বাংলাদেশ ট্র্যাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার ২০১৪
মানুষের মাঝে, এই আজব কারখানাতে বাস করে ভবঘুরে চরিত্র। তাই সময়ে-অসময়ে ‘কাজে-অকাজে’ ঘর ছেড়ে বেরিয়েছে মানুষ। গ্রামাঞ্চলে, ঠিক আমাদের আজকের যুগের পরিচিত ‘পর্যটক’ রুপ ধারণ করে ঘোরাঘুরির চল খুব একটা না থাকলেও, শহরাঞ্চলে এটি বহুল চর্চিত। উৎসবে-পার্বণে বাড়ি যাওয়ার সেই চল থেকেই আজ, দেশ-বিদেশ দাঁপিয়ে বেড়াচ্ছে বাঙালি।
আর তেমন সব মানুষের জন্যই রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার থেকে শুরু হয়েছে, বাংলাদেশ ট্র্যাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার-বিটিটিএফ ২০১৪। এই মেলা চলবে রোববার পর্যন্ত। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সহায়তায় ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) এই নিয়ে পঞ্চমবারের মতো আয়োজন করেছে এই মেলা।
এক ছাদের নিচে দেশে-বিদেশে ঘুরতে যাওয়ার নানান আয়োজন নিয়ে হাজির প্রায় ১০০টি প্রতিষ্ঠান। অধিকাংশই ট্যুর অপারেটর কোম্পানি হলেও, দেখা মিলবে এয়ারলাইন্স, হোটেল-রেস্টুরেন্ট-রিসোর্টের স্টল।
যেমন, এখনো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেনি মৌলভীবাজারের ‘দুসাই রিসোর্টস এন্ড স্পা’। তবে এরই মধ্যে গেল বছর অক্টোবরে, আংশিক সেবা নিয়ে পর্যটকদের সামনে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি। যার আভিধানিক নাম ‘সফট লঞ্চিং’। লক্ষ্য, গ্রাহকের চাহিদা বুঝে সেবার মান আরো উন্নত করা।
এমনিভাবে সারা বিশ্বে পর্যটন খাতের বিভিন্ন রকমের সেবা, গাইডেড ট্যুর, টিকেটিং, থাকা-খাওয়াসহ আনুষাঙ্গিক বিভিন্ন রকম সেবা দিতে মেলায় স্টল দিয়েছে প্রায় ৭০টি দেশীয় প্রতিষ্ঠান। পাশাপাশি, নিজের দেশের পর্যটন খাতের দূত হিসেবে মেলায় অংশ নিতে এসেছে- ভারত, ভুটান, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন কোম্পানি।
মেলায় অংশ নিতে আসা ভারতের ‘ইনবাউন্ড ট্যুর অপারেটরস কাউন্সিল’-এর সভাপতি শুদ্ধব্রত দেবের সঙ্গে কথা বলে জানা গেল, প্রায় ১৫ বছর ধরে বাংলাদেশে যাতায়েত তার। এদেশের পর্যটকদের যেমন ভারত ঘুরে দেখবার ব্যবস্থা করে দিচ্ছেন, ঠিক তেমনি বাংলাদেশকে তুলে ধরছেন ভারতীয়দের কাছে।
ভ্রাতৃত্বপূর্ণ আলোচনার এক পর্যায়ে জানালেন, গেল বছর দুয়েক মন্দা গেলেও এ বছর ফেব্রুয়ারির পর থেকে এপার-ওপারের মানুষ যেভাবে একে-অপরের দেশে ঘুরে বেড়িয়েছেন, সেই সংখ্যাটা উৎসাহব্যঞ্জক এবং নিঃসন্দেহে যেকোনো সময়ের চেয়ে বেশি।
শুদ্ধব্রত জানালেন, বরাবরের মতোই এবারও আয়োজকদের আতিথেয়তায় মুগ্ধ তিনি। একইসঙ্গে এই ধরনের ‘ট্রেড ফেয়ার’ পর্যটন শিল্পের জন্য কতটা জরুরী সেটাও মনে করিয়ে দিলেন।
তবে বিদেশিদের মধ্যে বেশ ঠাঁটবাঁট নিয়েই হাজির হয়েছে ‘মালয়েশিয়া ট্যুরিজম’। জানালেন, টোয়াবের সভাপরি তৌফিক উদ্দিন আহমেদ। মারলিন্ডো ও মালয়েশিয়ান এয়ারলাইন্সের মতো দুটি প্রতিষ্ঠান ছাড়াও আরো চারটি ট্যুর অপারেটর কোম্পানিসহ মেলায় আটটি স্টল তাদের। যদিও এত আয়োজনের মাঝেও পর্যটন শিল্পে যথাযথ সরকারি প্রনোদনা না পাওয়ায়, কিছুটা ক্ষোভও ঝরলো তার কন্ঠে।
বলা যেতে পারে ‘এমএসসি ক্রজেজ’-এর কথা। মাত্র ৬ মাস আগে ঢাকায় যাত্রা শুরু করেছে ‘গাইডেড ক্রুজ ট্রিপ’ আয়োজন করা এই প্রতিষ্ঠানটি। এই সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানের ইউরোপেই যাতায়েত বেশি হলেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মধ্য এশিয়া, লাতিন আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার মতো জায়গায় যাওয়ার জন্য ১২টি যাত্রীবাহী জাহাজ আছে।
অন্যদিকে বিদেশের পাশাপাশি বাংলাদেশের ভিতরেও ভ্রমনপ্রেমীদের বিভিন্ন পছন্দের জায়গায় ‘গাইডেড ট্যুর’ আয়োজন করার কথা জানিয়েছে ‘গ্লোরি হলিডেজ’।
সুতরাং আর দেরি করে লাভ নেই। কদিন পরই আসছে ঈদের ছুটি, এরপর ‘পর্যটন মৌসুম’ শীতকাল। তাই ভবঘুরে হওয়ার জন্য কোথায় যাবেন তা ঠিক করতে চলে যেতে পারেন এই মেলায়। রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩০ টাকার টিকিট কেটে ঘুরে-দেখে আসতে পারেন এই আয়োজন।
কে জানে পছন্দ হলে আপনিও হয়তো সামনের ছুটির কোনো একটা হিল্লে করতে পারবেন। কারণ মেলা উপলক্ষে প্রায় সবগুলো প্রতিষ্ঠানই বিভিন্ন মাত্রার ছাড় দিচ্ছে। পাশাপাশি সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও টিকিটের উপর র্যা ফেল ড্র।
তাই ভবঘুরে না হলেও, পর্যটকের মতো ঘুরে বেড়াবার একটা ব্যবস্থা তো হয়েই যেতে পারে এই সুযোগে।
ছবিঃ ফায়হাম ইবনে শরীফ
