১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কামাল চৌধুরীর কবিতা: একাত্তর

আমাদের বাড়িগুলো পলাশের শিমুলের ঘর/ বুকে বাংলাদেশ লেখা, রক্তে লেখা আছে একাত্তর।

কামাল চৌধুরীর কবিতা: একাত্তর

অলঙ্করণ: সোহাগ পারভেজ

কামাল চৌধুরী কামাল চৌধুরী

Published : 16 Dec 2023, 09:27 AM

Updated : 16 Dec 2023, 09:27 AM

আমাদের গ্রামগুলো আকাশের অবারিত মেঘ

আমাদের বাড়িগুলো পলাশের শিমুলের বাড়ি

আমরা নদীর বুকে কুপি জ্বেলে, গ্রহ-তারা জ্বেলে

জেলে-নৌকা, ভাটিয়ালি, উজানের গান হতে পারি।

আমরা পথের পাশে হতে পরি লাল লাল ফুল

হতে পারি শস্যকণা, রৌদ্র দিন, আগুন, মশাল

নবান্নে ভাতের গন্ধে ভরে দিতে পারি মেঠো সুর

আমরা দাঁড়াতে পারি বুকে রেখে আজন্ম সকাল।

আমরা হাঁটতে পারি বধ্যভূমি, কবর পেরিয়ে

পিচঢালা রাজপথে হতে পারি শহীদ মিনার

আগুন জ্বালিয়ে দিয়ে পরাগের জখমি ডানায়

আমরা তাড়াতে পারি হন্তারক, দস্যু হানাদার।

আমাদের সব স্মৃতি, হিজলের তমালের মেধা

বুকভর্তি কৃষ্ণচূড়া, আলপথে অভয়ের বাণী

রুদ্র পলাশের দিনে শহীদেরা সব ছায়াতরু

দিগন্তরেখার পাশে চিরকাল বিজয় সরণি।

আমাদের বাড়িগুলো পলাশের শিমুলের ঘর

বুকে বাংলাদেশ লেখা, রক্তে লেখা আছে একাত্তর।