‘থ্রি জেনারেশনস’
ঢাকার উত্তর বাড্ডার অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসে চলছে তিন প্রজন্মের তিন নারী শিল্পী সরত মালা চাকমা, কনক চাপা চাকমা ও শিরোপা পূর্ণার শিল্প প্রদর্শনী।
সম্পর্কে তিনজন মা, মেয়ে ও নাতনি। নাড়ির টান পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি হলেও, আপন প্রতিভায় ভাস্কর তিন শিল্পীই আজ বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন বিশ্ব-দরবারে।
বুনন শিল্পে সরত মালা চাকমা বাংলাদেশের আদিবাসী কোমর তাঁতকে নিয়ে গেছেন মানচিত্রের উর্ধ্বে।
কনক চাপা চাকমা ছবি আঁকেন। খ্যাতিমান এই আঁকিয়ের প্রদর্শনী হয়েছে দেশে-বিদেশে।
আর শিরোপা পূর্ণার মূল পরিচয় চলচ্চিত্র নির্মাতা। বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে পা দেওয়ার আগেই নিজের ‘শর্ট ফিল্ম’ দেখিয়েছেন আন্তর্জাতিক সব উৎসবে।
কনক চাপা কাকমার চিত্রকর্ম।
বাংলাদেশের সমকালীন চিত্রশিল্পীদের মাঝে দীর্ঘদিন ধরে অ্যাক্রেলিকে আদিবাসী নারীদের ছবি আঁকছেন কনক চাপা। এবারের প্রদর্শনীতে তার ছবি রয়েছে ৪৭টি। বিষয়বস্তুও একই। তবে এবার নিজের মা’য়ের সঙ্গে প্রদর্শনী করতে পেরে স্বপ্ন পুরণ হওয়ার আনন্দের কথাই জানালেন এই শিল্পী।
“আমার ছোটবেলায় মা তখনও আর্ট গ্যালারি দেখেননি। তারপরও আমার আঁকাআঁকিতে উৎসাহ দিয়ে গেছেন। আবার আমি দেখতাম বাসায় মা সবসময়ই সুতা, কাপড়, তাঁত এসবের কাজ করছেন। আমার ছবি আঁকায় এর ব্যাপক প্রভাব রয়েছে। সেটা রংয়ের ব্যবহারেই হোক, আর কম্পোজিশনেই হোক।”
সরত মালা চাকমার নকশায় কাপড়।
কনক চাপা কাকমার চিত্রকর্ম।
সরত মালা জানান, এখন বয়স ৮০/৮১ এরকম কিছু একটা হবে। আর সুতার কাজ শুরু করছেন বয়স যখন আট।
প্রদর্শনীতে অংশ নেওয়ার অনুভুতি বলতে গিয়ে শিল্পীর চেয়েও অভিভাবক হিসেবে তার ব্যক্তিত্ত্বই যেন সব কিছু ছাপিয়ে গেলো, “খুবই খুশি লাগতেসে। দেখতেসেন না মেয়ের বন্ধু নাতনির বন্ধুরা চোখের সামনে দিয়ে ঘুরতেসে। এই আনন্দ আর কীভাবে বলি; আমার বন্ধুরাও আছে। কিন্তু এত্ত মানুষ আসতেসে এই দেইখাই ভালো লাগতেসে।”
কনক চাপা কাকমার চিত্রকর্মের সামনে তার মা সরত মালা চাকমা।
কাপড় বোনার সরঞ্জামও প্রদর্শীত হচ্ছে।
এদিকে প্রথম প্রদর্শনী শিরোপা পূর্ণার। তাও আবার মা আর নানির সঙ্গে। স্বভাবতই উচ্ছ্বসিত শিরোপা।
“আমার কাছে প্রদর্শনীর উদ্দেশ্য বলতে গেলে, অতীতের সঙ্গে বর্তমানের যোগসুত্র খুঁজে বের করা। তবে আমাকে আর আমার মাকে এমন সুযোগ করে দেওয়ার জন্য নানিকে আমি ধন্যবাদ দিতে চাই। আশা করব, অন্যরাও সমাজের বড়দের ভালো কাজ দেখে অনুপ্রাণিত হবেন।”
এর আগে ক্ষুদে চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিতি থাকলেও এই প্রদর্শনীর মধ্য দিয়ে আলোকচিত্রী ও চিত্রশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ ঘটলো তার। জলরংয়ে করা ১০টি ছবি ও চারটি আলোকচিত্র নিয়ে এবার মা-নানীর সহযাত্রী শিরোপা।
প্রদর্শীত হচ্ছে শিরোপা পূর্ণা নির্মিত চলচ্চিত্র।
অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের ঠিকানা: এজে হাইটস, ৭২/১/ডি (২য় তলা), প্রগতি স্মরণী, উত্তর বাড্ডা, ঢাকা ১২১২।
ছবি: ফায়হাম ইবনে শরীফ।
