২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিয়ানা’র নতুন আয়োজন

শাড়িতে, কাপড়ে, কুশনে বা চাদরে লেখা আছে ‘তুই কি আমার দুঃখ হবি’।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 01:09 AM

Updated : 11 Oct 2022, 07:53 PM

“যাকে দেখে আমার এই কবিতা লেখা, সে এখন কোথায় আছে জানি না।” রাজধানীর বসুন্ধরা সিটির দেশীদশ’য়ের বিবিয়ানাতে কেক কাটার আগে এভাবেই ভাব প্রকাশ করলেন লেখক আনিসুল হক।

তবে কেক কাটার কারণ যতটা না বিবিয়ানার’ তার চেয়েও বেশি আনিসুল হকের।

কারণ এই সাহিত্যিকের জন্মদিন উপলক্ষ্যে তারই লেখা কবিতার পঙক্তির সংকলনে পাঞ্জাবি, শাড়ি, বিছানার চাদর, পর্দা ইত্যাদি সামগ্রীর নতুন আয়োজন শুরু করেছে বিবিয়ানা।

তাই ৪ মার্চ ৫১তম জন্মদিন উপলক্ষ্যে আনিসুল হক কেক কেটে নিজের জন্মদিনই নয় পাশাপাশি বিবিয়ানার নতুন আয়োজনেরও সূচনা করলেন।

প্রতিটি পোশাক ও অনুষঙ্গই নকশা করা হয়েছে সাদা ও অফ হোয়াইট কাপড়ের উপরে।

লিপি খন্দকার বলেন, “দেশি ধাঁচের পোশাক যারা পছন্দ করেন তাদের কাছে কবিতা লেখা পোশাকের কদর বরাবরই বেশি। আর অনেকে দিন ধরেই এই ধারার পোশাক ও অনুষঙ্গ তৈরির ইচ্ছা ছিল। তাই তার জন্মদিনের দিন এই নতুন সংযোজনের একটি উপলক্ষ্য পাওয়া গেল।”

এই নতুন নকশার পর্দার দাম পড়বে প্রতিটি সাড়ে ৭শ’ টাকা, বিছানার চাদর ১ হাজার ৬শ’ ৫০ টাকা এবং কুশন কভার প্রতিটি আড়াই’শ টাকা।

শাড়ির দাম নকশা ভেদে ১ হাজার ৫শ’ থেকে ২ হাজার ২শ’ টাকা এবং পাঞ্জাবি ১ হাজার ২শ’ থেকে ১ হাজার ৫শ’ টাকা।

এই নকশার আরও পোশাক ও নতুন সংযোজন শিগগিরই ‘বিবিয়ানা’র সব বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে বলে জানানো হয়।

ছবি: দীপ্ত্।