নবমী দশমীতে যেমন সাজ
পূজা জমে ওঠার পাশাপাশি দেবী বিদায়ের সময়ও ঘনিয়ে আশে এই নবমী আর দশমীতে। তাই এদিনের সাজ হওয়া চাই মন মতো।
নবমী ও দশমীর সাজের বিভিন্ন দিক উল্লেখ করেন রূপবিশেষজ্ঞ শিবানী দে।
নবমীর সাজ: এই দিন সকালে মণ্ডপে যাওয়া এবং অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে সাজে স্নিগ্ধভাব তুলে ধরতে হবে। এই দিনে শাড়িই সব থেকে আদর্শ। সেক্ষেত্রে বেছে নেওয়া যেতে পারে যে কোনো রং।
গালে হালকা গোলাপি বা টেরাকোটা ব্লাশ এবং হাইলাইটার বুলিয়ে নিন। কপালে লাল টিপ এবং বিবাহিতরা কপালে সিঁদুর পরে নিতে পারেন। বিভিন্ন পূজা মণ্ডপে ঘোরার উদ্দেশ্যে বের হলে ফ্ল্যাট স্যান্ডেল পরতে হবে। এতে পা ব্যথা হওয়ার ঝুঁকি কম থাকবে। দিনে হালকা গয়নাই বেশি মানাবে।
রাতের সাজ হতে হবে জমকালো। গয়নায় বেছে নিন রূপা বা গোল্ড প্লেটের স্টোন বসানো ভারী গয়না। কাতান, সিল্ক, বেনারসী শাড়ি নবমীর রাতের জন্য আদর্শ।
চুল উঁচু খোঁপা করে ফুল গুঁজে দিতে পারেন। অথবা চুল সোজা করে বা রোল করে নিতে পারেন পছন্দমতো। সামনে অর্ধেক চুল কিছুটা ফুলিয়ে আঁটকে নিন। অথবা লম্বা বেণি, ফ্রেঞ্চ বেণি, মেসি বান যে কোনো স্টাইলে বাঁধা চুলই বেশ মানিয়ে যাবে।
একটু ভারী বেইস মেইকআপ, গাঢ় আইশ্যাডো, আর সাজের শোভা বাড়াতে উজ্জ্বল হাইলাইটার নবমীর সন্ধ্যার সাজে দারুণ মানানসই।
সাজের সব শেষ ধাপ হল সুগন্ধী ব্যবহার।
দশমীর সাজ: দুর্গা মায়ের বিসর্জন দিন। বিসর্জনের পর শুরু হবে বিজয়া। শারদীয় দুর্গাপূজার মূল আকর্ষণ দশমী।
জামদানি, গরদ, সিল্ক ইত্যাদি শাড়ি এই দিনে সব থেকে ভালো লাগবে। অনেক নারীই প্রতিমার আদলে সাজতে পছন্দ করেন। চোখে টানা কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, নাকে ঝোলানো গোল নথ দারুণ মানিয়ে যায় এই দিনের সাজে।
চোখ এবং ঠোঁটের সাজ গাঢ় হওয়ায় এই দিন ফাউন্ডেশন দিয়ে বেইজ মেইকআপ করতে হবে সুন্দরভাবে। কনসিলার দিয়ে মুখের দাগ, চোখের নিচের কালচেভাব ঢেকে নিতে হবে। গালে ব্লাশ এবং হাইলাইটার বুলিয়ে নিন।
শাড়ি পরতে না চাইলে লাল-সাদা সালোয়ার কামিজ পরতে পারেন, চাইলে কুর্তি বা ফতুয়াও বেছে নেওয়া যেতে পারে।
এদিনের সাজে কপালে লাল টিপ আর চুড়ি পরা চাই। মাথায় গুঁজে দিন শুভ্র বেলিফুল।
সাজের শুরুতে ভালো মানের ওয়াটারপ্রুফ সানস্ক্রিন লাগাতে ভুললে চলবে না। কারণ দিনে ঘোরাঘুরি আর সিঁদুর খেলায় সানস্ক্রিন না ব্যবহার করলে রোদের তাপে ত্বকের ক্ষতি হতে পারে।
সব শেষে সুগন্ধি ছড়িয়ে বেড়িয়ে পরুন দুর্গা মাকে বিদায় জানাতে।
মডেল: সাদিয়া ও তনিকা। মেইকওভার: ওয়াসিব আহমেদ। গয়না: স্পার্কেল। পোশাক: আহান রহমান। আলোকচিত্র: নাইমুল এইচ রক্তিম।
