২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহারি লেগিংস

একটা সময় ছিল যখন লেগিংস বললেই মাথায় আসত কালো বা কালোর কাছাকাছি গাঢ় রংগুলো। মেয়েদের পছন্দের তালিকার শীর্ষে ছিলো কালো লেগিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 09:00 AM

Updated : 13 Oct 2022, 12:26 PM

তবে যুগের পরিবর্তনে চলতি ফ্যাশনে স্থান করে নিয়েছে উজ্জ্বল রংগুলো।

এ বছরের ফ্যাশনে কিশোরী এবং তরুণীদের ফ্যাশনের তালিকায় স্থান করে নিয়েছে প্রিন্টেড লেগিংস। পোলকা ডট, এনিমেল প্রিন্ট, ট্রাইবাল প্রিন্ট, ফ্লোরাল প্রিন্ট ইত্যাদি বিভিন্ন ধরনের প্রিন্টেড লেগিংস বেশ জনপ্রিয়।

Image
প্রিন্টেড লেগিংসের সঙ্গে এক রংয়ের লং কুর্তি, ঢোলা লং টপস এবং লং শার্টই বেশি ভালো লাগে। মডেল: মুমু / ছবি: ই স্টুডিও।

প্রিন্টেড লেগিংসের সঙ্গে এক রংয়ের লং কুর্তি, ঢোলা লং টপস এবং লং শার্টই বেশি ভালো লাগে। মডেল: মুমু / ছবি: ই স্টুডিও।

দেশীয় পোশাক ঘর মায়াসিরের কর্ণধার মাহিন খান বলেন, “লেগিংসে অতিরিক্ত নকশা এবং ছাপা সাধারণভাবেই অনেক বেশি চোখে পড়ে। আর তাই প্রিন্টেড লেগিংসের সঙ্গে লম্বা কামিজ, হাঁটুর নিচ পর্যন্ত লম্বা টপস, ঢোলা কুর্তি ইত্যাদি বেশি মানানসই।”

তিনি আরও বলেন, “লেগিংস যেহেতু গায়ের সঙ্গে এঁটে থাকে তাই এর সঙ্গে শর্ট টপস না পরাই ভালো।”

উজ্জ্বল রংয়ের প্রিন্ট বা জংলি ছাপার লেগিংস দৃষ্টি আকর্ষণ করে বেশি। তাই করপোরেট অনুষ্ঠান বা ফরমাল অনুষ্ঠানে উগ্র রংয়ের লেগিংস এড়িয়ে চলাই ভালো বলে মনে করেন মাহিন খান। তাছাড়া প্রিন্টেড লেগিংসের সঙ্গে প্রিন্টেড টপস না পরাই ভালো। কারণ এতে করে তা অনেকটাই দৃষ্টিকটু লাগতে পারে।

মাহিন খান বলেন, “প্রিন্টেড লেগিংসের সঙ্গে এক রঙা টপস বা কুর্তি মানানসই। লেগিংসের প্রিন্টগুলোর মধ্য থেকে একটি রং বেছে টপস নিলেই মানিয়ে যাবে।”

লেগিংসের সঙ্গে পরা যেতে পারে ফ্ল্যাট স্যান্ডেল ও ব্যালেরিনা সু। তবে চাইলে প্ল্যাটফর্ম হিল দিয়েও পরা যাবে। তবে পেনসিল হিল একেবারেই বেমানান লেগিংসের সঙ্গে।

“তরুণী এবং কিশোরীদের জন্য প্রিন্টেড লেগিংস বেশি মানানসই। কেউ যদি পোশাকের সঙ্গে মানিয়ে নিতে পারেন তবে যে কেউ এটি পরতে পারেন। ভারি গড়নের মেয়েদের বড় প্রিন্টের লেগিংস এড়িয়ে চলাই ভালো।” পরামর্শ দিতে গিয়ে বললেন মায়াসিরের ডিজাইনার মাহিন খান।

