২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্রম বাংলাদেশ টু জেংজু’

সুদূর চীন দেশে চলছে ডা. মেজবাহ উল আজীজের একক আলোকচিত্র প্রদর্শনী।

ওমর শরীফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 02:16 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

ব্যথা নিয়ে দাঁতের ডাক্তারের কাছে গেলেন। চিকিৎসার পাশাপাশি ডাক্তার মশাই আপনার সুন্দর একটা ‘পোট্রেইট’ তুলে দিল! ভাবছেন ডাক্তার আবার ফটোগ্রাফার-ও এরকম হয় নাকি!

চিকিৎসকরা কাঠখোট্টা হন- এরকম ধারণা অনেকেরই থাকে। তবে সেই ধারণায় ‘কলাগাছ’ দেখিয়ে ছবি তোলার নেশায় নিজেকে যিনি আষ্টেপৃষ্টে বেঁধেছেন তিনি ডা. মেজবাহ উল আজীজ।

নেশাটা তার এতই বেশি যে, উচ্চ শিক্ষার্থে ‘সুদূর’ চীনে গিয়েও ‘দাঁতাল’ বইয়ের ফাঁক গলে শাটার বাটন থেকে আঙুল সরাননি। এজন্য গেল দুই বছরের চীনা সমাজের অনেক ছবি তোলা হয়েছে তার। আর সেসব ছবি নিয়ে ১০ অক্টোবর থেকে চীনেই শুরু হয়েছে তার একক ফটোগ্রাফি প্রদর্শনী।

চীনের হেনান প্রদেশের জেংজু শহরের মিক্সি মলে চলতে থাকা এই প্রদর্শনীতে নিজের পরিচয় মেজবাহ দিয়েছেন এভাবে – ‘মুহূর্ত ধরা’ বা ‘গল্প বলা’র চাইতে আমার কাছে ফটোগ্রাফি হচ্ছে আত্মপ্রকাশের মাধ্যম। আমি ‘কে’ এবং ‘কী’ তা দর্শকের সামনে তুলে ধরতে পারি আমার ছবির মাধ্যমে।

তবে চীনে গিয়ে প্রদর্শনী করার একটা বিশেষ কারণ রয়েছে তার। দুই বছর আগে প্রোস্ট গ্র্যাজুয়েশনের জন্য চায়না যাওয়ার আগে অনেকেই তাকে এই দেশ সম্পর্কে নেতিবাচক তথ্য দিয়েছেন। কেউ কেউ ভয় দেখিয়েছেন উল্টাপাল্টা ধারণা দিয়ে।

তবে চায়নাতে চব্বিশ মাস কাটিয়ে সেসব ধারণা যেমন ভেঙেছে, তেমনি এই দেশের সংস্কৃতি কাছ থেকে দেখার সৌভাগ্যও হয়েছে। আর ‘ভিউফাইন্ডা’রে চৌক ফ্রেমে সূক্ষ্মভাবে জগতটাকে দেখার অভিজ্ঞতা কাজে লাগিয়ে চীন দেশের গোপন সৌন্দর্যের পর্দা উন্মোচন করতেও তার বেগ পেতে হয়নি।

চীনের সেসব অজানা রূপ তুলে ধরতেই তার এই প্রদর্শনীর আয়োজন। পাশাপাশি রয়েছে বাঙালি বাংলাদেশি ঘরানার ছবিও।

প্রদর্শনীতে নিজের পরিচয় ‍দিতে গিয়ে এই ‘ডেন্টিস্ট’ আরও জানান, তিনি ছোটবেলা থেকেই নানাধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাই ‘দন্ত চিকিৎসা’র মতো কঠিন বিষয়ও তার মস্তিষ্ক নিরেট করতে পারেনি। আর শৈশবে নানারকম বই পড়ার অভ্যাসের কারণে জগতটাকে রঙিন করে দেখার-ভাবার খোরাক জুগিয়েছে তাকে। যেখানে থেকে তিনি প্রেরণা পেয়েছেন লেন্সের চোখে পৃথিবীটাকে দেখার।

আর সেই প্রেরণা সম্বল করে চীনে গিয়ে পুথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি ঘুরে বেড়িয়েছেন দেশটির বিভিন্ন প্রদেশ। মুগ্ধ হয়েছেন চীনের মানুষ, সংস্কৃতি, উৎসব, জীবনযাত্রা আর ‘শাওলিন আর্ট’ দেখে।

আর সেই মুগ্ধতার বহিঃপ্রকাশ ঘটেছে এই প্রদর্শনীতে। তবে প্রকৃতির চাইতে মানুষের ছবি তুলছে পছন্দ করেন বেশি। তাই তার ছবিতে ফুটে উঠেছে চীনা মানুষদের নানান ভালোবাসার ছবি।

মেজবাহ দেশেও বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল: ঢাকা আর্ট সেন্টারে ‘পিওভি-প্রাইম ফিফটি’, দৃক গ্যালারিতে ‘গ্রাসহুপারস লাইফ অ্যারাউন্ড ইউ টু অ্যান্ড ফোর’, লাইফ অ্যান্ড বিয়ন্ড বাই এবি’সহ আরও বেশকিছু কর্মশালা।

দেশের বাইরে ডা. মেজবাহ উল আজীজের এটাই প্রথম প্রদর্শনী। যা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।