চকলেট সিরাপে প্যান কেক
অতিথি আপ্যায়নে চমৎকার একটি পদ।
রেসিপি দিয়েছেন আমেনা আলি মেঘলা ।
উপকরণ: ময়দা ১ কাপ। বেইকিং পাউডার দেড় চা-চামচ। চিনি ৩ টেবিল-চামচ। লবণ ১/৪ চা-চামচ। ডিম ১টি। দুধ ১ কাপ। মাখন ৩ টেবিল-চামচ (গলানো)। ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ।
পরিবেশনের জন্য লাগবে: চকটেল সিরাপ অথবা গ্লোডেন সিরাপ- বাজার থেকে কিনতে পারেন কিংবা বাসায় তৈরি করতে পারেন। এছাড়া পছন্দ মতো ফল।
চকলেট সিরাপ: কোকো পাউডার আধা কাপ। চিনি ১ কাপ। পানি ১ কাপ। ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ৷ সব হাঁড়িতে নিয়ে ঘন করে জ্বাল দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চকলেট সিরাপ ৷
পদ্ধতি: মাখন ওভেন বা চুলায় গলিয়ে তিন, চার মিনিট রেখে ঠাণ্ডা করুন৷
শুকনা উপকরণ ময়দা, বেইকিং পাউডার, লবণ মিশিয়ে চেলে নিন৷ ডিম, দুধ, গলানো ঠাণ্ডা মাখন, ভ্যানিলা এসেন্স ফেটে নিয়ে এর সঙ্গে চেলে রাখা শুকনা উপকরণ দিয়ে মিশ্রন তৈরি করে নিতে হবে ৷
গরম ননস্টিক ফ্রাই প্যানে মাখন ব্রাশ করে নিন। গোল একটা চামচ দিয়ে কেক মিশ্রন প্যান দিয়ে দুএক মিনিট ঢেকে রেখে, কেক উল্টে দিয়ে আরও এক মিনিট প্যানে রেখে নামিয়ে নিন। এভাবে সবগুলো প্যান কেক তৈরি করুন।
পরিবেশন প্লেটে, কেকের উপরে নিজেদের পছন্দ মত চকলেট সিরাপ এবং পছন্দের ফল দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে৷
সমন্বয়ে: ইশরাত মৌরি।
