রাহার ‘নিভৃতে যে জন’
সম্প্রতি প্রয়াত অভিনেত্রী সুমাইয়া আজগর রাহা অভিনীত শেষ টেলিফিল্ম ‘নিভৃতে যে জন’ প্রচারিত হবে ১১ এপ্রিল মাছরাঙা টেলিভিশনে। এটি রচনা করেছেন শামসুল বারী উৎপল এবং নাট্যরূপ ও পরিচালনা করেছেন সুজন বড়–য়া। কাব্যকথা মিডিয়া প্রযোজিত নাটকটিতে আরো অভিনয় করেছেন ফারহা রুমা, শোয়েব চৌধুরী, এস. আর কল্লোল, ইমরান প্রমুখ।
এ বিষয়ে সুজন বড়–য়া বলেন, ‘আমরা কিছুদিন আগেই টেলিফিল্মটির শুটিং করেছি। রাহার মৃত্যুর আগে এটাই ছিলো শেষ কাজ। এই টেলিফিল্মে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।’
এই টেলিফিল্মে দেখা যাবে, ফেইসবুকের মাধ্যমে রাইয়ান (শোয়েব) ও সানিয়ার (রাহা) পরিচয় হয়। অন্যদিকে প্রিয়া আর অয়নের পরিচয় ফোনে। একসময় এই দুই জুটি একে অন্যের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। ভুল বোঝার মাধ্যমে পরিচয় হয় রাইয়ান-প্রিয়ার। তারা একসঙ্গে সারাদিন কাটানোর পর অনুভব করেন, দু’জন দু’জনের মনের মত। তবে দিন শেষে ঘরে ফিরে মোবাইল অন করে দু’জনই বিস্মিত। ভুল মানুষের সঙ্গে সারাদিন পার করলেও দু’জনই দু’জনকে নিয়ে আগামীর স্বপ্ন দেখতে শুরু করে। ফোন নাম্বার নেই, যোগাযোগের কোন মাধ্যমও নেই। তারপরও দু’জন দু’জনকে খুঁজতে থাকে। রাইয়ান সানিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। অভিমান নিয়ে সানিয়া বিদেশে যায়। উচ্চশিক্ষা গ্রহণ করে অর্জিত জ্ঞান দেশের উন্নয়নের কাজে লাগানোর জন্যে দেশে ফিরে আসে সে। ওদিকে প্রিয়া-রাইয়ান দু’জনই দু’জনকে খুঁজে খুঁজে হয়রান। প্রিয়া তার বাবার আগ্রহে কানাডা যাওয়ার সিদ্ধান্ত নেয়। সানিয়া ফিরে আসছে দেশে আর প্রিয়া চলে যাচ্ছে কানাডা, এয়ারপোর্টে রাইয়ান দু’জনের মুখোমুখি হয়।
রাহা অভিনীত টেলিফিল্মটি মাছ রাঙা টেলিভিশনে প্রচারিত হবে ১১ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮ টায়।
