২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশনে ঈদ আনন্দ

ঈদের আনন্দে যেন কোনো কমতি না থাকে তাই নিজের ও ঘরের সাজসজ্জার পাশাপাশি খাবার টেবিলেও ভিন্নমাত্রা যোগ করা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তৃপ্তি গমেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 06:50 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

অধিকাংশক্ষেত্রেই ঈদের খাবার তৈরিতে কোনো ঘাটতি না থাকলেও পরিবেশনের বৈচিত্র্যের অভাবে তা অনেকটাই সাদামাটা লাগে। তাই ঈদের দিন খাবার পরিবেশনে খানিকটা বৈচিত্র্য আনার পরামর্শ দেন বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের ‘রিসোর্স ম্যানেজমেন্ট ও এন্টারপ্রেনরশিপ’ বিভাগের প্রভাষক শারমীন সুলতানা।

তিনি প্রথমেই অতিথি আপ্যায়নে ভিন্নতা ও আকর্ষণ সৃষ্টির করার কথা বলেন। অতিথিদের সাধারণত শরবত, মিষ্টি, সেমাই ইত্যাদি দিয়ে আপ্যায়ন করা হয়। সেক্ষেত্রে শরবতের গ্লাসের উপরে লেবুর রস, চিনি ও সামান্য লবণের মিশ্রণ লাগিয়ে নেওয়া যায় এতে স্বাদের পরিবর্তনও হয় আবার দেখতে ভালোও লাগে। মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবারের উপরে সামান্য ড্রাই ফ্রুট, কিশমিশ অথবা মাওয়া ছিটিয়ে দেওয়া যায়।

যে কোনো খাবার পরিবেশনের সঙ্গে পানি ও টিস্যু পেপারের ব্যবস্থা রাখা ভালো এতে সৌজন্য প্রকাশ পায়।

দুপুর বা রাতের খাবার পরিবেশনে বুফে পদ্ধতি অনুসরণ করা যায়। এতে খাবার নষ্ট হওয়ার সম্ভবনাও কমে।

ঈদের দিন অনেকেই বিভিন্ন খাবারের ব্যবস্থা করেন এবং অতিথিদের খাবার বিষয়ে বেশ জোরাজোরি করে থাকেন যা একদম ঠিক নয়। এক্ষেত্রে একটি টেবিলে খাবারের সকল পদ সুন্দর করে সাজিয়ে রেখে পরিবেশন করাই ভালো। এতে সবাই নিজের পছন্দ মতো খাবার বেছে নিতে পারবে ফলে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা কম।

শারমিন সুলতানা আরও বলেন, “শিশুদের খাবারের জন্য খুব বেশি আয়োজন না করে তাদের পছন্দসই খাবারগুলোর ব্যবস্থা করাই ভালো। যেমন শিশুরা সাধারণত চিকেনের বিভিন্ন পদ-চিকেন বল/চিকেন ফ্রাই ইত্যাদি, ফ্রাইড রাইস, জুস, পুডিং ইত্যাদি খেতে ভালোবাসে। তাই তাদের জন্য এই ধরনের খাবারই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায় এতে তারা আনন্দের সঙ্গে খাবার খাবে।”

এই গরমে ঈদের খাবার পরিবেশনে পানীয়ের দিকে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। তিনি নানা রকমের পানীয় যেমন- লেবুর শরবত, ফলের জুস, পুদিনা পাতা বা জিরার শরবত ইত্যাদির ব্যবস্থা করার কথা বলেন।

দুপুরে খাবার জন্য ঘরে তৈরি বোরহানির ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। তবে অবশ্যই গৃহিণীর কষ্ট কম হবে এমন পদক্ষেপই গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি।

এই প্রভাষক খাবার নানা পদের পাশাপাশি খাবার টেবিলকেও আকর্ষণীয় করে তোলার কথা বলেন। আকর্ষণ বাড়ানোর জন্য টেবিলে বিভিন্ন আকৃতির বাসনপত্র, গ্লাস, জগ ও চামচ রাখা যেতে পারে। অথবা একটু ভিন্ন ধাঁচের টেবিল ম্যাট ব্যবহার করা যেতে পারে।

খাবার টেবিল সুন্দরভাবে সাজানোর জন্য ফুলদানিতে কাঁচাফুল অথবা মোমবাতি রাখার ব্যবস্থা করা যায়। মোমবাতি কেবল সৌন্দর্যের জন্যই নয় এটি খাবার টেবিলে মাছির উপদ্রব কমাতেও সহায়তা করে।

তাছাড়া খাবারের উপরে টমেটো, গাজর, লেটুস পাতা কাঁচামরিচ ইত্যাদি দিয়ে সাজিয়েও খাবার পরিবেশন করা যায়। এতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে।

ছবি: রয়টার্স।