অ্যাকশন সিনেমায় সানি লিওনি!
দেভাং ধোলাকিয়ার অ্যাকশন সিনেমায় কাজ করবেন সানি লিওনি।
ইন্দো-কানাডিয়ান পর্নোস্টার সানি লিওনি প্রথমবারের মতো বলিউডের অ্যাকশন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘টিনা অ্যান্ড লোলো’ নামের ওই সিনেমাটি পরিচালনা করবেন দেভাং ধোলাকিয়া। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
এ বছরের মে মাসে সিনেমাটির কাজ শুরু হবে বলে জানা গেছে। এ সম্পর্কে পরিচালক ধোলাকিয়া বলেন, ‘সানি সিনেমাটির স্ক্রিপ্ট পছন্দ করেছেন। তার হাতে আপাতত যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ হলে আমরা ওই সিনেমার কাজ শুরু করব। আর সিনেমার অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের নামও খুব শিগগিরি জানানো হবে।’
অনেকেই ধারণা করেছেন হলিউডি সিনেমা ‘চার্লিস অ্যাঞ্জেলস’-এর অনুকরণে সিনেমাটি বানানো হবে। এমন ধারণার প্রেক্ষিতে পরিচালক বলেন, ‘এটি হবে পুরোপুরি বলিউডি স্বাদের অ্যাকশন সিনেমা। চার্লিস অ্যাঞ্জেলস-এর অনুকরণ নয়। ২০১৩ এর মে মাসে আমরা সিনেমার কাজ শুরু করব। তবে এর আগে সানি লিওনিকে কিছু প্রশিক্ষণ নিতে হবে।’
ধোলাকিয়া আরো বলেন, সানি অভিনীত থ্রিলার সিনেমা ‘জিসম ২’ দেখার পর থেকেই ভিন্নধারার কোনো সিনেমায় ওই অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চাইছিলেন তিনি।
