আর্দ্র মৌসুমে চুলের যত্ন
বর্ষার ভেজা আবহাওয়া বা ভ্যাপসা গরম থেকে ঘাম- দুটোই চুলের জন্য ক্ষতিকর।
যে কারণে চুল সহজেই চিটচিটে ও রুক্ষ হয়ে যায়। তাই এই মৌসুমে নিয়মিত চুল পরিষ্কার রাখা ও সঠিক পরিচর্যা করা প্রয়োজন।
প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারতের ‘সুরাইয়া ব্রাসিল’য়ের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহি কর্মকর্তা ক্লেলিয়া সিসিলিয়া অ্যাঞ্জেলন টাইমসঅফইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “চুল ভালো রাখতে প্রয়োজনীয় উপাদান যেমন- পানি, খনিজ লবণ ইত্যাদির ভারসাম্য বজায় থাকা জরুরি।”
বর্ষার চুলের রুক্ষভাব কমানোর কয়েকটি উপায় সম্পর্কে জানান তিনি।
- চুল রং করা থাকলে এর জন্য বিশেষভাবে তৈরি শ্যাম্পু ব্যবহার করতে হবে। এতে মৃদু পরিষ্কার ও পিএইচ’য়ের ভারসাম্য বজায় থাকে যা চুলের রং নষ্ট না করেই মাথার ত্বক পরিষ্কার করে স্থায়িত্ব বাড়ায়।
- চুল প্রাকৃতিকভাবে শুকানো উচিত। অথবা পাতলা তন্তু ব্যবহার করা উচিত। শুকানোর সময় চুলে খুব বেশি ঘষা হলে এর ‘কিউটিকেল’ ক্ষতিগ্রস্ত হতে পারে ও আগা ফাটার সমস্যা দেখা দেয়।
- চুল ভালো রাখতে সপ্তাহে দুয়েকবার আর্দ্রতা রক্ষাকারী মাস্ক ব্যবহার করা প্রয়োজন, এতে চুল পর্যাপ্ত পুষ্টি পায়। চুলে শ্যাম্পু করার পরে মাস্ক ব্যবহার করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এর পর ধুয়ে কন্ডিশনার ব্যবহার করতে হবে। এতে চুল ভালো থাকবে ও এর রং স্থায়ী হবে।
- রাসায়নিক উপাদানের পরিবর্তে মেহেদির গুঁড়া দিয়ে প্রাকৃতিকভাবে চুলে রং করা যায়। পাকা চুল রং করতে চাইলে আগা থেকে গোড়া পর্যন্ত মেহেদি ব্যবহার করা ভালো। এটা চুলে পুষ্টি যোগায় ও ময়েশ্চারাইজার ধরে রাখে।
যে কোনো মৌসুমেই চুলে মেহেদি ব্যবহার করা যায়। আর পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় এটা ব্যবহারে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
রাসায়নিক রং ব্যবহার চুলকে রুক্ষ করে ফেলে। তাই চুল খসখসে ও ভঙ্গুর হয়ে যায়।
এই সমস্যা থেকে বাঁচতে চুলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই নিরাপদ।
আরও পড়ুন
