২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ম পালনে দীর্ঘায়ু

একটি গবেষণায় দেখা গিয়েছে, ধর্মীয় আচার পালন করা মহিলারা তুলনামূলক সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 04:36 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

বোস্টনের হাভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাপবলিক হেলথের একটি গবেষণায় দেখা গিয়েছে যেসব মধ্য বয়সি চাকুরিজীবী মহিলা সপ্তাহে একবারের বেশি ধর্মীয় আচার পালন করেন তাদের মধ্যে অসুস্থ হওয়ার প্রবণতা কম এবং তারা তুলনা মূলক দীর্ঘায়ু লাভ করেন। 

চিকিৎসা বিষয়ক ম্যাগাজিন ‘জামা’র অনলাইন সংস্করণে প্রকাশিত হয় এই গবেষণার ফলাফল।

১৯৯২ থেকে শুরু হওয়া এই গবেষণা শেষ হয় ২০১২ সালে। ১৯৯৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত চলা এই গবেষণায় অংশগ্রহণ করেন ৭৪ হাজার ৫৩৪ জন মহিলা যারা মধ্য বয়সি এবং চাকুরিজীবী।

প্রায় ১৬ বছর ধরে চলা গবেষণার তথ্য উপাত্ত বিবেচনা করে দেখা যায় যারা সপ্তাহে একবারের বেশি ধর্মীয় কাজে মনোনিবেশ করেন তারা হৃদরোগে শতকরা ২৭ ভাগ কম মারা যান এবং তাদের কম বয়সে মৃত্যুর হারও ২১ শতাংশ কম।

৭৪ হাজার ৫৩৪ জন অংশগ্রহণকারীর মধ্যে, ১৪ হাজার ১৫৮ জন সপ্তাহে একবারের বেশি ধর্মীয় কাজে অংশ নিয়েছেন। ৩০ হাজার ৪০১ জন সপ্তাহে একবার অন্তত ধর্মীয় কাজে অংশ নিয়েছেন। ১২ হাজার ১০৩ জন প্রতি সপ্তাহে একবারের কম ধর্মীয় আচার পালন করেছে এবং ১৭ হাজার ৮৭২ জন মোটেই কোনো ধর্মীয় আচার পালন করেন নাই।

গবেষণায় আরও দেখা যায় যেসব মহিলা ধর্মীয় কাজে অধিক মনযোগী হন তারা তুলনামূলক কম বিষণ্ণতায় ভোগেন এবং অধিকাংশই বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

যেসব মহিলা সপ্তাহে মোটেই ধর্ম পালন করেননি তাদের তুলনায় যারা একবারের বেশি ধর্মীয় কাজে মনোনিবেশ করেছিলেন তারা ৩৩ শতাংশ কম মৃত্যু ঝুঁকিতে আছেন।

গবেষণার ফল অনুযায়ী, যারা সপ্তাহে অন্তত একবার ধর্মীয় কাজ করেছেন তারা একবারের চেয়ে কমবার পালনকারীদের থেকে ১৩ শতাংশ কম মৃত্যু ঝুঁকিতে আছেন।

এই গবেষণা শুধুমাত্র মধ্য বয়সি চাকুরিজীবী মহিলাদের মধ্যে করা হয়েছিল। ফলে এটি কম বয়সি বা পুরুষদের জন্যও ধর্ম পালন একই রকমের সুফল বয়ে আনবে কি-না এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানতে পারেননি গবেষকরা।

ছবি: রয়টার্স।