ঠোঙ্গা দিয়ে ওয়াশিং মেশিন
‘ম্যাজিক’– শব্দটার মধ্যেই কেমন জানি একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে, তাই না? তোমরা নিশ্চয়ই টেলিভিশনে ম্যাজিক দেখো আর অবাক হয়ে যাও? ভাবো, ‘বাহ! কীভাবে করলো অমন ম্যাজিক?’ কিন্তু তোমরা কি শুধু ম্যাজিক দেখেই যাবে আর অবাক হবে? উহু! আজকে তোমরা নিজেরাই হয়ে যাবে ম্যাজিশিয়ান। নিজেই ম্যাজিক দেখিয়ে অন্যদেরকে একদম অবাক করে দিবে। বিশ্বাস হচ্ছে না? চলো, এক্ষুণি শিখে ফেলি কাগজের ব্যাগের চমৎকার ম্যাজিক।
এই ম্যাজিকের জন্য তোমার যা যা লাগবে:
১) দুইটা কাগজের প্যাকেট; কথ্য ভাষায় যেটিকে ঠোঙ্গা বলা হয়।
২) কয়েকটি টিস্যু, রুমাল বা বিভিন্ন রঙের কার্ড
ম্যাজিকের শুরুতেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো দর্শক কে ফাঁকি দেয়া। তোমাকে অবশ্যই দর্শকদের বুঝাতে হবে যে কাগজের ব্যাগটার ভিতর অন্য কিছু নেই, ওটা একদমই খালি। শুরুতে দর্শকদেরকে ঐটুকু বিশ্বাস করাতে পারলেই দর্শক তোমার ম্যাজিক দেখে খুব অবাক হয়ে যাবে।
দর্শক যা দেখবে:
প্রথমে তুমি একটা প্যাকেটে কিছু রং লাগানো টিস্যু ভরবে এবং মন্ত্র পড়ে ঐ একই প্যাকেটটা ফটাশ করে ফাটাবে। ফাটানোর পরে দেখা যাবে প্যাকেটের ভিতর থেকে একদম নতুন পরিস্কার টিস্যু বের হয়ে আসছে। ভাবছো, আরে আমিই তো জানি না কীভাবে কী হলো, কীভাবে এই ম্যাজিক করবো? ঠিক আছে, খুব সহজ এই ম্যাজিকটা তোমাদের শিখিয়েই দেই।
তুমি যা করবে:
প্রথমে তুমি একটা কাগজের প্যাকেট নাও। এবার আরও একটি কাগজের প্যাকেট নিয়ে উপরের দিক থেকে ৩ আঙ্গুল কেটে ছোট করে ফেলো। এরপরে নতুন পরিস্কার ৩ টি টিস্যু বড় প্যাকেটের ভিতরে ভরে ফেলো। খুব সাবধান! এই কাজগুলো কিন্তু লুকিয়ে লুকিয়ে করতে হবে। দর্শক যেন কিছুতেই না দেখতে পায়। এবার ছোট প্যাকেটটা ঐ বড় প্যাকেটের ভিতর এমনভাবে ঢুকিয়ে ফেলো যেন পরিষ্কার টিস্যুগুলো ছোট প্যাকেট আর বড় প্যাকেটের মাঝামাঝি জায়গাটায় থাকে। এবার দুটি প্যাকেটের মুখটি একইসঙ্গে এমনভাবে ভাজ করে দাও যেন কেউ বুঝতে না পারে যে ওখানে আসলে দুইটি প্যাকেট আছে। দূর থেকে দেখে যেন মনে হয় আসলে ওখানে একটাই প্যাকেট। এইবার দর্শককে দেখিয়ে দেখিয়ে প্যাকেটের ভিতরে রঙ মাখানো তিনটি টিস্যু ভরে ফেলো।
এইটুকু তো গেলো আড়ালের কাজ। এইবার দর্শকদের সামনের কাজ। দর্শকদের ঐ প্যাকেট থেকে একটা একটা করে রঙ মাখানো টিস্যু বের করে দেখাও এবং তিনটি টিস্যুই বের করে নিয়ে এসে দর্শক কে খালি প্যাকেটটি দেখাও।এবার দর্শকদের দেখিয়ে দেখিয়ে ঐ কাগজের প্যাকেটে আবার ঐ রঙ মাখা টিস্যুগুলো একটা একটা করে ঢুকাও। দর্শকদের বলো যে ম্যাজিক করে তুমি সবগুলো অপরিষ্কার রঙ মাখানো টিস্যু কে একদম ধবধবে সাদা নতুন টিস্যু বানিয়ে ফেলবে।
এবার কাগজের প্যাকেটটি ফুলিয়ে হাতের তালু দিয়ে বাড়ি মেরে বোম ফাটানোর মতো করে ফাটাবে। চাইলে আগে একটু মন্ত্র পড়ার ভান করতে পারো। পড়েই হাতের তালু দিয়ে আঘাত করে প্যাকেটটি পটাশ করে ফাটিয়ে ফেলো। এইভাবে ফাটানোর ফলে আসলে বাইরের প্যাকেটটিই ফেটে যাবে। বাইরের আর ভেতরের প্যাকেটের মাঝে যে নতুন টিস্যুগুলো তুমি ম্যাজিকের আগেই রেখে দিয়েছিলে, ঐ ফাটা জায়গা থেকে একটা একটা করে ঐ নতুন টিস্যুগুলো বের করে দেখাও। দর্শকরা হা হয়ে দেখবে দাগ পড়া টিস্যুর বদলে প্যাকেটের ভেতর থেকে নতুন একদম পরিস্কার টিস্যু বেরিয়ে আসছে। আসলে ঐ দাগ পড়া টিস্যুগুলো ঠিকই ছোট প্যাকেটের ভিতরের দিকে রয়ে গেছে। তুমিই কারসাজি করে ছোট আর বড় প্যাকেটের ফাঁকে আগে থেকে রাখা নতুন টিস্যু বের করে দেখিয়ে দর্শকদের অবাক করে দিতে পারবে।
তাহলে শুরু হয়ে যাক ম্যাজিশিয়ানের খেলা। আজ থেকে তুমিও কিন্তু একজন ম্যাজিশিয়ান।
