২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজকীয় পোষা প্রাণীরা

বিড়াল, কুকুর কিংবা পাখি পোষার শখ কার না থাকে? খুব ছোটবেলা থেকেই নিশ্চয়ই তোমারও শখ আছে ছোট্ট ছোট্ট এইসব প্রাণী পোষার। কারও কারও বাসায় হয়তো আছেও এমন পোষা প্রাণী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>মুশফিকুর রহমান আশিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2015, 03:06 PM

Updated : 12 Oct 2022, 03:57 PM

আজকে আমরা এই পোষা প্রাণীদের গল্প শুনবো। তবে, এরা কিন্তু যেনতেন পোষা প্রাণী না, একদম রাজকীয় পোষা প্রাণী। “পোষা প্রাণী আবার রাজকীয় কেমন করে হয়?”-– এমনটা ভেবে কপাল কুচকে তাকাচ্ছো তো? ঠিক আছে, তোমাদের প্রশ্নের উত্তর পাবে এই গল্পেই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিশ্চয়ই তোমার অপরিচিত নন। উনার ছোট্ট দুই মেয়ের শখ হয়েছিল একটা প্রাণী পোষার। বারবার বাবাকে অনুরোধ করার পর অবশেষে কাজ হলো। প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি, তাদের এক বন্ধু সিনেটর এডওয়ার্ড কেনেডির থেকে উপহার হিসেবে একটি কুকুরছানা পেলেন। পর্তুগীজ ওয়াটার ডগ নামে পরিচিত কুকুর ছানাটির নাম রাখা হয়েছিল “বো”।  শুধু একটি কুকুর ছানা হলে কি চলে নাকি? তাই ২০১৩ সালে ওবামা নিয়ে এলেন দ্বিতীয় কুকুরছানাটি। নাম রাখা হয় “সানি”।

তোমরা কি জানো প্রেসিডেন্ট বুশ যখন হোয়াইট হাউজে ছিলেন তখন কুকুর এর পাশাপাশি আর কি কি প্রাণী ছিল? শুনলে হয়তো অবাক হবে, কিন্তু সেখানে গরু এবং বিড়াল ছিল।এই প্রাণীগুলো ইউ.এস. প্রেসিডেনশিয়াল পোষা প্রাণীদের ইতিহাসের অংশ। শুধু গরু আর বিড়ালই নয়, ওখানে ঘোড়া এবং পেঁচা থেকে শুরু করে সাপ এবং হাতি পর্যন্ত ছিল!

এবার বলি প্রেসিডেন্ট বুশের পোষা কুকুরগুলোর বিভিন্ন জাতের কথা। তার কুকুরগুলোর মাঝে ছিল দুটো স্কটিশ টেরিয়ার, যাদের নাম ছিল বার্নি এবং মিস বিজলি। তিনি “স্পটি” নামে একটি ইংলিশ স্প্রিঙ্গার স্পেনিয়েলও পুষতেন।

তবে হোয়াইট হাউজের রাজকীয় প্রাণীদের তালিকা এত ছোট নয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সময়ের প্রাক্তন প্রেসিডেন্টরা বিভিন্ন ধরনের অদ্ভুত প্রাণী হোয়াইট হাউজে এনেছিল। ষষ্ঠ প্রেসিডেন্ট, জন কুইঞ্চি অ্যাডামস এর স্ত্রী রেশমগুটি পালতেন। ৩১ তম প্রেসিডেন্ট হার্বার্ট‍‌‌ হুভার এর ছিল অপোজাম(opossum)। ৩০তম প্রেসিডেন্ট কেলভিন কুলিজ এর ছিল একটি রেকুন।  রেকুনটির নাম ছিল “রেবেকা” এবং এই অশান্ত প্রাণীটি সবসময় শিকলে বাঁধা থাকতো।

২৬তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট তার পোষা প্রাণীদের জন্য বেশ বিখ্যাত ছিলেন। তার ছয় সন্তানের পোষা প্রাণীদের মধ্যে ছিল সাপ, কুকুর, বিড়াল, গিনিপিগ, পাখি এবং আরও অনেক প্রাণী।

রুজভেল্ট এর ছেলে আর্চির একবার হাম হলো। তার ভাই কুয়েন্টিন তখন ভাবলো ঘোড়ার পরিবার দেখে হয়তো আর্চির মন ভালো হবে। তাই হোয়াইট হাউজের এলিভেটরে করে পুরো ঘোড়ার একটা পরিবার নিয়ে সোজা আর্চির রুমে চলে এলো।

কুয়েন্টিন এর পোষা প্রাণীর অ্যাডভেঞ্চার কিন্তু এখানেই শেষ নয়। একবার সে কয়েকটি সাপ ধার করে এনেছিল দোকান থেকে। অতিরিক্ত উত্তেজনায় দৌড়িয়ে এসে বাবাকে দেখাতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং চলাকালে বাবার ডেস্কে সব সাপ ফেলে দিয়েছিল।

প্রথম বিশ্বযুদ্ধের সময়, ২৮তম প্রেসিডেন্ট উড্রো উইলসন হোয়াইট হাউজের লনে এক পাল ভেড়া পালতেন। যুদ্ধের সময় তাঁর পরিবারকে সহায়তা করার জন্য এটি করেছিলেন। এটি দারুণ সহায়ক ছিল এবং ভেড়াদের ঘাস খাওয়ার জন্য লনের ঘাসও কাঁটা হয়ে যাচ্ছিলো।

পোষা প্রাণী যে শুধু শখ নয়, বরং মানুষের সেবায়ও কাজে লাগে, তার প্রমাণ দিয়েছিলেন প্রেসিডেন্ট উইলসন। হোয়াইট হাউজ ইতিহাস এসোসিয়েশনের জন রিলে থেকে জানা যায় যে উইলসনের ভেড়ার উল নিলামে বিক্রি করে যে টাকা উঠতো তা অ্যামেরিকান রেড ক্রসের কাছে যেত, বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এ টাকা ব্যবহৃত হতো।

বিশ্বের অন্যান্য নেতাদের উপহারের তালিকায় ছিলো কিছু অস্বাভাবিক প্রাণী। ১৫তম প্রেসিডেন্ট জেমস বুকানান সিয়াম (যা এখন থাইল্যান্ড নামে পরিচিত)-এর রাজা থেকে এক পাল হাতি উপহার হিসেবে পেয়েছিলেন। অষ্টম প্রেসিডেন্ট মার্টিনকে ওমানের সুলতান এক জোড়া বাঘ শাবক উপহার দিয়েছিলেন।

এদিকে পোষা প্রাণীগুলো ও অদ্ভুত সময় পার করেছিল হোয়াইট হাউজে। ওয়ারেন হার্ডিঙের পরিবার তাদের কুকুর ল্যাডি বয় এর জন্য জন্মদিনের পার্টি আয়োজন করেছিল। তারা অন্যান্য কুকুরদের দাওয়াত দিয়েছিল এবং সকল কুকুর কে বিস্কুট-কেক পরিবেশন করা হয়েছিল।

এসব রাজকীয় গল্প শুনে নিশ্চয়ই তোমার মাথায় এখন ঘুরছে। ভাবছো, আমেরিকার হোয়াইট হাউজ তো প্রেসিডেন্টের বাসস্থান ছিল কিন্তু এখন তো মনে হচ্ছে সেটি একটি চিড়িয়াখানাও।