২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমের ডেজার্ট

রোজচিজ কেক এবং আম দিয়ে তৈরি ক্ষীরের পাটিসাপটা পিঠা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 03:11 PM

Updated : 12 Oct 2022, 03:46 PM

পাকাআম দিয়ে তৈরি করুন দুটি মিষ্টি পদ। রেসিপি দিয়েছেন লিন্ডা ইসলাম।

ম্যঙ্গো রোজ চিজকেক

উপকরণ: ক্রিম চিজ ২৫০ গ্রাম। পাকাআম ১টি। আমের রস আধা কাপ। ফ্রেশ ক্রিম ১৫০ গ্রাম। কনডেন্স মিল্ক ৩৫০ গ্রাম (বা বাজারে পাওয়া যায় ১ কৌটা পরিমাণ)। চায়না গ্রাস ১০ গ্রাম। আইসিংসুগার ৩ টেবিল-চামচ।

পদ্ধতি: প্রথমে ক্রিম চিজ, আমের রস, অর্ধেক ক্রিম, আইসিং সুগার একসঙ্গে বিটার দিয়ে বিট করে নিন।

তারপর চুলায় প্যান দিয়ে বাকি অর্ধেক ক্রিম আর কনডেন্সড মিল্ক মিশিয়ে জ্বাল দিতে হবে। ফুটে উঠলে চায়না গ্রাস মিশিয়ে ভালো করে নেড়ে দিন। ঘন হয়ে আসলে নামিয়ে ফেলুন।

চুলা থাকে নামানোর পর গরম ভাবটা কমলে আগে তৈরি করে রাখা চিজের মিশ্রণ মিশিয়ে দিন (বিটার লাগবে না, চামচ/স্প্যাচুলা দিয়ে)। ভালো করে মিশিয়ে গ্লাসে ঢেলে দিন। উপর দিয়ে আম দিয়ে গোলাপের নকশা করে পরিবেশন করুন। 

Image
আম দিয়ে গোলাপ বানানোর পদ্ধতি।

আম দিয়ে গোলাপ বানানোর পদ্ধতি।

গোলাপের নকশা তৈরির পদ্ধতি (ছবিতে দেওয়া হল)

১টি আমের দুই পাশের পুরু অংশ কেটে নিন। এরপর পাতলা পাতলা করে আবার কাটুন (ছবিতে খেয়াল করে দেখুন)। এরপর গ্লাসে ঢেলে রাখা চিজকেকের উপর প্রথমে মাঝের কলির অংশ বসান । এরপর বাকি পাতলা অংশগুলো চারদিক দিয়ে পাপড়ির মতো করে বসিয়ে দিন। এভাবে সব গ্লাসের কেকের উপর নকশা তৈরি করে ফ্রিজে রেখে দিন। এক ঘণ্টা পর সেট হলে পরিবেশন করুন।

আম-ক্ষীরের পাটিসাপটা

আমক্ষীর

উপকরণ: দুধ ২ কাপ। ঘন দুধ ১ কাপ (১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে ১ কাপ পরিমাণ করবেন)। পাকাআমের কাঁথ ১ কাপ। পোলাওয়ের চাল (ভিজিয়ে বাটা) ১/৮ কাপ। চিনি ২/৩ কাপ। সামান্য এলাচগুঁড়া।

পদ্ধতি: সব উপকরণ একসঙ্গে হাঁড়িতে চুলার আঁচে বসিয়ে দিন। ঘন ঘন নেড়ে ক্ষীর তৈরি করে নিন। খেয়াল রাখুন ক্ষীর যেন পুড়ে না যায়। মিশ্রণটা অর্ধেক ঘন হলেই হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে দিন। খুব ভালো করে ঘন হয়ে গেল নামিয়ে ফেলুন।

পাটিসাপটার ঘোলের জন্য

Image
আম-ক্ষীরের পাটিসাপটা

আম-ক্ষীরের পাটিসাপটা

উপকরণ: ময়দা ১ কাপ। দুধ দেড় কাপ। চিনি ৪ টেবিল-চামচ। চালের গুঁড়া ১/৪ কাপ। ডিম ১টি। সুজি আধা কাপ। সামান্য তেল।

পদ্ধতি: তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটা খুব পাতলা বা খুব ঘন হবে না।

পিঠা তৈরি: ননস্টিক প্যানে তেল ব্রাশ করে দিন। প্যান গরম হলে একটা ছোট কাপে পাটিসাপটার ঘোলের মিশ্রণ  নিয়ে প্যানে ঢেলে দিয়ে, প্যানের হাতল ধরে ঘুরিয়ে ছরিয়ে দিন। পিঠা হয়ে আসলে তাড়াতাড়ি আমক্ষীরের মিশ্রণ ঠিক মাঝখানে দিয়ে পিঠা রোল করে ফেলুন আর নামিয়ে নিন। এভাবে বাকিগুলো তৈরি করে পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।

কাঁচাআমের অম্বল

কাঁচাআমের আচার

আমের কাশ্মীরি আচার