১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাস্তায় চায়ের সঙ্গে খাস্তা মোগলাই পরোটা

রেস্তোরাঁর মতো মচমচে মোগলাই পরোটা এবার তৈরি করে নিতে পারবেন ঘরেই!

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 04:48 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

বিকেলের নাস্তায় মচমচে মোগলাই পরোটার জুড়ি মেলা ভার।

রেস্তোরাঁ স্টাইলের জিভে জল আনা এই খাবার ঘরেই কীভাবে সহজে তৈরি করা যায়, তা নিজের রেসিপিতে জানিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।  

উপকরণ:

  • ময়দা: ২ কাপ
  • তেল (ময়ানের জন্য): ৩ টেবিল-চামচ
  • লবণ: স্বাদ মতো
  • পানি: পরিমাণ মতো (ডো তৈরির জন্য)
  • ডিম: ৪টি
  • পেঁয়াজ কুচি: আধা কাপ
  • কাঁচা মরিচ কুচি: ৪টি
  • ধনেপাতা কুচি: আধা কাপ
  • গোলমরিচ গুঁড়া: সামান্য
  • চিলি ফ্লেক্স: সামান্য
  • তেল (ভাজার জন্য): ২ কাপ

পদ্ধতি

ধাপ ১: খামির বা ডো তৈরি

প্রথমে একটি বড় পাত্রে ২ কাপ ময়দা, ৩ টেবিল-চামচ তেল এবং স্বাদ মতো লবণ একসঙ্গে নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে ‘ময়ান’ করে নিতে হবে।

ময়দা মুঠো করলে যদি দলা পেকে যায়, তবে বুঝতে হবে ময়ান ঠিক হয়েছে।

এবার অল্প অল্প করে পানি মিশিয়ে নরম ও মসৃণ একটি ডো বা খামির তৈরি করে নিতে হবে। খামিরটি সেট হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়া উপকারী।

ধাপ ২: ডিমের পুর বা স্টাফিং তৈরি

অন্য একটি বাটিতে আধা কাপ পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, সামান্য লবণ, গোলমরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স ভালো করে মেখে নিতে হবে।

পেঁয়াজ নরম হয়ে এলে এর মধ্যে ৪টি ডিম ভেঙে, একটি কাঁটাচামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে মসলাগুলোর সঙ্গে মিশিয়ে নিন।

ধাপ ৩: পরোটা বেলা ও ভাঁজ করা

এবার আগে থেকে তৈরি করে রাখা ডো থেকে সমান ৩টি লেচি কেটে নিতে হবে। প্রতিটা লেচি দিয়ে বেলন-পিঁড়িতে সামান্য তেল মাখিয়ে যতটা সম্ভব পাতলা এবং বড় করে রুটি বেলে নিতে হবে। রুটি বেলা হলে এর ঠিক মাঝখানে ফেটানো ডিমের গোলার তিন ভাগের এক ভাগ চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। এরপর রুটির চারপাশ থেকে খামের মতো চারকোনা করে সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে, যেন ভেতরের ডিমের গোলা বাইরে বের হয়ে না আসে।

ধাপ ৪: ডুবো তেলে ভাজা

একটি কড়াইয়ে ২ কাপ তেল মাঝারি আঁচে গরম করে নিতে হবে। তেল ঠিকঠাক গরম হলে সাবধানে পরোটাটি কড়াইয়ের ডুবো তেলে ছেড়ে দিতে হবে।

চুলার আঁচ মাঝারি থেকে কিছুটা কমিয়ে পরোটার দুই পাশ উল্টে-পাল্টে সোনালি-বাদামি করে ভেজে নিন। মচমচে ভাব আনার জন্য তাড়াহুড়ো না করে কিছুটা সময় নিয়ে ভাজা ভালো।

পরিবেশন

ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর তুলে নিতে হবে। এরপর ধারালো ছুরি দিয়ে চারকোনা বা চার টুকরো করে কেটে ওপরে সামান্য বিট লবণ ছিটিয়ে, সঙ্গে টমেটো সস ও শসার সালাদ দিয়ে বিকেলের নাস্তায় গরম গরম পরিবেশন করুন মজাদার মোগলাই পরোটা।

আরও রেসিপি

বিকেলের আড্ডায় মচমচে নাস্তা: বিফ কিমা পুরি

চিকেন প্যাটিস তৈরির রেসিপি

ওটস আপেল কেক তৈরির পদ্ধতি