২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাললিক অনুভব’

কালিদাস কর্মকারের ৭১তম একক প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 03:43 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

পলিমাটিতে গড়া বাংলাদেশের মানুষের সঙ্গে, নদীর স্রোতে ভেসে আসা এই মাটির সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। চরিত্রের দিক থেকেও কঠোর ও কোমলতার অদ্ভুত মিশেল দু’য়ের। বান(বন্যা)- আর আবাদের (ফসলের চাষ) মিশ্রণে পলিমাটি এখানে শিল্পী, যে ভাঙে আবার গড়েও।

আর বাঙালি, এক হাতে একশ পদের মাছে অতিথি নারায়ণের সেবা দেয়, আরেক হাতে বজ্র কঠিন শপথ নিয়ে লড়াই করে, জীবন দেয়। লাঠি আর স্টেনগানের বিভেদ বোঝে না এ জাতি। এমন দেশে জন্ম নিয়ে, পলিমাটির সৌরভে বেড়ে উঠা শিল্পী কালিদাস কর্মকার তাই ২০০৩ সাল থেকে নিজের প্রদর্শনীকে উৎসর্গ করেছেন ‘পাললিকতা’র প্রতি।

সে বছর বেঙ্গল গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীর শিরোনাম দিয়েছিলেন ‘এলুভিয়াল ফেস’ যা বাংলায় ‘পাললিক মুখ’। এরই ধারাবাহিকতায় ঢাকার অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসে আয়োজিত শিল্পীর ৭১তম একক প্রদর্শনীর শিরোনাম ‘এলুভিয়াল রিয়েলাইজেশন’ বা ‘পাললিক অনুভব’।

৪ ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। আর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। 

এবারের আয়োজনে বিভিন্ন মাধ্যমে করা শিল্পীর প্রদর্শিত শিল্পকর্ম ৭১টি। এর মাঝে একমাত্র ‘ইনস্টলেশন’টিতে (স্থাপনা শিল্প) মানুষের অবয়বের সঙ্গে জায়গা পেয়েছে নানা ধরনের জিনিসপত্র।

কথায় কথায় বললেন, “ছবি আঁকতে গিয়ে স্বভাবনুযায়ী হাতে উঠেছে নানা মাধ্যম আর উপাদান।”

অ্যাক্রিলিক, ডিজিটাল লিথোগ্রাফ, মিক্স মিডিয়া, কালি ও কলম, গোয়াশ, জাপানি ওয়াশি, কলোগ্রাফ পর্যন্ত নাম বলে থামলেন শিল্পী কালিদাস।

আগামী বছরের ১০ জানুয়ারি ৭২ বছরে পা রাখবেন ‘কালি দা’। তাই, নিজের যাপিত ৭১তম বছরের সঙ্গে মুক্তিযুদ্ধের সালকে সম্মান জানিয়ে টানা তিনটি প্রদর্শনী করবেন কালিদাস। এই আয়োজনের পর ৩ জানুয়ারি জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে শুরু হবে দ্বিতীয় প্রদর্শনী। আর ২ ফেব্রুয়ারি গ্যালারি টোয়েন্টি ওয়ানে হবে এই সিরিজের শেষ প্রদর্শনীর উদ্বোধন।

“মা বলেন বাংলা ৫০ এর মনন্তরের পর জন্ম আমার। আর ১৯৭৬ এর অগাস্ট থেকে আমি বেকার (স্ত্রী মারা যাওয়ার পর)। তাই শুধু ছবি আঁকাটাই আমার কাজের মধ্যে পড়ে। সেজন্য প্রচুর ছবি আঁকি আর প্রদর্শনী করে মানুষের সামনে তুলে ধরতে চাই, কারণ উইক এন্ড আর্টিস্ট আমি না।” নিজের কাজ আর প্রদর্শনী নিয়ে বলতে গিয়ে শুরুতেই শিল্পীর অভিব্যক্তি এমন।

শিল্পী কালিদাস রংয়ের  ছোঁয়ায় বরাবরই একটু বেশিই বর্ণিল। ব্যক্তি কালিদাস যেমন, মানুষের মাঝে হাজির হন রঙিন বেশে, ঠিক ক্যানভাসে-কাপড়ে তার একেকটি শিল্পকর্ম নতুন রংয়ের সমীকরণের জন্ম দেয়। বাংলার যাপিতজীবন, কালিদাসের হাতে রং ওঠার পর মাদল দোলা দেয়। অসাধারণ শিল্পের সৃষ্টি হয় বিমূর্ত সব প্রতীকের মাঝ দিয়ে, দেখা মিলে বাংলার চিরায়ত মোটিফের।

এবারের প্রদর্শনীতে বিশেষ নজর কাড়ে নৌকার পালের আঙ্গিকে করা চারটি কাজ। শিল্পীর সঙ্গে আলাপে জিজ্ঞেস করতেই জানা গেলো শিল্পীর অব্যক্ত বাসনার কথা।

“পদ্মার পাড়ে জন্ম হওয়ায় একটা সুবিধা ছিল, আমি বড় হয়েছি পালতোলা নৌকা দেখে। কিন্তু মুক্তিযুদ্ধের পর দেশে যখন কাপড়ের সংকট, সেসময় মানুষ পালের জন্য কাপড় পেত না। তাই ছেলেদের লুঙ্গি, মেয়েদের ফ্রক, গামছা থেকে শুরু করে মানুষ যে কোনো কিছুই জুড়ে দিত পাল ঠিক রাখতে। আমার কাছে সেসময়ের নৌকাগুলো দেখলে মনে হত বহমান অ্যাবস্ট্রাক্ট আর্ট। টাকা থাকলে আমি সেগুলো সংগ্রহ করে রাখতাম। কারণ আমি বিশ্বাস করি, শুধু সেই পালগুলো দিয়েই একটা জাদুঘর তৈরি করা সম্ভব।”

এরপর শিল্পী তার ‘পাল’য়ের মোটিফে করা কাজের কথা জানান একটি বিস্তারিত ভাবে।

মূলত ২০০০ সালে ইরানের আমন্ত্রণে একটি প্রদর্শনীতে অংশ নিতে যাওয়ার সময় পালের কাজগুলো নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু ফ্রেমে বাধা কাজ নিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য ছিল না শিল্পীর। তাই এরকম রোল করে, ভালোবাসার ১৫টি পালের কাজ নিয়ে গিয়েছিলেন। সেখান থেকেই ৪টি এবারের প্রদর্শনীতে দিয়েছেন।

এবারের আয়োজনে নানা মাধ্যম থাকলেও ‘মেটাল’ আর ‘এচিং’ এর কোনো কাজ রাখেননি। মেটালের কাজগুলো দেখতে যেতে হবে জাদুঘরের প্রদর্শনীতে। আর এচিং থাকছে গ্যালারি টোয়েন্টি ওয়ানের আয়োজনে।

অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের ঠিকানাঃ এজে হাইটস, ৭২/১/ডি (২য় তলা), প্রগতি স্মরণী, উত্তর বাড্ডা, ঢাকা ১২১২।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।