২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীর নাম বিষখালি

'দুই পাশে দুই জেলা মাঝখানে নদী/ ঢেউয়ে ঢেউয়ে বয়ে যায় ভাঙ্গে নিরবধি।'

রাব্বী আহমেদ রাব্বী আহমেদ

Published : 29 Jul 2023, 12:37 AM

Updated : 29 Jul 2023, 12:37 AM

আমাদের নদীটার নাম বিষখালি,

বিষ নয় কেউ যেন মধু দিল ঢেলে।

দুই পাশে দুই জেলা মাঝখানে নদী,

ঢেউয়ে ঢেউয়ে বয়ে যায় ভাঙ্গে নিরবধি।

এ নদীর ইলিশের আহা কি যে স্বাদ!

অবারিত ধরে গেল জেলে-জল্লাদ,

জলের অতল হতে নিয়ে এল তুলে,

ইলিশের মা’রা গ্যালো দুঃখকে ভুলে।

ছোটবেলা সেই কবে নৌকায় চড়ে,

আম্মাকে নিয়ে যাওয়া নানুদের ঘরে।

আম্মা পেতেন ভয় তুফানের তোড়ে,

সেইসব দিন ভেবে মন আজও পোড়ে।

শৌ’জালিয়ার ঘাটে খেয়া পারাপার,

দুই টাকা করে নিত এপার-ওপার।

কেউ কেউ ফাঁকি দিত বুঝতাম ঠিক-ই

চারদিক রোদ্দুর রাঙা ঝিকিমিকি।

একদিন এ নদীতে এক ট্রলার ডুবল,

ছন্দু মিয়ার ছেলেও সে ট্রলারে ছিল।

ওর নাম মনে নাই তবে একসাথে

প্রাথমিকে পড়তাম থ্রি বা টু’তে।

চারদিকে হইচই হলো জানাজানি,

না জানি হঠাৎ হায় কত প্রাণহানি!

এই নিয়ে রাত-দিন-রাত ভাবাভাবি,

ওদেরকে খোঁজা হোক এই ছিল দাবি।

খুঁজে খুঁজে বের হল তারা কে বা কারা

চোখে চোখে বয়ে গেল কান্নার ধারা।

যে জালে ইলিশ ওঠে সেই জাল পেতে,

কারা যেন গেল বলে ওদের ওঠাতে।

মানুষ ধরার সেই দিন মনে পড়ে,

কান্নার কলরোল ছিল ঘরে ঘরে।

আব্বার দোকানও ওই পারে ছিল,

ব্যথিত হৃদয় নিয়ে বিকেলে ফিরল।

ওই দিনটার কথা কি করে যে ভুলি

মাছ নয় মানুষকে নিয়ে এল তুলে,

ছন্দু মিয়াও ছিল সাথে তার ছেলে

একই জালে আটকাল জল্লাদ-জেলে।