২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতের শোভা হাতঘড়ি

মোবাইলের যুগে সময় দেখার জন্য ঘড়ির প্রয়োজন কমলেও, সময় দেখার এই যন্ত্রের চাহিদা এখনও কমেনি। কারণ হয়তো শুধু সময় জানাতে নয়, হাতের ঘড়িটি একজন মানুষের ব্যক্তিত্বও প্রকাশ করে থাকে। এছাড়া উপহার হিসেবেও দারুণ এই হাতঘড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মামুনুর রশীদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 10:12 AM

Updated : 13 Oct 2022, 12:18 PM

হাতঘড়িতেও লেগেছে প্রযুক্তির উন্নয়নের ছোঁয়া। ব্যাটারি চালিত তিন কাটার ঘড়িতেই সীমাবদ্ধ নয় হাতঘড়ির বাজার। সময়ের পাশাপাশি দিন, তারিখও জানাচ্ছে হাতঘড়ি। কম্পাসের সাহায্যে দিতে পারে দিক নির্দেশনা।

ইকোড্রাইভ বৈশিষ্ট্যযুক্ত ঘড়িগুলো চলে সৌর-শক্তিতে। মেকানিকাল স্প্রিং ঘুরিয়ে চালানো যায় মেকানিকাল ঘড়ি। এমনকি পরিধানকারীর হাতের নড়াচড়া ও পালস দিয়েও চলতে পারে, যাকে বলে কাইনেটিক ঘড়ি। এছাড়াও পানি প্রতিরোধের পাশাপাশি ইলেকট্রিক শক প্রতিরোধ করতে পারে এরকম ঘড়িও আছে।

ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, পলওয়েল মার্কেট ও অন্যান্য বড় মার্কেটগুলোতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের হাতঘড়ি। আর ঢাকার প্রায় সব মার্কেটেই পাওয়া যায় নন-ব্র্যান্ডের ঘড়ি। তবে এলিফ্যান্ট রোড, ফার্মগেইট, র‌্যাঙ্গস আনাম প্লাজা, রাপা প্লাজা ইত্যাদি অন্যতম। সাধ ও সাধ্য অনুযায়ী দুই’শ টাকা থেকে শুরু করে পনের লাখ টাকা পর্যন্ত ঘড়ি পাওয়া যাবে এসব মার্কেটে।

বাংলাদেশে হাতঘড়ি আমদানীকারকদের মধ্যে টাইম জোন, টাইম ভিউ, ওয়াচেস ওয়ার্ল্ড ইত্যাদি অন্যতম। লেডিস এবং জেন্টস সব ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ফরমাল ও ক্যাজুয়াল ঘড়ি পাওয়া যাবে এদের শোরুমগুলোতে। এ শোরুমগুলো ঘুরেই জানা গেলো বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ির দরদাম।

টাইম জোন

কল্লোল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাভুক্ত এই ঘড়িঘরের সারাদেশে মোট ৩২টি শোরুম আছে, জানালেন টাইম জোনের বসুন্ধরা শোরুমের ম্যানেজার সাইফুল হাসান।

তিনি বলেন, “বিভিন্ন দেশের প্রায় ২৩টি ব্র্যান্ডের ঘড়ি বিক্রি করি আমরা। এদের মধ্যে রাডো, টিসোট, লংজিনেস, টাইটান, ক্রেডেন্স, ফাসট্র্যাক ব্র্যান্ডগুলোর চাহিদা সবচেয়ে বেশি।”

রাডোর ঘড়িগুলো কেনা যাবে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৭০ হাজার টাকায়। টিসোট পাওয়া যাবে ২০ হাজার টাকা থেকে ২ লাখ টাকার মধ্যে। লংজিনেস-এর দাম পড়বে ৮৬ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। ১ হাজার টাকা থেকে ৬৮ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে টাইটান।

