২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৃতি

সিমিন হোসেন রিমির আলোকচিত্র প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 03:36 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

গ্যালারি জুড়ে দেয়ালে টাঙানো ১১টি ফ্রেম। ফ্রেমবন্দী হয়ে আছে নৈসর্গিক পরিবেশ। মাথার উপরের আকাশ, বাড়ির পাশের গাছগুলো, স্বপ্নালোকে ভ্রমণে যাওয়া অসম্ভব সুন্দর সেই জায়গাটা অথবা কখনওবা চোখে পড়ে নাম না জানা সেই ছোট্ট পাখিটাকে –গ্যালারি টোয়েন্টি ওয়ানে ঢুকে এমনি এক অনুভুতির মধ্য দিয়ে যেতে হয়।

ঢাকার ধানমণ্ডির সাত মসজিদ রোডের এই গ্যালারিতে শুক্রবার ১৯ ডিসেম্বর শুরু হয়েছে সিমিন হোসেন রিমির একক আলোকচিত্র প্রদর্শনী। ‘প্রকৃতি’ শিরোনামের এই প্রদর্শনী চলবে আগামী বছরের ২ জানুয়ারি পর্যন্ত।

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে গ্যালারি টোয়েন্টি ওয়ান।

সিমিন হোসেন রিমির পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান রিমি বর্তমানে একজন সংসদ সদস্য। সমাজকর্মী ও লেখক রিমি’র কথা জানা গেলেও তার আলোকচিত্র চর্চার খবর পাওয়া যায় এবারের প্রদর্শনীর মধ্য দিয়ে।

“সিমিন যে কখনও প্রদর্শনী করবে সেটা আমার ধারণাতেই ছিল না। এমনিতে ও দেশে কিংবা বাইরে গেলেও ছবি তুলতো। তবে আরও ভালো লাগছে প্রকৃতির ছবি দেখে। প্রকতির মাঝে আমরা সত্যিকারের সৌন্দর্য খুঁজে পেতে পারি।”

সিমিনের আলোকচিত্র নিয়ে নিজের ভালো লাগার কথা এভাবেই বললেন তার সঙ্গী (স্বামী) মুস্তাক হোশেন।

এই প্রদর্শনীর কাজ করতে গিয়েই শারীরিক অসুস্থতায় পড়েছেন সিমিন হোসেন। নিজের প্রথম প্রদর্শনীর উদ্বোধনের দিন তাই উপস্থিত থাকতে পারেননি তিনি।

প্রদর্শনীতে জায়গা পাওয়া ১১৪টি ছবির বিষয়বস্তুই প্রাণ ও পরিবেশ। সমুদ্র, মেঘ, পাখি, গাছ, জলরাশি, ফুল, নৌকা – এমনি সব বিষয় উঠে এসেছে রাজনীতিবিদ সিমিন হোসেনের ছবিতে।

আপাত, মনোরম সুন্দর এইসব ছবির মাঝেও খুঁজে পাওয়া যায় সিমিনের রাজনৈতিক অভিব্যক্তি। চন্দ্র, সূর্য, মেঘের ঘনঘটায় অনেকগুলো ছবি আছে প্রদর্শনীতে।

ছবিগুলোতে মর্মান্তিক ঘটনায় বাবাকে হারানো সিমিন হদয়ের অন্তঃক্ষরণ অনুভব করতে পারা যায়। তারপরও, রূপক সৌন্দর্যের ধারক এই ছবিগুলোকে উপেক্ষা করা যায় না।

তার ছবি নিয়ে বলতে গিয়ে শিল্পী মনিরুল ইসলাম বলেন, “রিমির ছবিগুলো সার্বজনীন। পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময়ে এই ছবিগুলো প্রদর্শন করা সম্ভব।”

তিনি আরও বলেন, “মিনিমালিস্ট অ্যাপ্রোচে আঁকা তার ছবির মাঝে লুকিয়ে থাকা দুঃখ-কষ্ট বোঝা যায়। তবে সবচেয়ে বড় কথা শিল্পী সিমিনের ছবিতে কোনো ধরনের ম্যানুপুলেশন নেই।”

সিমিনের ছবিতে অনুপস্থিত মানুষ। হাজারও প্রাণের গল্প বললেও, মূল অভিনেতাকে ফ্রেমের মধ্যে হাজির করেননি আলোকচিত্রী সিমিন। রাজনীতিবিদ হিসেবে সবচেয়ে বড় যোগাযোগ যেই মানুষের সঙ্গে, সেই মানুষকে হাজির করেছেন অনুভুতি দিয়ে। সীমার মাঝে অসীমের গল্প বলার প্রয়াস রয়েছে তার ছবিতে।

“হাজার বছর ধরে মানুষ যেই আকাশ দেখছে, সেই আকাশকে সিমিন ক্যামেরায় ধরতে চেয়েছেন। হয়ত এর রহস্য উদঘাটনের চেষ্ঠা করেছেন তিনি। আকাশের অনেক রংয়ের মতো মানুষের জীবনেরও নানা সময়ে নানান রং বদলায়।”

তার ছবি সম্পর্কে বলতে গিয়ে এর মনঃস্থাত্ত্বিক ব্যাখ্যায় দৃষ্টি দেন শিল্পী রোকেয়া সুলতানা।

তবে সব কিছুর বাইরেও, শিল্প চর্চার এই প্রদর্শনীর আরেকটি মহতী উদ্দেশ্যের কথাও জানিয়েছেন, আয়োজক গ্যালারির উদ্যোক্তা শামীম সুব্রানা।

ছবি বিক্রির মাধ্যমে পাওয়া অর্থে শহীদ তাজউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের একটি জাদুঘর করবার পরিকল্পনা রয়েছে। আর তাই, সবাইকে এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বানও জানান শিল্পী সুব্রানা। 

গ্যালারি টোয়েন্টি ওয়ানের ঠিকানা: ৭৫১, সাত মসজিদ রোড (১১ তলা), ঢাকা – ১২০৫।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।