প্রিয়াঙ্কার প্রস্তুতি
বলিউডি অভিনেত্রীদের মধ্যে প্রথমবারের মতো একজন বক্সারের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর তাই ভারতের অলিম্পিয়ান বক্সার মেরি কোমের জীবনী ভিত্তিক সিনেমায় তার চরিত্রে অভিনয়ের জন্য এরইমধ্যে একজন বক্সারের শারীরিক গঠন অর্জনের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। খবর মিড ডের।
সংবাদমাধ্যমটি জানায়, মেরির চরিত্রে অভিনয়ের জন্য তার মতো দেহের মাংসপেশী গঠনের চেষ্টা করছেন প্রিয়াংকা।
এ ব্যাপারে সূত্র জানায়, ‘প্রিয়াঙ্কা ফিটনেস বিষয়ে বিশেষভাবে সচেতন হয়ে উঠেছেন। চরিত্রটির জন্য নিজেকে তৈরি করার প্রস্তুতি শুরু করেছেন তিনি। তিনি যদি দিনে সময় না পান, তাহলে মধ্যরাতেও জিমে চলে যান ব্যায়াম করার জন্য।’
সিনেমায় চরিত্রের সঙ্গে মানানসই দৈহিক গঠনের বিষয়টি নির্মাতাদের সামনে প্রিয়াঙ্কাই প্রথম তুলে ধরেছিলেন।