তরুণ প্রজন্মের কাছে অতি পরিচিত ফাসট্র্যাক-এর ঘড়িগুলোর দাম পড়বে ২ হাজার সাত’শ  টাকা থেকে ১৩ হাজার টাকা।

টাইম ভিউ

এমিকা, সুইস্টার, ক্যাসিও, লোবর, ভিকটোরি নক্স, বারবারি ও রয়েল ক্রাউনের ঘড়িগুলো পাওয়া যাবে এদের শোরুমে। তাদের সর্বমোট ৮টি শোরুমের সবগুলোই বসুন্ধরা সিটিতে, জানিয়েছেন শোরুমের ম্যানেজার শুভ ডি. কস্তা।

এমিকা পাওয়া যাবে আড়াই হাজার টাকা থেকে ১০ হাজার টাকায়। সুইস্টারের দাম ৫ হাজার ৯শ’ টাকা থেকে ৭২ হাজার টাকা। ক্যাসিও, এডিফাইস ও জিসক কিনতে গুণতে হবে ৮ হাজার টাকা থেকে ১ লাখ ২৫ হাজার টাকা।

লোবর পাওয়া যাচ্ছে ৩ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকায়। বারবারি’র দাম পড়বে ১৫ হাজার টাকা থেকে ১ লাখ ৯৫ হাজার টাকা। ভিকটোরি নক্স সুইস আর্মির ঘড়িগুলো পাওয়া যাবে ৩৮ হাজার টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে। ৬ হাজার থেকে ১৮ হাজার টাকায় পাওয়া যাবে রয়েল ক্রাউন এর ঘড়িগুলো। এছাড়া আড়াই হাজার থেকে ৮ হাজার টাকায় পাওয়া যাবে নন-ব্র্যান্ডের ঘড়িগুলো।

ওয়াচেস ওয়ার্ল্ড

বসুন্ধরা সিটি ও গুলশান ১ নম্বরে রয়েছে তাদের শোরুম। জানালেন ম্যানেজার রাজন আবেদিন। ফসিল, ডিজেল, এম্পোরিও আরমানি, পোলিস, ডিকেএনওয়াই, মার্ক জেকবস, স্কাজন, এইনার, টিডব্লিউ স্টিল ও লুমিনোক্স এই ১১টি ব্র্যান্ডের ঘড়ি বিক্রি করেন তারা।

দাম পড়বে ফসিল সাড়ে ৯ হাজার থেকে ২৮ হাজার টাকা। ডিজেল ১০ হাজার থেকে ৪৮ হাজার টাকা। এম্পোরিও আরমানি ২০ হাজার থেকে ৬৫ হাজার টাকা। স্কাজন ১০ হাজার থেকে ২১ হাজার টাকা। পোলিস ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা। ডিকেএনওয়াই সাড়ে ৭ হাজার থেকে ৩২ হাজার টাকা। মার্ক জেকবস ১৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা। এইনার ২৫ হাজার থেকে ৮০ হাজার টাকা। টিডব্লিউ স্টিল ৩২ হাজার থেকে ১ লাখ ৭ হাজার ও লুমিনোক্স ৩৬ হাজার থেকে ১ লাখ ২৪ হাজার টাকা।

আমদানিকারকদের শোরুম বা মার্কেটের বড় দোকানগুলো ছাড়াও ঢাকা শহরে ছড়িয়েছিটিয়ে আছে ছোটবড় অসংখ্য ঘড়ির দোকান। ব্র্যান্ডের ঘড়িগুলোর দাম বেশি হলেও গুণগত মান ও স্থায়িত্ব তুলনাহীন। সঙ্গে পাওয়া যায় ১ বছর থেকে ২ বছরের ওয়ারেন্টি।

তবে ওয়ারেন্টি না থাকলেও নন-ব্র্যান্ডের ঘড়িগুলোর মধ্যেও আছে অসংখ্য মানসম্মত ঘড়ি। যেগুলোর দাম দুই’শ থেকে ৫ হাজার পর্যন্ত হতে পারে।

ছবি: শিশির।