মধুর মতো সুন্দর
মধু দিয়ে ঘরে তৈরি রূপচর্চার পদ্ধতি।
মধু অসাধারণ ময়েশ্চারাইজার। প্রতিদিনের রূপচর্চায় মধু যোগ করতে পারে অবিশ্বাস্য পরিবর্তন। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলে পুষ্টি যোগায় এবং ত্বক করে কোমল।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটের তথ্য নিয়ে মধু দিয়ে রূপচর্চার বিভিন্ন পন্থা এখানে দেওয়া হল।
মৃত কোষ তুলতে: নরম ও মসৃণ ত্বক পেতে এই প্যাক মুখে এবং শরীরে লাগাতে পারেন।
২ টেবিল-চামচ মধু। ৪ টেবিল-চামচ কাঠবাদামের মিহিগুঁড়া। ১ টেবিল-চামচ লেবুর রস।
সব উপাদান মিলিয়ে আঙ্গুলে নিয়ে ত্বকে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে। কয়েক মিনিট রেখে প্যাকটি পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কোমল চুলের জন্য: এই মাস্ক চুল কোমল।
২টি পাকা কলা। অর্ধেক কাপ মধু। অর্ধেক কাপ অলিভ অয়েল। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলে এবং মাথার ত্বকে লাগান। আধা ঘণ্টা পর স্বাভাবিক নিয়মে শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার মেখে নিন।
ফেইস মাস্ক হিসেবে: এই মাস্ক ত্বকে জুড়িয়ে দেবে। শুষ্ক ত্বকে এবং অল্পতেই যেসব ত্বকে যন্ত্রণা হয় সেসব ত্বককে আরাম দিতে সাহায্য করবে।
আধা কাপ ওটমিল। আধা কাপ দুধ। ৪ টেবিল-চামচ মধু। দুধ ও মধু মিশিয়ে ওটমিল রান্না করতে হবে। তারপর মাস্কটি ঠাণ্ডা করে মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
ঠোঁটের যত্নে: এই স্ক্রাব শুধু ঠোঁটের জন্য উপকারী নয় খুব সুস্বাদুও বটে। তাই এই স্ক্রাব মাখার পরে, সত্যিকারের মিষ্টি ঠোঁটের অধিকারী হয়ে উঠবেন।
১ টেবিল-চামচ অর্গানিক নারিকেল তেল। ১ টেবিল-চামচ মধু। ১ টেবিল-চামচ বাদামি-চিনি।
সবগুলো উপকরণ মিলিয়ে অল্প করে নিয়ে ঠোঁটে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে। কিছুক্ষণ পর একটা পাতলা কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে প্যাকটি মুছে নেবেন।
ছবি: দিপ্ত।
