‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০১৩’
লস অ্যাঞ্জেলসের স্টেপলস সেন্টারে ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো গ্র্যামি অ্যাওয়ার্ড। তরুণ পপস্টার টেইলর সুইফটের পরিবেশনার মধ্য দিয়ে সূচনা হয় এ আসরের। মঞ্চে টেইলর ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ এবং ‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’ গান দু’টি পরিবেশন করেন। খবর জি নিউজ ব্যুরোর।
পুরস্কার বিতরণীর সন্ধ্যায় উপস্থাপনা করেন র্যাপার ও অভিনেতা এলএল কুল। গ্র্যামির সেরা পপ তারকার খেতাব অর্জন করেন অ্যাডেল। ‘সেট ফায়ার টু দি রেইন’ গানটির জন্য পিট বুল এবং জেনিফার লোপেজের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন তিনি। অ্যাডেল বলেন, ‘সকলকে অসংখ্য ধন্যবাদ, এটি সত্যিই অসাধারণ। আমি এ সন্ধ্যার একটি অংশ হতে চেয়েছিলাম।’
ইন্ডি রক ব্যান্ড ফানের ‘উই আর ইয়ং’ গানটি সং অফ দি ইয়ারের খেতাব অর্জন করে। পুরস্কার জয়ের পর ব্যান্ড সদস্যদের পক্ষ থেকে রুস বলেন, ‘সকলেই আমাদের দেখতে পাচ্ছেন। আমাদের বয়স একেবারে কম নয়। আমরা প্রায় ১২ বছর ধরে কাজ করছি।’
বছরের সর্বাধিক মনোনয়ন প্রাপ্ত তারকা ছিলেন ফ্র্যাঙ্ক ওসেন। আরবান কন্টেম্পরারি অ্যালবাম হিসেবে নির্বাচিত হয় ওসেনের ‘চ্যানেল অরেঞ্জ’। অন্যদিকে সেরা পপ ভোকাল অ্যালবাম হিসেবে নির্বাচিত হয় ‘আমেরিকান আইডল’ বিজেতা কেলি ক্লার্কসনের ‘স্ট্রঙ্গার’ অ্যালবামটি। কেলি বলেন, ‘মনোনয়ন পাবার পরও আমি ভাবতে পারিনি যে আমিই পুরস্কারটি পাব।’
ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবামের পদক পান পল ম্যাকার্থি। পল তার ‘কিসেস অন দি বটম’ অ্যালবামটির জন্য পুরস্কার পান। অন্য দিকে বিয়োন্সি তার ‘ফোর’ অ্যালবামের ‘লাভ অন দি টপ’ গানটির জন্য সেরা ট্র্যাডিশনাল আর অ্যান্ড বি তারকার খেতাব পান।
পরবর্তীতে মঞ্চে পরিবেশন করেন আর অ্যান্ড বি তারকা রিহানা। ‘আই ওয়ান্ট ইউ টু স্টে’ গানটির জন্য দর্শকরা দাঁড়িয়ে রিহানাকে সম্মান জানান।
‘লোনলি বয়’ গানটির জন্য সেরা রক পারফর্মেন্সের পুরস্কার পায় ব্ল্যাক কিস। ৫৫ তম গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরে সেরা কান্ট্রি অ্যালবামের পদক জয় করে নেয় জ্যাক ব্রাউন ব্যান্ডের ‘আনকেজড’ অ্যালবামটি।
ব্রুনো মার্স বব মার্লের উদ্দেশ্যে সম্মান জানাতে ‘লকট আউট অফ হ্যাভেন’ গানটি গান। কেলি ক্লার্কসন ‘এ ন্যাচারাল ওমেন’ গানটির মধ্য দিয়ে সকলকে মুগ্ধ করেন। গ্রামি অ্যাওয়ার্ডের ভোটাররা সেরা নতুন ব্যান্ড হিসেবে নিউ ইয়র্কের ইন্ডি রক ব্যান্ড ফানকে নির্বাচিত করেন।
অস্ট্রেলিয়ান গায়ক গোটায়া এবং নিউজিল্যান্ডের পপ তারকা কিম্বারের ২০১২ সালের সর্বাধিক বিক্রিত ‘সামবডি দ্যাট আই ইউসড টু নো’ গানটি গ্র্যামি অ্যাওয়ার্ডের রেকর্ড অফ দি ইয়ারের পদক জয় করে। পপ তারকা প্রিন্সের হাত থেকে পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশে গোটায়া বলেন, ‘আমি সত্যিই জানি না এত বড় একটি সম্মান অর্জনের অনুভূতি কিভাবে প্রকাশ করব।’
সেরা নতুন আর্টিস্টের পুরস্কারটি ফানের হাতে তুলে দেন কেটি পেরি।
অন্যদিকে গ্র্যামির আসরে আজীবন সম্মাননার পুরস্কার দেওয়া হয় ভারতীয় কিংবদন্তী সেতার বাদক রবিশঙ্করকে। মৃত্যুর ৬০ দিন পর তার এ পদকটি গ্রহণ করেন কন্যা আনুশকা। রবিশঙ্কর তার ‘দি লিভিং রুম সেশন পার্ট ১’ অ্যালবামটির জন্য সেরা ওয়ার্ল্ড মিউজিক অ্যালবামের খেতাব জয় করেন। ওই একই তালিকায় মনোনয়ন পেয়েছিলেন তার কন্যা আনুশকাও।
গ্র্যামির আসরে অ্যালবাম অফ দি ইয়ারের খেতাব জয় করে জনপ্রিয় ইংলিশ ফোক ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সনস-এর ‘বাবেল’ অ্যালবামটি।
