বর্ষাতির খোঁজ
গ্রীষ্মকাল হলেও মাঝেই মাঝেই বৃষ্টি এসে বাগড়া দিচ্ছে। তাই যে কোনো সময় ভিজে যাওয়া থেকে রক্ষার জন্য সঙ্গে রাখতে পারেন ছাতা ও রেইনকোট।
রাজধানীর প্রায় সব মার্কেটেই ছাতা পাওয়া যায়। পাশাপাশি অনলাইনেও বেচাকেনা চলেছে।
ছাতা: বাজারে বরাবরেই মতোই তিন ধরনের ছাতাই পাওয়া যাচ্ছে। লম্বা শিকের মাতব্বরী ছাতা এবং দুই ও তিন ভাঁজের ছাতা। লম্বা শিকের বড় ছাতাগুলোর দাম সাতশ থেকে এক হাজার টাকা।
দুই ও তিন ভাঁজের ছাতার মধ্যে ‘অ্যাটলাস’ এবং ‘শংকর ছাতা’র চাহিদা বেশি। এছাড়া কলম ছাতা, ক্যাপসুল ছাতা ইত্যাদি ভিন্ন ধরনের ছাতাও মিলছে বাজারে। দাম আড়াইশ টাকা থেকে পাঁচশ টাকা।
এছাড়াও চীনা প্রতিষ্ঠানগুলোর তৈরি করা ছাতাও এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশে। এদের মধ্যে সাওমি আর রিম্যাক্স এই দুটি প্রতিষ্ঠানের ছাতা বেশি চোখে পড়ে। বিভিন্ন ফেইসবুক পেইজ, অনলাইন বেচাকেনার সাইটগুলোতে মিলছে এই ছাতাগুলো।
এগুলোর বিশেষ ফিচার হল- সুইচ চেপে ছাতা খোলার পাশাপাশি একই সুইচ চেপে ছাতা বন্ধও করা যায়। কিছু ছাতা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাচাঁয় বলে দাবি করে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। দাম সাতশ টাকা আড়াই হাজার টাকা।
রেইনকোট: পাঁচশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত গড়াতে পারে রেইন কোটের দাম। এক পরত পানিরোধক কাপড়, দুই পরত পানিরোধক কাপড়, পানিরোধক কাপড়ের ধরন, সেলাইয়ের ধরন, সেলাইয়ের উপর প্লাস্টিক লাইনিং ইত্যাদির উপর নির্ভর করে দাম।
রেইনকোট পাওয়া যায় সাধারণত দুই ধরনের; প্যান্ট ছাড়া লম্বা রেইনকোট এবং প্যান্টসহ। প্যান্টসহ রেইন কোটের মধ্যে খাটো ও লম্বা এই দুই ধরন পাওয়া যায়।
কেনার সময় অবশ্যই সেলাইয়ের উপর প্লাস্টিক লাইনিং দেখে নিতে হবে।
রাজধানীর বিভিন্ন মার্কেটে ঘুরে দেখা গেল প্রায় সবখানেই ছাতা ও রেইনকোট পাওয়া যায়। তবে নিউমার্কেট, কচুক্ষেত এলাকার আর্মি মার্কেট, রাজারবাগ পুলিশ লাইনের পেছনের পুলিশ মার্কেট, বংশাল ও মিরপুর ১০ নম্বরের মোটরসাইকেলের যন্ত্রাংশের মার্কেট ছাতা এবং বিশেষ করে ভালোমানের রেইনকোট পাওয়া যাবে।
