২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শবেবরাতের আয়োজন ৩

ফ্লাওয়ার ব্রেড, নারকেল-সুজির হালুয়া এবং আমের হালুয়া তৈরির পদ্ধতি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 05:57 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

ফ্লাওয়ার ব্রেডের রেসিপি দিয়েছেন জেএন তোড়া। আর নারকেল-সুজির হালুয়া এবং আমের হালুয়ার রেসিপি দিয়েছেন রোয়েনা মেহজাবিন।

ফ্লাওয়ার ব্রেড

ডো’য়ের জন্য: ময়দা ৪ কাপ। ইস্ট ১ চা-চামচের একটু কম। গুঁড়াদুধ দেড় টেবিল-চামচ। চিনি দেড় টেবিল-চামচ। লবণ স্বাদ মতো। ডিম ১টি। তেল ২ টেবিল-চামচ।

পদ্ধতি: সব উপকরণ মিশিয়ে ডো তৈরি করে এক ঘণ্টা ঢেকে গরম জায়গায় রেখে দিন। তারপর ছবির মতো ফুলের আকার দিন। ছবিতে কিমার পুর দেওয়া হয়েছে। চাইলে দিতে পারেন। আর না দিলে ফুলের মতো তৈরি করে উপরে একটি ডিম ব্রাশ করে দিন।

এরপর ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ইলেকট্রিক ওভেনে ২০ থেকে ৩০ মিনিট বেইক করুন। আর মাইক্রোওয়েভ ওভেনে করতে চাইলে প্রথমে কনভেকশন সিস্টেমে সাত মিনিট বেইক করে পরে গ্রিল সিস্টেমে পাঁচ মিনিট বেইক করুন খয়েরি রং হওয়ার জন্য।

Image
ফ্লাওয়ার ব্রেড।

ফ্লাওয়ার ব্রেড।

যদি কিমার পুর দিতে চাইলে: কিমা ২০০ গ্রাম। পেঁয়াজকুচি আধা কাপ। আদাবাটা ১ চা-চামচ। রসুনবাটা ১ চা-চামচ। গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ। সয়া সস ২ চা-চামচ। কাঁচামরিচ ও ধনেপাতার কুচি। সামান্য লবণ। তেল প্রয়োজন মতো। পনির ইচ্ছে মতো।

কিমা তৈরি: প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ স্বচ্ছ হয়ে এলে পনির ছাড়া একে একে সব উপকরণ দিয়ে কিমা শুকনা করে ভুনে নিতে হবে।

নারকেল-সুজির হালুয়া

উপকরণ: কোড়ানো নারকেল আধা কাপ। সুজি আধা কাপ। চিনি পৌনে ১ কাপ। ঘি আর তেল মিলে ২ থেকে ৩ কাপ। গুঁড়াদুধ ১ কাপ । এলাচগুঁড়া আধা চা-চামচ। পানি দেড় কাপ। বিভিন্ন বাদাম কুচি ইচ্ছা মতো। কর্নফ্লেক্স আধা কাপ।

Image
নারকেল-সুজির হালুয়া।

নারকেল-সুজির হালুয়া।

পদ্ধতি: প্রথমে আধা কাপ দুধ, চিনি আর পানি একসঙ্গে চুলায় জ্বাল দিয়ে সিরা তৈরি করুন। প্যানে একটু ঘি দিয়ে বাদাম ভেজে তুলে আলাদা রেখে দিন।

বাদাম ওঠানো ঘিতেই সুজি হালকা বাদামি করে ভেজে নারকেল আর কর্ণফ্লেক্স দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবেন। তারপর আগেই তৈরি করে রাখা সিরা ঢেলে দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। হালুয়া ঘন হয়ে আসলে বাকি ঘি, অর্ধেক বাদামভাজা আর বাকি গুঁড়াদুধ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে রান্না করে নামিয়ে ফেলুন।

হালুয়া ঠাণ্ডা করতে দিন। একটু ঠাণ্ডা হয়ে আসলে ইচ্ছে মতো আকার দিয়ে বাদাম ছিটিয়ে পরিবেশন করুন।

আমের হালুয়া

উপকরণ: আমের পিউরি ৪ কাপ। ঘি আধা কাপ। কর্নফ্লাওয়ার ১ কাপ। চিনি স্বাদ মতো। কনডেন্সড মিল্ক আধা কাপ। চায়না গ্রাস ১০ গ্রাম (বাজারে পাবেন)।

চায়না গ্রাস পানিতে ভিজিয়ে রাখবেন আধা ঘণ্টা। এরপর চুলায় আঁচে গলিয়ে ফেলুন।

Image
আমের হালুয়া।

আমের হালুয়া।

পদ্ধতি: একটা বাটিতে কর্নফ্লাওয়ার, দেড় কাপ পানি আর চিনি একসঙ্গে গুলিয়ে রাখুন। প্যানে ঘি দিন, গরম করুন। গরম হলে আমের পিউরি ঢেলে দিয়ে। আমের পিউরিটা একটু গরম হলেই ওই চিনি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ মিশিয়ে দিন। ঘন ঘন নাড়তে থাকুন। হালুয়া ঘন হয়ে আসলেই চায়না গ্রাস দিয়ে দিন।

ভালো করে নেড়ে মেশান। হালুয়া হয়ে গেলে, শেষের দিকে নামানোর সময় আরও ২ টেবিল-চামচ ঘি দিয়ে হালকা নেড়ে নামিয়ে ফেলুন। একটা ট্রে কিংবা সমান ডিশে গরম গরম হালুয়া ছড়িয়ে দিন আর জমতে দিন। ঠাণ্ডা হয়ে জমে গেলে পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।

শবেবরাতের আয়োজন ১

শবেবরাতের আয়োজন ২