২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় টোকিও

গুলশান দুইয়ের ৫১ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির তিনতলায় উঠে অবস্থান এই ছোট্ট, ছিমছাম জাপানি রেস্তোরাঁ টোকিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 09:06 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

ছোট্ট, কারণ বসার ব্যবস্থা আছে ৪৮ জনের। আর ভেতরটা সাজানো খুবই ছিমছামভাবে। একদিকে বসার জন্য মাটিতে ম্যাট পাতা আর ছোট্ট টেবিল, যেটা জাপানিদের ঐতিহ্যগত রীতি। আর অন্যপাশে চেয়ার-টেবিলে বসা যায়। উপর থেকে ঝুলিয়ে দেওয়া বাঁশের চিকের সঙ্গে নিচে হেলান দিলেও পাওয়া যায় বাঁশের ছোঁয়া! আর বাঁশের এই ব্যবহার রেস্তোরাঁজুড়েই তৈরি করে এক ধরনের প্রাকৃতিক বাতাবরণ।   

কিচেনের কর্মকাণ্ড বেশ খানিকটা দেখা যাবে এই রেস্তোরাঁয় ঢুকতে গেলেই। রসুইঘর সামলান টোকিওর এক বাসিন্দা তাইজো সাইতো।

Image
ক্যালিফোর্নিয়া রোল

ক্যালিফোর্নিয়া রোল

Image
রামেন নুডুলস

রামেন নুডুলস

মাটিতে বসে নিচু টেবিলে অল্পকিছুক্ষণ অপেক্ষা করতেই চলে এল দুই পদের সুশি। টুনা ও স্যামন রোলে আছে কিছু ‘টিপিকাল’ স্বাদ। ‘স্টিকি’ রাইসের মধ্যে কিছু ‘মালমসলা’ আর উপরে টুনা ও স্যামনের কাচা টুকরো রোলে মোড়ানো। ব্যবস্থাপক কামরুল হাসান জানান, এই রাইস নাকি অর্গানিক। সাভারের একটি কৃষিখামার থেকে আসে এই চাল। ফরমালিনের ‘আতঙ্ক’-র যুগে এটা বোধহয় এক ধরনের স্বস্তির কথাই! সঙ্গে আছে ‘বিনিপয়সার’ ওয়াসাবি ও স্পেশাল সুশি সস। শেফ সাইতো জানান, সব সসই তৈরি হয় টোকিওর রসুইঘরেই।

ইয়াকিতরি চিকেন লেগ প্যান ফ্রাইড আর ‘খাসা’ রকমের নরম। চিকেনে ছিটিয়ে দেওয়া সসটিও বেশ। হালকা একটু মিষ্টি ধাঁচও আছে। ‘সাবাড়’ করতে সময় নিল বেশ কম।

ইয়াকিতরি চিকেন ব্রেস্ট একইভাবে বানানো হলেও উপরে ছিটানো তেতুলের সস বেশ যুতসই।

Image
গ্রিল্ড টুনা

গ্রিল্ড টুনা

Image
রাইস বোল

রাইস বোল

জাপানে রামেন নুডুলসের জনপ্রিয়তা ঈর্ষনীয়। খেলে যে জিনিসটি ভালো লাগবে, তা হল এর ভেতর ব্যবহৃত স্টক! সুপের মতো গরম গরম খেতে দারুণ। আর বিফ হলে এই স্টকে ব্যবহার করা গরুর হাড় সিদ্ধ করা হয় ৮ ঘণ্টা ধরে। মাংসও রান্না করা হয় দীর্ঘসময়। আর তাই অত্যন্ত নরম হয় খেতে। আর নুডুলস এই সুপের উপর ঢেলে ছিটিয়ে দেওয়া হয় তাজা ‘স্প্রিং ওনিয়ন’ (পেঁয়াজের সবুজ পাতা)। লম্বাসময় ধরে রান্না মাংস আর সতেজ পেঁয়াজপাতা খাবারটির স্বাদে এক চমৎকার ‘রং’ যোগ করে যেন। আর এই নুডুলসের সুপ জাপানিরাও একটু চুমুক দিয়ে তৃপ্তিভরেই খায়। দামটি কিন্তু একেবার সস্তা না, ৮৮০ টাকা পড়বে।

হাসান আবার যোগ করেন, ‘আমাদেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান মাংসের ব্যবসায় জড়িত আর তাই রামেন নুডুলসের স্টক বরাবরই আমাদেরটা হবে ফ্রেশ ও বিশেষ স্বাদের।’     

Image
কানি ক্রিম ক্রকেট

কানি ক্রিম ক্রকেট

Image
অন্দরসজ্জায় বাঁশের ব্যবহার

অন্দরসজ্জায় বাঁশের ব্যবহার

Image
টোকিও’র খাবার

টোকিও’র খাবার

গিউদন হচ্ছে বিফ রাইস বোল, এতে যে মাংস দেওয়া হয় তাও বহু ঘণ্টা ধরে। আর ভাতের চাল আবারও অর্গানিক! মাংস নরম, শেফ সাইতোকে এর কারণ জিজ্ঞাসা করা হলে মেলে এই উত্তর-- জাপানি খাবারে মাংসের চল খুব বেশি আগে শুরু হয়নি, মাছই শতসহস্র বছর ধরে আমাদের অন্যতম খাদ্য উপকরণ আর তাই হয়ত নরমই আমাদের পছন্দ।   

দিনের স্পেশাল খাবারের তালিকায় ছিল গ্রিল্ড টুনা। বেশ বড় একটি টুকরা চমৎকার করে কেটে গ্রিল করা। বেশ ভালো আর তাজা ভাবটিও পরিষ্কার। জানা গেল, কক্সবাজারে বাছাই করা মৎস্যজীবীদের কাছ থেকে সংগ্রহ করা হয় প্রমাণ সাইজের সব টুনা। ঢাকায় দ্রুত নিয়ে আসা হয় আর তাতেই এই ফ্রেশনেস! স্বাদে জাপানি টুনা থেকে কিছুটা আলাদা হলেও তাজা ভাবটি অটুট।  

এই রেস্তোরাঁর ‘শো স্টপার’ হল কানি ক্রিম ক্রকেট। ক্রকেট আদতে ফরাসি শব্দ হলেও এই খাবারে আছে জাপানি ছোঁয়া। মুখে দিলে রীতিমতো মাখনের মতো গলে যাবে! একটিতে সন্তুষ্ট থাকা দায় হয়ে দাঁড়াতে পারে। এক প্লেইটে ৪ টুকরোর ক্রকেটের জন্য গুনতে হবে ৪৮০ টাকা।   

আছে কয়েক ধরনের পানীয় ও মিঠাই। 

ছিমছাম পরিবেশে কিছুটা সময় নিয়ে খেতে চাইলে এখানে ঢুঁ মারা যেতে পারে।

ছবি: তানজিল আহমেদ জনি