্ষ্য।