২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌন্দর্য্য আসলে কিসে?

সমাজের সিদ্ধান্তে নাকি আপনার নিজের আত্মবিশ্বাসে?

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 07:05 PM

Updated : 12 Oct 2022, 03:33 PM

সম্প্রতি একটা জরিপে দেখা গেছে শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্বের অন্যতম বড় বড় শহরের নারীরাও নিজেদের কে সহজে সুন্দর বলে পরিচয় দিতে চান না।  সম্প্রতি এমনই একটি জরিপ চালিয়েছিলো বিশ্বের অন্যতম পরিচিত হেয়ার শ্যাম্পু নির্মাতা প্রতিষ্ঠান ডাভ (Dove)। এই জরিপের জন্য তারা বিশ্বের ৫টি বড় শহরে (সান ফ্রান্সিস্কো, সাংহাই, দিল্লি, লন্ডন, আর সাও পাওলো) নারীদের যাতায়াত ও অবস্থানের জায়গাগুলোর প্রধান দরজাকে দুই ভাগে ভাগ করে দিয়েছিলো।

প্রথম প্রবেশ পথে উপরে সাইন বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিলো Beautiful বা সুন্দর এবং অন্য প্রবেশ পথের উপরে সাইন বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিলো Average বা সাধারণ।

টানা কয়েকদিন নারীদের প্রবেশ পর্যবেক্ষণ করে দেখা গেলো যে তারা সুন্দর প্রবেশ পথটি দিয়ে ঢুকতে বেশ দ্বিধা বোধ করেন। অনেকে দাঁড়িয়ে ভাবছিলেন কোন পথে ঢুকবেন। কেউ কেউ নিজেদের মধ্যে আলোচনা করেও নিচ্ছিলেন। শেষমেষ সবাই ওই সাধারণ দরজা দিয়েই ঢুকছিলেন।

কেন এমন করছিলেন তারা? এমন প্রশ্নের উত্তরটাও তারা দিলেন একটু দ্বিধাগ্রস্ত ভাবে, “আসলে আমি বুঝতে পারছিলাম না কোন দরজা দিয়ে ঢুকবো।”

অনেকে বলেছেন, “কিছু না ভেবেই সাধারণ দরজাটি দিয়ে ঢুকে পড়ছিলাম। কারণ সুন্দর ব্যাপারটা আমার মাঝে নেই বলেই আমার ধারণা। তাই সাধারণ দরজাটা বেছে নিয়েছি।”

আসলে ব্যাপারটি এমন হয়ে দাঁড়িয়েছে যে সমাজের মতামত অনুসারে সেসব নারী নিজেকে সাধারণ হিসেবেই বেছে নিয়েছেন। তারা বিশ্বাস করতে শুরু করেছেন যে সুন্দর হওয়ার যোগ্যতা তাদের মাঝে নেই। এই আত্মতুষ্টিহীনতার সূত্রপাত মূলত হয়েছে সামাজিক এক চোখা চাহিদা থেকে। গায়ের রং ফর্সা হলেই সুন্দর, এটি একরকম নিয়ম হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝে। বিশেষ করে উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে এই প্রভাব বেশি বিস্তার করেছে।

তবে এই জরিপের শেষদিকে একটু আশার ব্যাপার দেখা গেছে। যেসব নারী এতদিন নিজেদেরকে কেবল সাধারণ হিসেবে ভেবে আসছিলেন একদিন তারা সেই নিয়ম ভাঙলেন। একবারের জন্য হলেও নিজেকে সুন্দর ভাবার সিদ্ধান্ত নিলেন। আর সেই ‘সুন্দর’ সাইনবোর্ড দেওয়া প্রবেশ পথ দিয়ে ঢোকা শুরু করলেন। তারপর তাদের ধারণা বদলে গেল। তারা বুঝতে পারলেন, সুন্দর ভাবার সিদ্ধান্তটা তাদের নিজের, সমাজের নয়!

নিজেদের ধারণা বদলে যাওয়া এইসব নারীরা ভাবেন, তাদের মতো বিশ্বের সকল নারী ধীরে ধীরে নিজেদের দ্বিধাবোধ থেকে নিজেকে বের করে আনুক। নিজেদের সুন্দর ভাবতে শিখুক। এমন দিন তারা দেখতে চান, যেদিন সাধারণ নারীর দরজাটা একেবারে খালি হয়ে যাবে। আর সুন্দরীদের দরজা দিয়ে সবার প্রবেশ করার হিড়িক পড়বে।

Dove এর জরিপের ভিডিওটি দেখুন http://bit.ly/1a1thTy