২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজকুমার হিরানির সঙ্গে রণবীর!

বলিউডি পরিচালক রাজকুমার হিরানি সম্প্রতি অভিনেতা রণবীর সিংকে তার সঙ্গে দেখা করতে বলেছেন। ধারণা করা হচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত এবং বিধু বিনোদ চোপড়া প্রযোজিত পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রণবীর সিং। খবর মিড ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 05:32 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মাধ্যমটি জানায়, ‘হিরানির সঙ্গে ফোনে কথা বলার পর নিজের উত্তেজনা লুকাতে পারেননি রণবীর। এর কিছুদিন পর বিদ্যা বালানের সঙ্গে তার দেখা হয় এবং তখন তিনি বিদ্যাকে হিরানির ফোনের বিষয়ে জানান।’

বিদ্যা এর আগে হিরানির সঙ্গে কাজ করেছেন। আর তাই রণবীরের উত্তেজনার কারণও তিনি ভালোভাবেই অনুভব করতে পেরেছেন। বিদ্যা রণবীরকে বলেন, ‘তুমি অবশ্যই তার সঙ্গে দেখা করতে যাবে। তিনি নিজের কাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন।’

রণবীরকে হিরানি দেখা করতে বলেছেন ঠিকই, তবে তাদের আলোচনার বিষয়বস্তু কি হবে তা এখনও রহস্য। হিরানি তার পরবর্তী সিনেমায় রণবীরের সঙ্গে কাজ করবেন কিনা তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এর আগে একবার বিধু বিনোদ চোপড়া প্রযোজিত একটি সিনেমায় রণবীরের কাজ করার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। এবার তার জন্য কি অপেক্ষা করছে, তা জানাও সময়ের ব্যপার।