শিশুদের মহাকাশের গল্প শোনালেন নাসার নভোচারী
“আমরা মহাকাশ স্টেশনের বাইরে গিয়ে ৬ থেকে ৭ ঘণ্টা করে কাজ করতাম। এটি সবচেয়ে এক্সাইটিং ও বিপজ্জনক কাজ ছিল।”
জ্যোতির্বিজ্ঞানে বাংলাদেশের শিশুদের অনুপ্রেরণা ও উৎসাহ যোগাতে ঢাকায় এসেছেন মহাকাশবিষয়ক মার্কিন সংস্থা- নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা।
রোববার সকালে রাজধানীর প্লেপেন স্কুলে ‘এক্সপ্লোরিং স্পেস, ইন্সপায়ারিং ইয়ং মাইন্ড’ শিরোনামে এক অনুষ্ঠানে শিশুদের মহাকাশের গল্প শোনান তিনি।
আকাবা বলেন, “আমরা মহাকাশ স্টেশনের বাইরে গিয়ে ‘স্পেসওয়াক’ (হাঁটাহাটি) করেছি। আমরা স্পেস স্যুট পরে স্টেশনের বাইরে ৬ থেকে ৭ ঘণ্টা কাজ করতাম। এটি আমাদের জন্য সবচেয়ে এক্সাইটিং ও বিপজ্জনক কাজ ছিল।
“৬ মাস পর আমরা স্পেস স্টেশনের দায়িত্ব নতুন ক্রুদের বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরে আসি। বায়ুমণ্ডলে প্রবেশের পর আমাদের ছোটযানটি একটি প্যারাসুটের সহায়তায় ল্যান্ড করে। আমরা যখন নেমে আসি তখন ভূ-পৃষ্ঠে শীতকাল। তবে ফিরে আসা; ঘরে ফেরা খুবই সুখকর ছিল।”
তার এ সফর আয়োজন করেছে রাজধানীর ‘প্লেপেন স্কুল’ ও ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।
অনুষ্ঠানে শিশুদের সামনে নাসার এই নভোচারী ভিডিও চিত্রের মাধ্যমে মহাকাশে তার জীবনযাত্রার অভিজ্ঞতা শিশুদের সামনে উপস্থাপন করেন।
এছাড়া নানা প্রশ্নের জবাব দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন তিনি।
প্রশ্নোত্তর পর্বে জোসেফ এম আকাবা বলেন, “মহাকাশে যাওয়াটা সব সময়ই ঝুঁকিপূর্ণ। কিন্তু আমরা দীর্ঘ দুই বছর আমাদের প্রশিক্ষণগ্রহণ করেছি। মিশন কন্ট্রোলে বহু লোক আমাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছেন। তাই আমরা আসলে পৃথিবীতে ফিরে আসা নিয়ে দুঃশ্চিন্তা করিনি। কারণ আমরা জানতাম আমার টিম আমার নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করেছে। শুধু স্পেসওয়াকের সময় একটু ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মহাকাশে আমরা মূলত ভেসে বেড়াতাম। তখন আমাদের হাড় ও মাংসপেশি সচল রাখতে প্রতিদিন ঘণ্টা দুয়েক ব্যয়াম করতে হত। ছয় মাস পর যখন পৃথিবীতে ফিরলাম, তখন সব কিছু ভারী লাগত; মাধ্যাকর্ষণ শক্তি প্রবল। তবে দু-এক সপ্তাহের মধ্যে সব স্বাভাবিক হয়ে যায়।
“ভূ-পৃষ্ঠে নামার পর শুরুতে দাঁড়াতে গেলেই আমার বমি আসত, শুয়ে থাকলে সমস্যা হত না। তবে একদিনের মাথায় সে সমস্যা চলে যায়। মানুষের শরীর অভিযোজিত হয়। মহাকাশে গেলে ও ফিরে এলে দুই ক্ষেত্রেই আমাদের শরীর অভিযোজিত হয়।”
নভোচারীদের প্রাত্যহিক জীবন সম্পর্কে শিক্ষার্থীদের জানান আকাবা। প্রযুক্তির অগ্রগতি ও বৈশ্বিক চ্যালেঞ্জ, বিশেষ করে জলবায়ু সংকট মোকাবিলায় মহাকাশ অনুসন্ধানের ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি।
পরে প্লেপেন স্কুলের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও অধ্যক্ষ সোরাবন তহুরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকাবাকে ক্রেস্ট প্রদান করেন।
