প্রথম দেখা হওয়ার কত সময় পর মেসেজ পাঠানো ঠিক?
সম্পর্ক শুরু হওয়ার পর প্রথম দেখা হওয়া বা ডেইট শেষে কখন মেসেজ দেওয়া উচিত, সেটা নিয়ে আর দ্বিধা নয়।
প্রথম ডেইট বা দেখা হওয়ার পর, মনের মানুষের সঙ্গে যোগাযোগের প্রথম পদক্ষেপটি নিয়ে অনেকেই তীব্র দ্বিধাদ্বন্দ্বে ভোগেন।
দ্রুত মেসেজ দিলে অপর পক্ষ যদি ভাবেন খুব বেশি ব্যাকুলতা কাজ করছে, আবার তিন দিনের বহুল প্রচলিত নিয়মের জন্য বেশি দেরি করলে যদি মনে হয় কোনো আগ্রহই নেই— এমন মনস্তাত্ত্বিক টানাপোড়েন প্রায় সবার মধ্যেই দেখা যায়।
মনস্তত্ত্ব-বিষয়ক পোর্টাল সাইকোলজি টুডে-তে প্রকাশিত একটি প্রতিবেদনে এই দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে একটি বৈজ্ঞানিক সমাধান তুলে ধরা হয়েছে।
২০২৬ সালে প্রকাশিত একটি নতুন বৈজ্ঞানিক গবেষণার প্রেক্ষিতে গবেষকেরা দেখিয়েছেন, প্রথম ডেইটের পর মেসেজ পাঠানোর একটি নির্দিষ্ট ‘স্বাভাবিক সময়’ রয়েছে, যা সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জার্মানির লিউফানা ইউনিভার্সিটি অফ ল্যুনেনবার্গ-এর মনস্তাত্ত্বিক পর্যালোচনায় গবেষক লার্স টাইখম্যান ও তার দল, ডেইটিং মনস্তত্ত্ব ও টেক্সট মেসেজের সময় সংক্রান্ত গবেষণাটি সম্পন্ন করেন।।
জার্নাল অব সোশ্যাল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপস-এ প্রকাশিত এই গবেষণায় ৫৪৩ জন অংশগ্রহণকারীর ওপর পরীক্ষা চালানো হয়। গবেষণার ফলাফলে দেখা যায়, প্রথম ডেইটের পর যোগাযোগের ক্ষেত্রে একটি উল্টো ‘ইউ’ বক্ররেখা বা ‘গ্রাফ’ কাজ করে।
অর্থাৎ, খুব দ্রুত বা খুব দেরিতে মেসেজ দেওয়ার চেয়ে একটি মধ্যবর্তী বা স্বাভাবিক সময়ে যোগাযোগ করা হলে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
গবেষণার তথ্য অনুযায়ী, ১০০ জন পুরুষ ও নারীর ওপর করা জরিপে দেখা গেছে, ডেইট শেষ হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর অর্থাৎ ‘পরদিন সকাল’ বা পরদিন দুপুরের মধ্যবর্তী সময়টিকে মানুষ যোগাযোগের জন্য আদর্শ মনে করেন।
সামাজিক মনস্তত্ত্ববিদ এবং যুক্তরাষ্ট্রের ‘লয়োলা ইউনিভার্সিটি মেরিল্যান্ড’-এর অধ্যাপক ড. থেরেসা ই. ডিডোনাটো, এই গবেষণা সম্পর্কে প্রতিবেদনে আরও জানান, মেসেজ পাঠানোর এই সময়ের ওপর পুরুষদের তুলনায় নারীরা অনেক বেশি সংবেদনশীল।
নারীদের ক্ষেত্রে দেখা যায়, ডেইটের পরদিন মেসেজ পাঠানো হলে সেটা ইতিবাচক মনোভাব তৈরি করে।
ডেইট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ২০ মিনিটের মধ্যে মেসেজ পাঠানো হলে, তীব্র ভালোলাগা প্রকাশ করলেও, অনেক সময় সেটা অতিরিক্ত নির্ভরশীলতা স্বভাবের নেতিবাচক সংকেত দেয়।
তবে বেশি ক্ষতিকর হল, ডেইট শেষ হওয়ার দুই দিন বা এর বেশি সময় পর মেসেজ দেওয়া।
পুরুষ ও নারী- দুই পক্ষই, বিশেষ করে নারীরা, দুদিন পর মেসেজ পেলে অবচেতনেই ধরে নেন যে অপর পক্ষের আগ্রহ একদম নেই বললেই চলে।
তাই এই মনস্তত্ত্ববিদদের মতে, সম্পর্কের গভীরতা ও নির্ভরযোগ্যতা প্রকাশ করতে ‘হার্ড-টু-গেট’ বা বেশি ভাব নেওয়ার পুরানো কৌশল বাদ দিয়ে, পরদিনই একটি সুন্দর মেসেজ পাঠানো কার্যকর মনস্তাত্ত্বিক কৌশল।
