‘সরল দাস’ মোশাররফ
অভিনেতা মোশাররফ করিমকে ‘সরল গল্প’ নাটকে দেখা যাবে নাপিতের ভূমিকায়। আশরাফ শিশিরের কাহিনী ও চিত্রনাট্যে একক নাটকটি পরিচালনা করেছেন মাহামুদুল হাসান টিপু। ‘সরলগল্প’ নাটকে আরো অভিনয় করেছেন রেজা জুঁই ও আলামিন সবুজ। সুকান্ত মুখার্জি বাবু, মিন্টু কর, হেভেন খানসহ বরিশালের প্রায় ২০০ নাট্যকর্মী অভিনয় করেছেন নাটকটিতে।
নাটকের কাহিনী শুরু হয়েছে, দক্ষিণাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন নিয়ে। এই গ্রামের একজন সাধারণ মানুষ সরল দাস। পেশায় নাপিত। নাপিত সরল দাস কিভাবে ওই গ্রামের মানুষের মুক্তির নায়ক হয়ে উঠেছিলেন তাই নিয়েই গড়ে উঠেছে ‘সরল গল্প’ এর কাহিনী। সম্প্রতি স্বরুপকাঠির রাজবাড়িতে শেষ হয়েছে নাটকটির শুটিংয়ের কাজ।
এ বিষয়ে পরিচালক টিপু গ্লিটজকে বলেন, ‘একপর্বের নাটক হলেও আমরা আধুনিক ডিজিটাল চলচ্চিত্রের আঙ্গিকে ও প্রযুক্তিতে প্রায় শতভাগ আউটডোর শুটিংয়ের মাধ্যমে গ্রাম-বাংলার আবহমান রূপকে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের সমকালীন রাজনীতির একটি রূপক গল্প তুলে ধরার চেষ্টা করেছি।’
নির্মাতা সূত্রে জানা গেছে শিগগিরি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি সম্প্রচার করা হবে।
