২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উঠানের খাবার

ধানমন্ডির সীমান্ত স্কয়ারের আঙিনায় কয়েক বছর ধরে বসেছে খাবার দোকান। দেখলে মনে হবে যেন মেলা চলছে। শুধু ফুচকা নয়, বিক্রি হয় বার্গার, নুডুলস, পিৎজা, স্যান্ডউইচসহ নানান রকম মুখরোচক খাবার।

মামুনুর রশীদ শিশির

মিথুন বিশ্বাস ও , বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 08:20 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

এসব দোকানে অর্ডার করে নিজের মতো বসে পড়ুন উঠানে পাতা চেয়ারে। খেতে খেতে গল্প আর আড্ডা দিন যতক্ষণ খুশি। কেউ কিছু বলবে না। তবে রাত আটটার পর সাধারণত বন্ধ হয়ে যায় এই আয়োজন।

পিৎজা ইতালিয়ানো

সীমান্ত স্কয়ারের বামদিক দিয়ে ঢুকেই হাতের ডানে প্রথম দোকান। চার ধরনের পিৎজার পসরা সাজিয়ে বসেছে তারা। মোহাম্মদপুরের নিজেস্ব ফ্যাক্টরি থেকেই পিৎজাগুলি আধা প্রস্তুত অবস্থায় নিয়ে আসা হয়, জানালেন পরিচালক জাকির হোসেন। ৬ ইঞ্চি পিৎজার দাম শুরু হয় ২৫০ টাকা থেকে। এছাড়াও এখানে পাওয়া যাবে ইগলুর ৮ ধরনের আইসক্রিম, দাম ১শ' টাকা থেকে শুরু।

কুইকবাইট

প্রায় আড়াই বছর ধরে এই দোকানের সঙ্গে জড়িত ফরহাদ হোসেন বলেন,  "আমাদের বেশিরভাগই স্যান্ডউইচ আইটেম। এছাড়া বারবিকিউ চিকেন ও স্পাইসি চিকেনের বিক্রিও কম নয়।"

দামের তালিকাটি ১৪০ টাকা থেকে ২৩০ টাকার মধ্যে সীমাবদ্ধ, জানালেন হোসেন।

হট অ্যান্ড রোল

দুই বছর ধরে সাব স্যান্ডউইচ বিক্রি করছে এই দোকান। জানালেন পরিচালনার দায়িত্বে থাকা মোহাম্মদ রিয়াজ। এছাড়াও আছে চিকেন ও পনিরের তৈরি ক্রেপ, দাম শুরু হয় ১৬০ টাকা থেকে। তবে ‘সাব’ স্যান্ডউইচের চাহিদাই বেশি বলে জানালেন রিয়াজ। উত্তরায় একটি রেস্তোরাঁও আছে তাদের।

প্রমিনেন্ট সুইটস

পিৎজা, পাস্তা, সাব স্যান্ডউইচ বিক্রি করছেন তারা। মিষ্টি নিয়ে যাত্রা শুরু হলেও এই খাবারের চাহিদা কম হওয়ায় এখন শুধু ফাস্টফুড বিক্রি করছেন বলে জানালেন শিল্পী আখতার। চিকেন পিৎজা, হোয়াইট সস পিৎজা ও পাস্তা সবচাইতে বেশি বিক্রি হয় বলে দাবি করলেন তিনি। দাম দেড়শ থেকে আড়াইশ টাকা।

মিলা ফাস্টফুড

খাবার তৈরির দায়িত্বে মোহাম্মদ ইমু জানান, প্রায় দুই বছর ধরে এখানে খাবার বিক্রি করছেন তারা। পাওয়া যায় নাচোস, টাকো, চিকেন ফ্রাই, চিকেন ও বিফ শর্মা। দাম ২শ' থেতে আড়াইশ টাকা।

শর্মা ক্লাব

কর্ণধার আজিজুল শেখ, ব্যবসা করছেন প্রায় ২ বছর ধরে। তিনি জানান, সবচাইতে বেশি চাহিদা চিকেন পাস্তা ও চিকেন শর্মা। অনান্য খাবারের সঙ্গে পাওয়া যাবে নাচোসও। দাম ২শ' থেকে আড়াইশ টাকা।

এনবি ফুড কোর্ট

বিভিন্ন ধরনের খাবারের আয়োজন দেখা গেল এখানে। একদিকে আছে সামুদ্রিক খাবার স্কুইড ফ্রাই, অন্যদিকে আছে ভারতীয় খাবার পানিপুরি, চুড়মুড় ইত্যাদি। এছাড়াও ‘সাব’ স্যান্ডউইচ, চিকেন পাস্তা তো থাকছেই। দাম ২শ' থেকে ৩শ' টাকা।

টেইক আউট

বার্গারই তাদের প্রধান খাবার। অর্ডার করার সময় নিজের পছন্দমতো ঝাল বাড়াতে বা কমাতে পারবেন। রয়েছে রেগুলার, স্পাইসি ও এক্সট্রা স্পাইসির সস। দোকনেই তৈরি হয় বার্গারের প্যাটিগুলো। মাংস আনা হয় বেঙ্গল মিট থেকে, জানালেন অন্যতম কর্ণধার ইবাদুল ইসলাম।

স্পাইসি বাইট

দেড় বছর ধরে চলছে সাব্বির হোসেনের স্পাইসি বাইট কার্টটি। সবচাইতে বেশি বিক্রি করেন নাচোস ও টাকো।

ড. ডি

চালাচ্ছেন মোহাম্মদ আকবর, আর তাকে সাহায্য করতে আছেন আরও চারজন কর্মচারী। ২ বছর ধরে চলছে। আকবরের মতে সবচাইতে বেশি বিক্রিত খাবারগুলো হল দোসা, তন্দুরি চিকেন ও বার্গার।

টেকিয়া

বলা যায় এখানকার সবচাইতে দর্শণীয় দোকান হচ্ছে টেকিয়া। নামটি একটু ভিন্ন শোনানোর কারণ হল এখানে বিক্রি হয় জাপানি খাবার। মেন্যুর আকারটি একটু ভড়কে যাওয়ার মতো। ঢাকার বেশকিছু রেস্তোরাঁর মেন্যুতে খাবারের সংখ্যা এর থেকে কম!

এখানকার খাবার কিন্তু চাইলে ইন্টারনেটেও অর্ডার দেওয়া যায়। ফুডপান্ডা ডটকম এই খাবার পৌঁছে দিবে আপনার দরজায়।

খাবারের দাম ২২০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। এখানে অক্টোপাসের শুশিও পাওয়া যায় বলে জানান, এর পরিচালনায় থাকা শফিকুল ইসলাম।

তিনি দাবি করেন, টোকিওতে আট বছর কাজ করার অভিজ্ঞতা থেকে জাপানি খাবারের খাঁটি স্বাদই তিনি এখানকার ক্রেতাদের দিতে পারেন।