Image
আত্মবিশ্বাসের সঙ্গে পরলে যে কাউকেই যে কোনো পোশাক মানিয়ে যায়। মডেল: জিতু / ছবি: ই স্টুডিও।

আত্মবিশ্বাসের সঙ্গে পরলে যে কাউকেই যে কোনো পোশাক মানিয়ে যায়। মডেল: জিতু / ছবি: ই স্টুডিও।

সাদিয়া হেদায়েত, কাজ করেন একটি বেসরকারি ফার্মে। উজ্জ্বল রংয়ের পোশাক খুবই পছন্দ তার। আর হাল ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলতেও পছন্দ করেন। তাই প্রিন্টেড লেগিংস পরতেও ভালোবাসেন।

সাদিয়া বলেন, “ক্যাজুয়াল পোশাক হিসেবে প্রিন্টেড লেগিংস খুবই পছন্দ করি। আমি মনে করি আত্মবিশ্বাসের সঙ্গে পরলে যে কাউকেই যে কোনো পোশাক মানিয়ে যায়। তবে পোশাকটি সঠিকভাবে উপস্থাপন করাটাই বেশি গুরুত্বপূর্ণ।”

“প্রিন্টেড লেগিংসের সঙ্গে এক রংয়ের লং কুর্তি, ঢোলা লং টপস এবং লং শার্টই বেশি ভালো লাগে।” বলেন সাদিয়া।

তিনি আরও বলেন, “ঘোরাঘুরি, অফিস এবং ঘরোয়া পার্টিতে প্রিন্টেড লেগিংস বেশ ভালোলাগে আমার। তবে লেগিংসের সঙ্গে টপস এবং স্যান্ডেল বাছাইয়ের সময় একটু নজর রাখা উচিত।”

লেগিংস দিয়ে বর্তমান ফ্যাশনের সঙ্গে মানানসই ভিন্ন কাটের কুর্তি, টপস এবং কামিজ পরা যায়। তবে কামিজের দু’পাশে কাটা থাকলেও তা যেনো বেশি বড় না হয়। এ ব্যাপারে লক্ষ রাখতে পরামর্শ দিলেন ডিজাইনার মাহিন খান।

Image
লেগিংসের প্রিন্টগুলোর মধ্য থেকে একটি রং বেছে টপস নিলেই মানিয়ে যাবে। মডেল: নিবেদিতা / ছবি: ই স্টুডিও।

লেগিংসের প্রিন্টগুলোর মধ্য থেকে একটি রং বেছে টপস নিলেই মানিয়ে যাবে। মডেল: নিবেদিতা / ছবি: ই স্টুডিও।

প্রিন্টেড লেগিংসের সঙ্গে একটু ঢিলেঢালা টপসই মানায়। তবে ফিটিংস টপস পরলে ওপরে একটি কোটি পরে নেওয়া যেতে পারে।

প্রিন্টেড লেগিংস হাল ফ্যাশনের ক্যাজুয়াল পোশাক হিসেবে ভীষণ জনপ্রিয়। এর সঙ্গে মোটা ব্যাঙ্গেলস বা বালা, কানে ঝোলানো দুল পরলে বেশ ভালো লাগবে বলে জানালেন মাহিন খান।

প্রিন্টেড লেগিংস বা এক কালারের লেগিংসের মান ভেদে দাম পড়বে ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

ভালো মানের লেগিংসের জন্য খুঁজে দেখতে পারেন ফ্যাশন হাউজগুলোতে। ইয়েলো, আরবান ট্রুথ, ক্যাটস আই, একস্টাসি, পিঙ্ক সিটি, বসুন্ধরা সিটি, যমুনা ফউচার পার্ক ইত্যাদি ফ্যাশন ঘর এবং শপিং মলগুলোতে ঘুরে দেখতে পারেন।

তবে কমের মধ্যে চাইলে ঢাকা কলেজের বিপরীতে বদরুদ্দোজা মার্কেট, নূরজাহান মার্কেট এবং নিউ মার্কেটেও খুঁজলে পাওয়া যাবে প্রিন্টেড লেগিংস।