ভারতে আন্তর্জাতিক নাট্যোৎসবে ‘চন্দ্রকলা’
জোড়া নাটক নিয়ে ভারতে আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নাট্যদল চন্দ্রকলা থিয়েটার। ২২ জানুয়ারি ১৫ সদস্যের দল নিয়ে তারা ঢাকা ত্যগ করবে। ভারতের উত্তর প্রদেশে ২৬ জানুয়ারি সঞ্জয় নাট্যমঞ্চে চন্দ্রকলা প্রদর্শন করবে কমেডি নাটক ‘তামাশা’। পরদিন ঐতিহ্যবাহী গান্ধিজী মঞ্চে রয়েছে চন্দ্রকলার অষ্টম প্রযোজনা ‘তন্ত্রমন্ত্র’।
পুরোনো ঢাকার মানুষের জীবনাচার তথা ভাষা-সংস্কৃতির রঙ্গময় নাটকীয়তা নিয়ে নির্মিত হয়েছে ‘তামাশা’ আর স্বাস্থ্য খ্যাতের নানা অনিয়ম-জটিলতার গোলক ধাঁধাঁয় বিচিত্র রঙ্গ-রসে আবৃত হয়েছে ‘তন্ত্রমন্ত্র’। দুই নাটকেরই রচনা ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। নাটকগুলোতে অভিনয় করেছেন- মাসুম, সৈকত, সোহেল, লোপা, লিয়ন, আনিস, ফারুক হোসেন, হৃদয়, হাসান এবং এইচ আর অনিক। দুই প্রযেজনারই সঙ্গীত পরিচালনা করেছেন এস এম অঙ্গন।
এইচ আর অনিক বলেন- ‘এধরনের আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ সত্যি ভাগ্যের ব্যাপার। কেননা সেখানে বিভিন্ন দেশের নামি-দামি অনেক নাট্যদল ভালো নাটক নিয়ে আসে। সেখানে নিজেদের অবস্থান ধরে রাখা একটি বড় বিষয়। তাছাড়া, এধরনের আসরে অংশ নেওয়া মানে নিজের দেশের প্রতিনিধিত্ব করা। সুতরাং অনেক বড় দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হয়। আমাদের দু’টি নাটকেই কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করেছি একইসাথে নাটকগুলোতে আমাদের মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির নানা বিষয় কমেডির আদলে তুলে ধরার প্রয়াস রয়েছে। আশাকরি আমরা সাফল্যের সাথেই আসরে বাংলাদেশে মুখ উজ্জ্বল করতে পারবো।’
উল্লেখ্য এর আগে ৭ম আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নেওয়া প্রতিযোগী ৬টি দেশের মধ্যে বাংলাদেশের চন্দ্রকলা থিয়েটার ১ম স্থান অধিকার করে পাঞ্চাল এ্যাওয়ার্ড অর্জন করে।
