স্টারডাস্টে সেরা শাহরুখ ও প্রিয়াঙ্কা
স্টারডাস্ট অ্যাওয়ার্ড ২০১৩ এর আসর থেকে দু’টি করে পদক জয় করে নিয়েছেন বলিউডি অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শাহরুখ খান এডিটরস চয়েসে ‘যাব তাক হ্যায় জান’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা এবং স্টার অফ দি ইয়ারের খেতাব জয় করেন। প্রিয়াঙ্কা ‘বারফি!’ সিনেমার জন্য জয় করেন সেরা অভিনেত্রী (ড্রামা) এবং স্টার অফ দি ইয়ারের পদক। খবর এনডিটিভির।
‘বারফি!’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য রণবীর কাপুর চলতি বছরে বেশ কয়েকটি পুরস্কার জয় করলেও, ২৬ জানুয়ারি অনুষ্ঠিত স্টারডাস্টের আসরে তেমন সাড়া জাগাতে পারেননি। গত বছর ‘এক থা টাইগার’ এবং ‘দাবাং ২’ এর মতো দু’টি সুপার হিট সিনেমার অভিনেতা সালমান খানও কোনো পুরস্কার জয় করেননি ওই আয়োজনে।
প্রিয়াঙ্কার পাশাপাশি শ্রীদেবী ‘সেরা অভিনেত্রী (ড্রামা)’-এর পুরস্কার জয় করেন। ‘অগ্নিপথ’ সিনেমার সুবাদে ‘সেরা অভিনেতা (ড্রামা)’-এর পদক জয় করেন হৃত্বিক রোশান। একই সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য ‘নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা’ নির্বাচিত হন সঞ্জয় দত্ত।
থ্রিলার/অ্যাকশন চরিত্রের তালিকায় ‘কাহানি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য ‘সেরা অভিনেত্রী’ নির্বাচিত হয়েছেন বিদ্যা বালান। ওই তালিকায় ‘রৌডি রাঠর’ এবং ‘খিলাড়ি ৭৮৬’ সিনেমার জন্য অক্ষয় কুমার পান ‘সেরা অভিনেতা’র পুরস্কার।
‘কমেডি/রোমান্স’ বিভাগে ‘বোল বচ্চন’ ও ‘যাব তাক হ্যায় জান’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বচিত হন যথাক্রমে অভিষেক বচ্চন এবং আনুশকা শর্মা। অন্যদিকে ‘স্টার অফ দি কান্ট্রি’ পদক জয় করেন সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন।
সমালোচক বিভাগে রূপালি পর্দায় প্রথমবারের মতো ‘শিরিন ফারহাদ কি তো নিকাল পারি’ সিনেমায় অভিনয়ের জন্য ‘সেরা অভিনেত্রী’ নির্বাচিত হন পরিচালক ফারাহ খান। ‘সেরা অভিনেতা’র পুরস্কার জয় করেন আয়ুষ্মান খুরানা।
‘ইশাকজাদে’ সিনেমার জন্য দুই অভিনয় শিল্পী অর্জুন কাপুর এবং পরিনীতি চোপরা ‘সুপারস্টারস অফ টুমরো’ খেতাবে ভূষিত হন। নবাগত অভিনেতার পুরস্কার যৌথভাবে জিতে নেন ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ সিনেমার দুই নতুন মুখ বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা। ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমার পরিচালক গৌরী শিন্ডে লাভ করেন ‘সেরা নবাগত পরিচালক’-এর পুরস্কার ।
‘ভিকি ডোনার’ সিনেমার পরিচালক সুজিত সরকার সেরা পরিচালকের পদক জয় করেন। স্টারডাস্ট আসরে সেরা সিনেমার খেতাবও জিতে নেয় সিনেমাটি। তবে ‘ফিল্ম অফ দ্যা ইয়ার’ হিসেবে ঘোষণা করা হয় ‘বারফি!’-এর নাম।
