হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী
তবে গ্যালারি ঘুরে শিল্পীর তৈরি নানা ভাস্কর্য শিল্পের পাশাপাশি ড্রইং ও পেইন্টিংও চোখে পড়বে।
রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ায় ৪ মার্চ শুরু হয়েছে শিল্পী হামিদুজ্জামান খানের ‘স্টোনস ২’ শিরোনামের ভাস্কর্য প্রদর্শনী। আছে একটি স্থাপনা শিল্পও (ইনস্টলেশন), যা বিশেষভাবে মনে করিয়ে দিবে সমসাময়িক ঝরা পাতার দিনগুলোকে।
আদতে শিল্পীর সত্তরতম জন্মবার্ষিকী উদযাপনের উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে এই শিল্পকর্ম প্রদর্শনী। গ্যালারি ঘুরে এক কোণায় থাকা ইনস্টলেশন নিয়ে জিজ্ঞেস করতেই নিজের অতীতে ফিরে গেলেন শিল্পী।
“আগে স্থাপনা শিল্পের (ইনস্টলেশন) কাজ বেশ করতাম। এখনও করি, তবে অত বেশি না। কিন্তু আমার মনে হয়, স্থাপনা শিল্প (ইনস্টলেশন) দিয়ে খুব তাড়াতাড়ি মানুষের কাছাকাছি পৌঁছা যায়।”
সময়ের সঙ্গে মানুষের পছন্দ, বাছ-বিচার অনেক কিছুই পাল্টায়। সংবেদী শিল্পী মনও এর ব্যতিক্রম নয়। শিল্পকর্ম চর্চার প্রায় শুরু থেকেই ভাস্কর্য গড়ছেন শিল্পী হামিদুজ্জামান। বাংলাদেশের সমসাময়িক ভাস্করদের মাঝে তাঁর নামও অগ্রগন্য। তবে ধীরে ধীরে অনেক কিছুই পাল্টেছে শিল্পীর।
কাজের জন্য ঘুরে বেড়িয়েছেন নানান জায়গায়, হাতড়ে বেড়িয়েছেন শিল্পকর্মের উপাদান। সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে কাজের মাধ্যমেও। এক সময়ে মেটাল শিট, মেটাল কাস্টিং আর মেটাল পাইপেও অনেক কাজ করেছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে শিল্পীর উপাদানও পাল্টেছে। সত্তর পার হয়েও তরুণ এই শিল্পী এখন বেছে নিয়েছেন প্রকৃতির দেওয়া উপাদান।
তবে মাটির দেহে, এই মাটিরই আরেক রূপ পাথরের সঙ্গে এক অদ্ভুত আধ্যাত্মিক যোগাযোগ যে তিনি অনুভব করেন সেটা জানালেন নানা ভাবেই।
“পাথরে কাজ করলে তো প্রকৃতির আরও কাছাকাছি যাওয়া যায়। পাথর যেভাবে মাটিরই একটা ফর্ম, আমার কাছে মনে হয় শিল্পেরও একটা ফর্ম যেটা ধীরে ধীরে এই রূপ নেয়। আমি পাথরকে আকৃতি দেওয়ার চেষ্ঠা করি। পাথরের মধ্যে আমি লাইনগুলো ধরার চেষ্ঠা করি। জ্যামিতিক ফর্মটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা না হলে পুরো কাজটাই হারায়ে যায়।”
চারুশিল্পের ভাস্কর্য বরাবরই খুব শক্তিশালী একটি মাধ্যম। ভাস্কর্য যেমন ঠাই পায় মানুষের অন্দরমহলে, ঠিক তেমনি ভাস্কর্যের উদ্ভাসিত রূপ দেখতে পাওয়া যায় রাস্তার ধারেও। জড়বস্তু হয়েও, হাজারও মানুষের মাঝে দাঁড়িয়ে নিজের অভিব্যক্তি জানান দিতে পারে ভাস্কর্য। এমন শক্তিমত্তা নিয়ে আমাদের সমাজে নানান চেতনা বয়ে বেড়ায় আমাদের ভাস্কর্য।
কথা প্রসঙ্গে নিজের একটি শিল্পকর্মকে আঁকড়ে ধরে শিল্পী নিজের ভালোবাসার কথা বললেন। বলছিলেন কেন এই কাজ তার বিশেষ পছন্দের। স্বাভাবিক বাঁধাধরা কোনো জ্যামিতিক গঠন নেই কাজটির মধ্য। তবে পাথরের ওই ভাস্কর্যটির গা বেয়ে অসংখ্য রেখা কল্পনা করা যায়, যা কোনো দর্শকের চোখ টেনে নিয়ে যাবে মূল আকৃতির দিকে।
আরেকটু গভীরভাবে লক্ষ করলেই সেখানে খুঁজে পাওয়া যায় এক মানব মুখায়বব।
শিল্পী হামিদুজ্জামানের এমনি সব কাজ দেখতে পাওয়া যাবে গ্যালারি কায়াতে। ১৮ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই শিল্পকর্মের প্রদর্শনী।
প্রায় এক বছরের কিছু বেশি সময় ধরে করা ১৮টি পাথরের ও ১০টি ব্রোঞ্জের ভাস্কর্য দেখতে পাওয়া যাবে এবারের প্রদর্শনীতে। এছাড়া অ্যাক্রেলিক করা ৫টি ও মিশ্র মাধ্যমে করা ২০টি ড্রইং ও পেইন্টিং রয়েছে এই আয়োজনে। আঁকাআঁকির জন্য এমনিতেও শিল্পীর পছন্দ কালো রং। চিত্রকর্মগুলোর মাঝেও শিল্পীর সেই পছন্দের ছাপ দেখতে পাওয়া যায়।
গ্যালারি কায়ার ঠিকানা: বাসা ২০, রাস্তা ১৬, সেক্টর ৪, উত্তরা, ঢাকা ১২৩০।
ছবি: লেখক।
