সাইকেল এবং বাংলাদেশ
বাংলাদেশের পপগুরু আজম খান বেঁচে থাকলে হয়তো আলাল-দুলাল গানের দ্বিতীয় সংস্করণ তৈরি করতেন। শুধু চানখারপুলেই নয়, শতশত তরুণ এখন প্যাডেল মেরে বাংলাদেশ দাবড়িয়ে বেড়ায়।
দু’চাকার এই জনপ্রিয়তার অন্যতম কারণ বিডিসাইক্লিস্ট গ্রুপ। বাংলাদেশের একমাত্র এই দ্বিচক্রযানের সংঠনটি হাঁটিহাঁটি পা পা করে পাড় করলো তিন বছর।
এই উপলক্ষে রাজধানীর দৃক গ্যালারিতে তারা এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ‘বাইসাইকেল অ্যান্ড বাংলাদেশ’ নামের প্রদর্শনীতে শোভা পাচ্ছে সাইক্লিস্টিদের চোখে দেখা বাংলাদেশের রূপ।
প্রদর্শনীর ভেন্যু পার্টনার নানদোজ ও অনলাইন মিডিয়াপার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
১৫ মে এই আয়োজনের উদ্বোধনকালে লালফিতা কাটেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের, যিনি নিজেও একজন সাইক্লিস্ট।
প্রদর্শনীর ছবিগুলো দেখার সময় তাঁর মুখ থেকে আপন গতিতে বেরিয়ে আসতে থাকে ‘ওয়াও’, ‘নাইস’ আর ‘বিউটিফুল’ উৎফুল্ল ধ্বনি। তিনি নিজেও একজন ফটোগ্রাফার।
আলী যাকের বিডিসাইক্লিস্টের এই আয়োজনের তারিফ করে বলেন, “জীবন ও সাইকেলের সঙ্গে এই যে যোগাযোগ ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তা সত্যি প্রশংসনীয়।”
আর এসব আলোকচিত্র বাছাই করতে গিয়ে বিডিসাইক্লিস্টের সদস্যদের হতে হয়েছে গলদঘর্ম। কারণ চারশোরও বেশি ছবি থেকে বাছাই করে ২৮জন ফটোগ্রাফারের ৫৮টি ছবি নিয়ে এই ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিডিসাইক্লিস্টের অন্যতম মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী বলেন, “সাইকেল চালিয়ে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করা যায় খুব সহজেই। এমন কি যেসব জায়গায় সাইকেল নিয়ে যাওয়া সম্ভব ছিল না, আমরা সেসব জায়গাতেও সাইকেল চালিয়ে গিয়েছি, যেমন বিরিশিরি, বান্দরবান, রেমাকালেঙ্গা।”
“এইসব জায়গায় ঘোরার পাশাপাশি শহর বা গ্রামে সাইকেল চালাতে গিয়ে আমাদের নানান রকম অভিজ্ঞতা হয়েছে। সুন্দর অনেক কিছু দেখেছি। সেগুলো ক্যামেরায় বন্দি করা হয়েছে। তিন বছরপূর্তিতে সেইসব স্মৃতিময় অভিজ্ঞতা শেয়ার করতেই এই আয়োজন।” বললেন ফুয়াদ।
‘ত্রি ইয়ার্স অফ এ চেইঞ্জ’ এই স্লোগানে প্রদর্শনীর আয়োজন। আর তিন বছর আগে এই পরিবর্তনের ধারা শুরু করেন মোজাম্মেল হক। পেশাগত জীবনে এই সফটওয়্যার প্রকৌশলীর হাত ধরেই বিডিসাইক্লিস্টের যাত্রা শুরু করে।
২০১১ সালের ১৭ এপ্রিল দুচাকায় সঙ্গ দিতে মোজাম্মেলের পাশে তার ঘনিষ্ট বন্ধুরাও হাজির হন। প্রথমদিকে সারা সপ্তাহের ক্লান্তি দূর করতে বন্ধুরা মিলে ছুটির দিনে সাইকেল ভ্রমণে বের হতেন। বন্ধুমহলে সেই খবর ছড়িয়ে পড়তে থাকে। অনেকেই উৎসাহী হয়। তাই দল ভারি হতে থাকে দিনের পর দিন।
তিন মাসের মধ্যে সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় ২০-২৫ জন। প্রতি শুক্রবার তারা সাইকেল ভ্রমণে বের হতে শুরু করেন। সেই থেকে শুরু।
৬ মাসের মধ্যে সদস্য হয় এক হাজার। আর এক বছরের মধ্যে সাইক্লিস্টদের সংখ্যা পাঁচ হাজার পেড়িয়ে যায়। তিন বছর পর দেশ-বিদেশ মিলিয়ে বিডিসাইক্লিস্টের সদস্য সংখ্যা এখন ৩৮ হাজার।
দ্বিতীয় পর্যায়ে ত্রিশ-চল্লিশনের একদল সক্রীয় কর্মি বিডিসাইক্লিস্টের সাধারণ সদস্যদের সাইকেল চালনা এবং বিভিন্ন আয়োজনের সমন্বয় ঘটাতে থাকে।
বর্তমানে তাদের রয়েছে নানান রকম নিয়মিত আয়োজন। যেমন শিক্ষানবিস চালকদের নিয়ে প্রতি শুক্রবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাইক রাইড। প্রতি শনিবার ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রশিক্ষিত চালকদের নিয়ে ‘জোসিলা স্যাটারডে রাইড’।
এছাড়া প্রতি মাসের শেষ শনিবার ছাড়া সব শনিবার বিকেলে ধানমণ্ডির আবাহনী মাঠে সাইকেল চালনা প্রশিক্ষণ, প্রতি মাসের তৃতীয় সপ্তাহের মঙ্গলবারে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘বিডিসি নাইট রাইড’ এবং জাতীয় আন্তর্জাতিক সাইকেল প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনুশীলনের ব্যবস্থা করছে তারা।
শুধু সাইকেল চালনাই নয়, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও জড়িয়ে আছে বিডিসাইক্লিস্ট।
এছাড়া বছরের বিশেষ দিনগুলোতে বিশেষ বাইসাইকেল রাইডেরও ব্যবস্থা করে তারা।
বর্তমানে পুরাতান নতুন মিলিয়ে মডারেটদের মধ্যে আরও আছেন ফাইসাল নিজাম, ফুয়াদ আহসান চৌধুরী, হামিদুর রশিদ তপু ও মাইনুল ইসলাম রাহাত।
বিডিসাইক্লিস্টের পক্ষ থেকে জানানো হয় জন্মদিন উপলক্ষে ১৬ মে মানিক মিয়া অ্যাভনিউ থেকে সকাল ৭টায় বিশেষ র্যালির ব্যবস্থা করা হয়েছে।
